৮১ বছর বয়সে টেস্ট ক্যাপ পেলেন অ্যালান জোন্স

ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলেছিলেন ঠিক ৫০ বছর আগে। কিন্তু ৮১ বছর বয়সী সাবেক ইংলিশ ব্যাটসম্যান অ্যালান জোন্স টেস্ট ক্রিকেটার হিসেবে স্বীকৃতি পেয়েছেন আজ। ১৯৭০ সালে বিশ্ব একাদশের বিপক্ষে ইংল্যান্ডের হয়ে সিরিজের প্রথম 'টেস্ট' খেলেছিলেন জোন্স। ক্যারিয়ারের প্রথম টেস্টে জোন্সের পারফরম্যান্সও ভালো ছিল না। দুই ইনিংসেই (০, ৫) ছিলেন ব্যর্থ। এরপর আর টেস্ট ক্যারিয়ার দীর্ঘ হয়নি।
তবু টেস্ট ক্রিকেটারের মর্যাদা পাওয়ার কথা ছিল জোন্সের। কিন্তু আইসিসি সিরিজটিকে টেস্ট মর্যাদা দেয়নি। জোন্সের তাই টেস্ট ক্রিকেটার হিসেবে স্বীকৃতিও পাওয়া হয়নি। কিন্তু ইংলিশ ক্রিকেট বোর্ড এখনও সেই সিরিজের ম্যাচ গুলোকে টেস্ট মর্যাদার ম্যাচ হিসেবে গণ্য করে। তাই জোন্সকে অবশেষে টেস্ট ক্রিকেটার হিসেবে স্বীকৃতি দিয়েছে ইসিবি।
আজ অনলাইনে এক অনুষ্ঠানের মাধ্যমে জোন্সকে ইংল্যান্ডের ৬৯৬তম টেস্ট ক্যাপ প্রদান করা হয়। অনুষ্ঠানে ইসিবি প্রধান কলিন গ্রেভস ও ইংল্যান্ড টেস্ট অধিনায়ক জো রুট উপস্থিত ছিলেন। নতুন ক্যাপ মাথায় দিয়ে জোন্স মজা করে বলছিলেন, 'আমি ফিট আছি এখনো। এখন শুরু হেলমেটের অপেক্ষা।'
দেশের হয়ে এক টেস্ট খেলার অভিজ্ঞতা ভাগাভাগি করতে গিয়ে তিনি বলছিলেন, 'দেশকে লর্ডসের মাঠে প্রতিনিধিত্ব করা ছিল বিশেষ স্মৃতি। মনে রাখার মতো স্মৃতি। তবে যখন ম্যাচ গুলোকে টেস্ট মর্যাদা দেওয়া হয়নি, তখন নিজেদের পুরোপুরিভাবে ইংল্যান্ডের ক্রিকেটার মনে হয়নি।'