৮২-তে সোবার্স

সর্বকালের সেরা অলরাউন্ডার তো বটেই, অনেকের চোখে তিনি সর্বকালের সেরা ক্রিকেটারও। কাছের বন্ধু ও একসময়ের সতীর্থরা ডাকেন সবি বলে, বাবা-মায়ের দেওয়া নাম গারফিল্ড সেন্ট অব্রান সোবার্স। তবে ক্রিকেট-বিশ্ব তাঁকে চেনে স্যার গ্যারি সোবার্স নামেই। বারবাডোজে জন্ম নেওয়া কিংবদন্তি এই ওয়েস্ট ইন্ডিয়ান গতকাল ৮১ পেরিয়ে ৮২-তে পা দিয়েছেন। ১৯৫৪ সালে কিংস্টনে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক। প্রথম সেঞ্চুরিটা পান ১৯৫৮ সালে এসে, সেটাও একেবারে ট্রিপল! কিংস্টনেই পাকিস্তানেরবিপক্ষে তাঁর অপরাজিত ৩৬৫ রানের ইনিংসটা ১৯৯৪ পর্যন্ত টিকে ছিল টেস্ট ক্রিকেটের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের রেকর্ড হয়ে। পরে ব্রায়ান লারা, ম্যাথু হেইডেনের হাতবদল হয়ে যেটি এখন আবার লারার কাছে। ক্যারিয়ারে ৯৩ টেস্ট খেলে ৫৭.৭৮ গড়ে ৮০৩২ রান করার পাশাপাশি উইকেট নিয়েছেন ২৩৫টি।
জন্মদিন উপলক্ষে স্যার গ্যারি সোবার্স সম্পর্কে এমন কিছু তথ্য জানানো হলো যা হয়তো অজানা এ প্রজন্মের অনেক ক্রিকেটপ্রেমীর কাছে—
* দুই হাতেই ছয়টি করে আঙুল নিয়ে জন্মেছিলেন সোবার্স। তবে খুব ছোটবেলাতেই ছোট একটা দুর্ঘটনায় এক হাতের অতিরিক্ত একটা আঙুল কেটে ফেলতে হয়। অন্য হাতের অতিরিক্ত আঙুলটিও কেটে ফেলেন কৈশোরে।
* ছয় ভাইবোনের মধ্যে সোবার্স পঞ্চম। মাত্র পাঁচ বছর বয়সেই এক জাহাজ দুর্ঘটনায় বাবাকে হারানোর ফলে খুব কষ্টের মধ্যে শৈশব ও কৈশোর কেটেছে সোবার্সের।
* বাঁহাতি এই ব্যাটসম্যান মিডল অর্ডারে ব্যাট করতেন। একই সঙ্গে মিডিয়াম পেস, বাঁহাতি স্পিন ও চায়নাম্যান বোলিং করতে পারতেন!
* এ গ্রহের প্রথম ক্রিকেটার হিসেবে ৬ বলে টানা ৬টি ছক্কা মারেন সোবার্স। ১৯৬৮ সালে গ্ল্যামারগনের বিপক্ষে যখন এই কীর্তি গড়েন, তখন তিনি নটিংহ্যামশায়ারের অধিনায়ক।
* ১৯৬৭-৬৮ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের ভারত সফরের সময় ভারতীয় অভিনেত্রী অঞ্জু মহেন্দ্রর সঙ্গে পরিচয়। দুজনের বাগদানও হয়েছিল। পরে অবশ্য ভেঙে যায় এই সম্পর্ক। সোবার্স পরে বিয়ে করেন একজন অস্ট্রেলিয়ানকে। ইএসপিএন-ক্রিকইনফো।