৮৩ ম্যাচে এই প্রথম এমন অভিজ্ঞতা হলো সাকিবের
ক্রিকেটে ব্যাখ্যাতীত কত কিছুই তো হয়। জিম্বাবুয়ে সফরে মোহাম্মদ সাইফউদ্দিন ব্যাট করার সময় ভোজবাজির মতো স্টাম্পের বেল পড়ে যাওয়ার ঘটনাই ভেবে দেখুন।কোনো ব্যাখ্যা আছে? তেমনি আজ সাকিব আল হাসান ব্যাট করার সময়ও মজার এক ঘটনা ঘটেছে।
সাকিব তখন ব্যাট করছিলেন। টিভি স্ক্রিনে একটি পরিসংখ্যান ভেসে উঠল। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে এলবিডব্লু আউট না হয়ে টানা কত ইনিংস ব্যাট করেছেন কে? সাকিবের নাম ছিল তালিকার দুইয়ে। কী আশ্চর্য, এর কিছুক্ষণ পরই সাকিব ফিরলেন এলবিডব্লু হয়ে!
ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে টানা ৮৫ ইনিংস এলবিডব্লু হননি। সাকিব এই তালিকার দুইয়ে। অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ সাকিব নেমেছিলেন বাংলাদেশের জার্সিতে ৮৪তম টি-টোয়েন্টিতে তাঁর ৮৩তম ইনিংসে ব্যাট করতে।
অর্থাৎ এর আগে টানা ৮২টি ইনিংসে সাকিব এলবিডব্লু হননি। আজ ২০ বলে ১১ রান করে অস্ট্রেলিয়ার লেগ স্পিনার অ্যাডাম জাম্পার বলে এলবিডব্লু হন সাকিব।
পরিসংখ্যান জানাচ্ছে, আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে তিনি এই প্রথম এলবিডব্লু হলেন!
দেশের হয়ে টি–টোয়েন্টিতে ৮৩ ইনিংসের মধ্যে সাকিব সর্বোচ্চ ৫১ বার ক্যাচ আউট হয়েছেন। বোল্ড আউট হয়েছেন ১৭ বার। ৪ বার হয়েছেন রান আউট। আজ হলেন প্রথমবার এলবিডব্লু। নট আউট ছিলেন ১০ বার।
আগের ম্যাচের মতো আজও ব্যাটিংয়ে স্বচ্ছন্দ ছিলেন না সাকিব। রান তুলতে পারছিলেন না। জাম্পার স্টাম্পে থাকা বল লেগে খেলতে গিয়ে এলবিডব্লু হন তিনি।
আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে শ্রীলঙ্কার কিংবদন্তি কুমার সাঙ্গাকারা টানা ৫৩ ম্যাচে এলবিডব্লু হননি। টানা ৩৮ ম্যাচে এভাবে আউট না হয়ে সাঙ্গাকারার পরই চারে রয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার অ্যালবি মরকেল।