৮৩৬ দিন পর গোলের রাস্তা খুঁজে পেলেন তিনি

দীর্ঘ বিরতির পর অবশেষে গোলের রাস্তা খুঁজে পেলেন হেমন্তফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোল করেছেন হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস। একসময় সম্ভাবনাময় তারকা হিসেবে বিবেচিত এই মিডফিল্ডার অবশেষে খুঁজে পেলেন গোলের রাস্তা।

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে হেমন্ত আজ গোল করেছেন ২ বছর ৩ মাস পর। আরও সুনির্দিষ্ট করে বললে ৮৩৬ দিন পর এই মিডফিল্ডারের পায়ে গোল। এবারের লিগে এটিই তাঁর প্রথম গোল। সর্বশেষ গোলটি করেন ২০২০ সালে ৭ মার্চ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের বিপক্ষে। সেই ম্যাচে মুক্তিযোদ্ধাকে ২-০ গোলে হারায় শেখ রাসেল।

আজ বসুন্ধরা কিংস অ্যারেনায় হেমন্তর দল শেখ রাসেল ক্রীড়া চক্র ৩–১ গোলে হারিয়েছে শিরোপা দৌড়ে থাকা শেখ জামাল ধানমন্ডিকে। রাসেলের অন্য দুটি গোল চার্লস দিদিয়ের ও মান্নাফ রাব্বির। জামালের হয়ে ব্যবধান কমান ভালিজনভ ওতাবেক।

এবারের প্রিমিয়ার লিগের প্রথম পর্বে শেখ জামালের কাছে ১–০ গোলে হেরেছিল শেখ রাসেল। জুলফিকার মাহমুদ ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব নেওয়ার পর ৮ ম্যাচে এটি শেখ রাসেলের তৃতীয় জয় আর জোসেফ আফুসির অধীনে ৫ ম্যাচে জামালের দ্বিতীয় হার।

তবে শেখ জামাল আজ হারতে পারত আরও বড় ব্যবধানে। শেখ রাসেলের তরুণ ফরোয়ার্ড মোহাম্মদ জুয়েল জামালের গোলকিপার সামিউল ইসলামকে কয়েকবার একা পেয়েও গোল করতে ব্যর্থ হয়েছেন। জামালের জন্য দুর্ভাগ্য ছিল সাইড পোস্ট। অধিনায়ক সলোমন কিংয়ের দুটি শট সাইড পোস্টে লেগে ফিরে আসে। ২৪ মিনিটে হেমন্তর গোলে এগিয়ে যায় শেখ রাসেল। ইসমাহিল আকিন্দার কাটব্যাকে বক্সের ভেতর থেকে ডান পায়ের শটে গোলটি করেন হেমন্ত।

শেখ রাসেল জিতেছে
ছবি: বাফুফে

জুলফিকার দায়িত্ব নেওয়ার পর ৪-১-৪-১ ছকে আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে খেলানো হচ্ছে হেমন্তকে। তাতে ভালো খেলছেন তিনি। গত বেশ কয়েক ম্যাচ ধরে ভালো খেলার পুরস্কার হিসেবে প্রায় চার বছর জাতীয় দলে ডাক পেয়েছিলেন একসময়ের প্রতিভাবান এই মিডফিল্ডার। কিন্তু চোটের কারণে জাতীয় দলের ক্যাম্প ছাড়তে হয় তাঁকে। চোট থেকে ফিরেই করলেন গোল।

অবশেষে গোলখরা কাটাতে পারার রহস্যটা বললেন আজ ম্যাচের পর, ‘আগে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলানো হলেও বর্তমানে আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে খেলানো হচ্ছে আমাকে। এতে গোল এরিয়ায় থাকার সুযোগ হয়। সেই সুযোগটাই আজ কাজে লাগিয়েছি।’

তবে ৪২ মিনিটে দুর্দান্ত এক গোল করে হেমন্তর গোলের হাসি মিলিয়ে দিয়েছিলেন শেখ জামালের ভালিজনভ ওতাবেক। সলোমন কিংয়ের বাতাসে বাড়ানো থ্রু বল নিয়ন্ত্রণে নিয়ে কোনাকুনি বক্সে ঢুকে দুরূহ কোণ থেকে ডান পায়ে প্লেসিংয়ে গোলটি করেন উজবেক মিডফিল্ডার। বাঁ দিকে ঝাঁপিয়েও বলের নাগাল পাননি না শেখ রাসেলের গোলকিপার আশরাফুল ইসলাম। লিগে এটি ওতাবেকের তৃতীয় গোল। ৪ মিনিট পর হেমন্তর ক্রস থেকে চার্লস দিদিয়েরের সাধারণ একটা শট শেখ জামাল গোলকিপার সামিউলের হাত ফসকে জালে।

২–১ গোলে এগিয়ে থাকা অবস্থায় দলীয় ডিফেন্ডিং যেন ভালো হয়, সে জন্য ৬৬ মিনিটে দুই বিদেশি ফরোয়ার্ড উঠিয়ে স্থানীয় দুই ফরোয়ার্ড মান্নাফ রাব্বি ও দিপক রয়কে বদলি হিসেবে নামান শেখ রাসেল কোচ। সে কাজটি ভালোই করেছেন দুজন। ৮৭ মিনিটে ৩–১ করেন মান্নাফ রাব্বি। তাঁর বক্সের বাইরে থেকে নেওয়া শট জামাল ডিফেন্ডার রায়হানের পা ছুঁয়ে জালে চলে যায়।

এই জয়ে ১৬ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে শেখ রাসেল। সমান ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে শেখ জামাল।