৮৫ ওভার পর বাংলাদেশের উইকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বোলিংয়ে ছন্দে ফিরেছেন সাকিব আল হাসান। ছবি : এফপি
বোলিংয়ে ছন্দে ফিরেছেন সাকিব আল হাসান। ছবি : এফপি

গতকাল তামিম ইকবালের সংবাদ সম্মেলনে বেশি প্রশ্ন হলো বাংলাদেশের বোলিং নিয়েই। বাংলাদেশের বোলারদের এমনই বিবর্ণ পারফরম্যান্স, সেটি নিয়ে নানা ব্যাখ্যা দিতে হলো দলের অন্যতম সেরা ব্যাটসম্যানকে। তামিমকে বলতে হলো সাকিব আল হাসানের বোলিং নিয়েও। বাংলাদেশ যেমন ওয়ানডেতে দীর্ঘদিন উইকেটশূন্য, সাকিবও তা-ই!

পার্লের আজকের ম্যাচের আগে বাংলাদেশ ওয়ানডেতে সর্বশেষ উইকেট পেয়েছে গত ১৫ জুন চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে; ১৪.৪ ওভারে শিখর ধাওয়ানের উইকেটটি তুলে নিয়েছিলে মাশরাফি বিন মুর্তজা। মাঝে তিন মাস অবশ্য বাংলাদেশ কোনো ওয়ানডে খেলেনি। গত রোববার কিম্বার্লিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৪২.৫ ওভার বোলিং করে কোনো উইকেট নিতে পারেননি বাংলাদেশের কোনো বোলার। আজও প্রথম ১৭.৩ ওভার কোনো সাফল্য ছিল না মাশরাফি-সাকিব-তাসকিনদের। উইকেটের খরা কাটাতে সব মিলিয়ে বাংলাদেশ নিল ৮৫.৩ ওভার!
ওয়ানডেতে উইকেটের জন্য সাকিবের অপেক্ষাটাও কম সময়ের নয়। গত মে মাসে ডাবলিনে নিউজিল্যান্ডের বিপক্ষে যে ম্যাচটা বাংলাদেশ জিতেছিল, সেটিতে ৪২.৪ ওভারে মিচেল স্যান্টনারের উইকেটটি নেওয়ার পরই তাঁর অপেক্ষার শুরু। চ্যাম্পিয়নস ট্রফিতে পাঁচ ম্যাচের যে চারটিতে বোলিংয়ের সুযোগ পেয়েছেন; উইকেট পাননি। উইকেট পাননি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতেও। ৪ ম্যাচ আর ৪০.২ ওভার পর অবশেষে আজ উইকেটের দেখা পেয়েছেন সাকিব। পরের উইকেটটি পেতে অবশ্য অপেক্ষা করতে হয়েছে মাত্র ৪ বল। ৪ বলের মধ্যে কুইন্টন ডি কক ও ফাফ ডু প্লেসিকে ফিরিয়ে বাংলাদেশকে আনন্দের উপলক্ষই এনে দিয়েছিলেন সাকিবই। এরপর আবারও ১৮ ওভারের খরা। ৮৫ রান করা হাশিম আমলাকে আউট করেছেন রুবেল হোসেন।