৮৫ রান করেও দর্শকই থেকে গেলেন বাবর

৮৫ রান করেও দলকে জেতাতে পারেননি বাবর আজম।ছবি: টুইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্য ১৭৭ রানের। জবাব দিতে নেমে দলকে ১৪ রানে রেখেই চতুর্থ ওভারে রানআউট শারজিল খান (৬ বলে ৪)। মার্টিন গাপটিলও (১১ রান) বেশিক্ষণ টেকেননি, দশম ওভারের দ্বিতীয় বলে আউট হয়েছেন দলকে ৫৭ রানে রেখে।

এসেই ঝড় তোলার আভাস দেখালেও ৬ বলে ১ ছক্কায় ১১ রানের বেশি যেতে পারেননি নজিবুল্লাহ জাদরানও। দ্বাদশ ওভারের তৃতীয় বলে আউট হয়েছেন দলকে ৭৭ রানে রেখে।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আজ মুলতান সুলতানসের বিপক্ষে করাচি কিংসকে জেতানোর সব ভার যেন তাই এসে পড়ে বাবর আজমের ওপর। কিন্তু দারুণ লড়েও দলকে জেতাতে পারলেন না সময়ের ক্রিকেটে অন্যতম সেরা পাকিস্তানি ব্যাটসম্যান। শেষ পর্যন্ত করাচি কিংস অধিনায়ক ৬৩ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৮৫ রান করে অপরাজিত ছিলেন। কিন্তু মুলতানের ১৭৭ রানের জবাবে করাচি কিংস শেষ পর্যন্ত থামে ৭ উইকেটে ১৬৪ রানে।

পিএসএলে আজ করাচি কিংসের বিপক্ষে ম্যাচসেরা হয়েছেন মুলতান সুলতানসের রাইলি রুশো।
ছবি: টুইটার

করোনাকে পাশ কাটিয়ে সংযুক্ত আরব আমিরাতে গতকাল আবার শুরু হয়েছে পিএসএল। লাহোর কালান্দার্স কাল ৫ উইকেটে হারিয়েছে ইসলামাবাদ ইউনাইটেডকে। আজ দিনের একমাত্র ম্যাচে হেরেছে করাচি। এই হারের পরও অবশ্য ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুই নম্বরে আছে বাবর আজমের করাচি। পাঁচ নম্বরে থাকা মুলতানের পয়েন্ট ৬ ম্যাচে ৪।

শেষ দিকে দারুণ লড়লেও আজ করাচির হার অবশ্য ইনিংসের মাঝপথেই যেন নিয়তি হয়ে গিয়েছিল। ১২তম ওভার শেষেও ওভারপ্রতি সাড়ে ১২ রান করে দরকার ছিল করাচির। তখনো বাবর টি-টোয়েন্টি গতির ব্যাটিং শুরু করেননি, তখন পর্যন্ত তাঁর রান ছিল ৪১ বলে ৪৫।

কিন্তু ১২তম ওভারে জাদরান আউট হওয়ার পর চ্যাডউইক ওয়ালটন নামার পর খেলায় নাটকীয়তা আসে। বাবর ও ওয়ালটন যেন সিদ্ধান্ত নিয়েছিলেন, চার-ছক্কা এলে ভালো, না হলে অন্তত বলে বলে সিঙ্গেল-ডাবল ঠিকই নেবেন তাঁরা।

করাচি কিংসের বিপক্ষে ৩ উইকেট নিয়েছেন মুলতানের বোলার ইমরান খান।
ছবি: টুইটার

তার ফল? মাঝে ১৩তম ওভার বাদ দিলে প্রতি ওভারেই ১০-এর বেশি রান নিয়েছেন বাবর-ওয়ালটন। ১৪তম ওভার ছাড়া প্রতি ওভারেই অন্তত একটি করে চার বা ছক্কা ছিল। এর মধ্যে ১৮তম ওভারে তিনটি চার মেরেছেন ওয়ালটন। ১৯তম ওভারের প্রথম দুই বলেই একটি চার ও ছক্কা মেরেছিলেন বাবর।

কিন্তু ১৯তম ওভারের শেষ বলে ওয়ালটন রানআউট হয়ে যেতেই শেষ করাচির লড়াই। ২৩ বলে ৪টি চার ও ১ ছক্কায় ৩৫ রান করেন ওয়ালটন। এরপর বাবরকে অন্য প্রান্তে রেখেই ১৯তম ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে আউট থিসারা পেরেরা ও ইমাদ ওয়াসিম। ৩ বলে তখন দরকার ২৩ রান। বাবর তখনো অন্য প্রান্তে। ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে কাশিম আকরাম একটা চার ও একটা ছক্কায় হারের ব্যবধানটাই যা কমিয়েছেন।

এর আগে টস জিতে মুলতান সুলতানসকে ব্যাটিংয়ে পাঠান বাবর আজম। শুরুতেই সাফল্য! প্রথম ওভারের শেষ বলে ইমাদ ওয়াসিমের বলে স্টাম্পড হয়ে গেলেন মুলতানের আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ (৩), দলের রান তখন ৪।

কিন্তু তিনে নেমে শোয়েব মাকসুদ তোলেন ঝড়। করাচি দলে থাকা আরেক মাকসুদ—ওয়াকাস মাকসুদের বলে আউট হওয়ার আগে ১৪ বলে ৫ চার ও ১ ছক্কায় ৩১ রান করেন শোয়েব মাকসুদ। চতুর্থ ওভারের শেষ বলে তিনি যখন আউট হচ্ছেন, মুলতানের রান ২ উইকেটে ৪০। অর্থাৎ দ্বিতীয় উইকেটে ৩৬ রানের জুটিতে ৩১ রানই শোয়েব মাকসুদের!

অন্য প্রান্তে মুলতান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান তখনো ছিলেন। তৃতীয় উইকেটে তাঁর সঙ্গে যোগ দেন দক্ষিণ আফ্রিকান রাইলি রুশো। রিজওয়ান আজ যেন ‘দর্শক’ থাকবেন বলেই ঠিক করেছিলেন। দ্বিতীয় উইকেটে মাকসুদ এসে ঝড় তুলে তাঁর আগে ফিরে গেলেন, তৃতীয় উইকেটে একই কাজ করে গেলেন রাইলি রুশো। ২৪ বলে ৭ চারে ৪৪ রান করেন রুশো, আউট হওয়ার আগে তৃতীয় উইকেটে রিজওয়ানের সঙ্গে ৩৯ বলে গড়েন ৬৮ রানের জুটি।

তবে ১১তম ওভারের তৃতীয় বলে রুশো ফেরার পর আর ক্রিজে টিকে থাকতে পারেননি রিজওয়ান। দুই বলেই আউট হয়ে যান দলকে ১০৯ রানে রেখে, তাঁর নিজের রান তখন ২৩ বলে ২ চার ও ১ ছক্কায় ২৯।

সেখান থেকে মুলতানের রান যে ১৭৬ পর্যন্ত গেছে, সে কৃতিত্ব খুশদিল শাহ-এর। ছয়ে নেমে ৩২ বলে ৪৪ রান করে অপরাজিত ছিলেন তিনি, ইনিংসে চার মেরেছেন তিনটি, ছক্কা দুটি।

শেষ পর্যন্ত তাঁর ইনিংসটাই যেন খুশি করে দিল মুলতানকে।