৮৬ রানে এগিয়ে দক্ষিণ আফ্রিকা

অস্ট্রেলিয়াকে ৮৫ রানে গুটিয়ে দেওয়ার পর বিপর্যয় শুরু হয়েছিল দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়েও। প্রথম ইনিংসে ৪৬ রানেই প্রোটিয়ারা হারিয়ে ফেলেছিল ৩ উইকেট। কিন্তু এই ধাক্কা সামলে নিয়েই হোবার্ট টেস্টের প্রথম দিনটি পার করছে দক্ষিণ আফ্রিকা। কুইন্টন ডি কক ও টেম্বা বাভুমার ব্যাটিং দৃঢ়তায় ৫ উইকেটে ১৭১ রান নিয়ে দিন শেষে দক্ষিণ আফ্রিকা। লিড ৮৬ রানের।
স্কোরবোর্ডে ৪৬/৩ হওয়ার আগে একটা সময় দক্ষিণ আফ্রিকা ছিল ৪৩/০। সফরকারীদের এই ধাক্কা দিয়েছেন মিচেল স্টার্ক। উদ্বোধনী জুটি ছিন্ন করেছেন স্টুয়ার্ট কুককে কট বিহাইন্ড করে। এরপর ডিন এলগারকে করেছেন এলবিডব্লিউ। জেপি ডুমিনিও স্টার্কের বলে স্টিভ স্মিথের হাতে ক্যাচ দিলে বিপর্যয়েই পড়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। হাশিম আমলার সঙ্গে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন অধিনায়ক ফাফ ডু প্লেসি। কিন্তু জস হ্যাজেলউড তাঁকে উইকেটে বেশিক্ষণ থাকতে দেননি। একাই লড়ছিলেন আমলা। ৪৭ রান করলেও দিন শেষের আগেই আউট হয়ে গেছেন হ্যাজেলউডের বলে। ১৩২ রানে ৫ উইকেট হারিয়ে ফেলা প্রোটিয়াদের ত্রাণকর্তা শেষ পর্যন্ত ডি কক ও টেম্বা বাভুমা। দিন শেষে বাভুমা অপরাজিত ৩৮ রানে। ডি কক ২৮ রানে।
এদিকে সকালে টসে হেরে ব্যাট করতে নেমে ৮৫ রানেই অলআউট অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে এটি অস্ট্রেলিয়ার সর্বনিম্ন সংগ্রহ। ঘরের মাঠে গত ৩২ বছরে এটিই সবচেয়ে কম রান অস্ট্রেলিয়ার। তারা ব্যাট করতে পেরেছে মাত্র ৩২.৫ ওভার।
তাও যে অস্ট্রেলিয়া ৮৫ করতে পেরেছে, সেটি স্টিভ স্মিথের ৪৮ রানের সুবাদেই। দ্বিতীয় সর্বোচ্চ রান জো মেনির—১০!
অস্ট্রেলিয়ার ইনিংস গুঁড়িয়ে দিয়েছেন ভারনন ফিল্যান্ডার। মাত্র ২১ রানে ৫ উইকেট নিয়েছেন। কাইল অ্যাবট ২ উইকেট নিয়েছেন ৪১ রানে। সূত্র: রয়টার্স।