৮৬ রানেই নেই অস্ট্রেলিয়ার ১০ উইকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাবাদার বলে আউট ভোজেস, দক্ষিণ আফ্রিকার আরও একবার উদযাপনের উপলক্ষ। ছবি: এএফপি।
রাবাদার বলে আউট ভোজেস, দক্ষিণ আফ্রিকার আরও একবার উদযাপনের উপলক্ষ। ছবি: এএফপি।

কোনো উইকেট না হারিয়েই অস্ট্রেলিয়া করে ফেলেছে ১৫৮। সেঞ্চুরি থেকে মাত্র তিন রান দূরে ডেভিড ওয়ার্নার, ফিফটি পেয়ে গেছেন শন মার্শও। দক্ষিণ আফ্রিকার ২৪২ রান তখন মনে হচ্ছিল একেবারেই হাঁটা পথ। কে জানত, পার্থ টেস্টের দ্বিতীয় দিনে সেই পথ পেরোতেই অস্ট্রেলিয়াকে একের পর এক হোঁচট খেতে হবে। ১৫৮ রানে ফিরে গেলেন ওয়ার্নার, শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া অলআউট ২৪৪ রানে! দিন শেষে দক্ষিণ আফ্রিকা ২ উইকেট হারিয়ে তুলে ফেলেছে ১০৪ রান।
অথচ ডেল স্টেইনকে ছাড়াই অস্ট্রেলিয়ার শেষ ৯ উইকেট তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। দিনের প্রথম আঘাতটা অবশ্য দিয়েছিলেন স্টেইনই। দুর্দান্ত খেলতে থাকা ওয়ার্নারের সেঞ্চুরিটা যখন মনে হচ্ছিল সময়ের ব্যাপার, ৯৭ রানে তাঁকে ফিরিয়ে দিলেন স্টেইন। কিন্তু এর পর করতে পারলেন মাত্র আটটি বল। কাঁধের পেশিতে টান খেয়ে মাঠ ছেড়েছেন দক্ষিণ আফ্রিকান পেসার। পরে জানা গেছে, এই সিরিজে আর খেলতে পারবেন না স্টেইন।
দক্ষিণ আফ্রিকার জন্য যেটি বড় আঘাত হওয়ার কথা ছিল, সেটি যেন উল্টো প্রেরণাই হয়ে এলে। ভারনন ফিল্যান্ডার, কাগিসো রাবাদা ও অভিষিক্ত কেশব মহারাজের বলে এরপর একের পর এক উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। রাবাদার দুর্দান্ত এক ডেলিভারিতে ছত্রখান হয়ে গেছে খাজার স্টাম্প, কেশবের প্রথম টেস্ট উইকেটের শিকার অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথ। শন মার্শও ৬৩ রান করে ফিল্যান্ডারের বলে হয়ে গেছেন এলবিডব্লু। দুই ওপেনার ওয়ার্নার-মার্শের পর অ্যাডাম ভোজেস (২৮), পিটার নেভিল (২৩) ও পিটার সিডলই (১৮*) দুই অঙ্ক ছুঁতে পেরেছেন। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে মাত্র ২ রানের লিড নিতে পেরেছে। ফিল্যান্ডার ৫৬ রান দিয়ে পেয়েছেন ৪ উইকেট, মহারাজও ওই ৫৬ রানেই পেয়েছেন তিনটি। ৭৮ রান দিয়ে রাবাদা পেয়েছেন দুই উইকেট।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১২ রানে আউট হয়ে গেছেন দক্ষিণ আফ্রিকার স্টিভেন কুক। হাশিম আমলাও ১ রানে ফিরে যাওয়ার পর মনে হচ্ছিল, অস্ট্রেলিয়া আবার পাল্টা আঘাত হানবে। কিন্তু দিনটা ভালোয় ভালোয় পার করে দিয়েছেন ডিন এলগার ও জেপি ডুমিনি। এলগার অপরাজিত ৪৬ রানে, ডুমিনির রান ছিল ৩৪।