৮৬৫ ম্যাচের অভিজ্ঞতায় ২৯ রান

ব্যাটিংয়ে ভালো করতে পারেননি তামিম ও সাকিবছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিততে হলে করতে হবে ২১৬। এই লক্ষ্যে শুরুটা হওয়া উচিত কেমন?

ইনিংসটা যেহেতু ৩০০ বলের, ওভারপ্রতি তুলতে হবে ৪.৩২ রান করে। অর্থাৎ, একটু সময় নিয়ে উইকেটে থিতু হওয়াই যায়। এই লক্ষ্য তাড়া করে জিততে স্বাভাবিক ব্যাটিং–টাই যথেষ্ট। কিন্তু বাংলাদেশ কি সেভাবে জিততে পেরেছে?

সিরিজের প্রথম ম্যাচে আজ বাংলাদেশ জিতেছে সাত ও আটে নামা দুই তরুণের ব্যাটে ভর করে। অথচ,বাংলাদেশ দলে এমন চারজন অভিজ্ঞ ক্রিকেটার আছেন, যাদের সম্মিলিত ওয়ানডে ম্যাচসংখ্যা অন্য যেকোনো দলের জন্য ঈর্ষণীয়।

বর্তমানে অন্য কোনো দলে কি একসঙ্গে এমন চার অভিজ্ঞ ক্রিকেটার দেখা যায়—সে প্রশ্ন উঠতে পারে। বলা হচ্ছে, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহর কথা।

চারজনের সম্মিলিত ওয়ানডে ম্যাচসংখ্যা আফগানিস্তানের এই দলে খেলা সবার ম্যাচসংখ্যার চেয়ে বেশি। কত বেশি? তামিম, সাকিব, মুশফিক ও মাহমুদউল্লাহ মিলে খেলেছেন (এই ম্যাচসহ) মোট ৮৬৫ ম্যাচ। ওদিকে আফগানিস্তান দলের সবাই মিলে খেলেছেন ৫৪১ ম্যাচ। পার্থক্যটা ৩২৪ ম্যাচের!

মুশফিকও ব্যাটে রান পাননি
ছবি: প্রথম আলো

কিন্তু ম্যাচে বাংলাদেশের রান তাড়ায় কি এই ‘চতুষ্টয়’ অভিজ্ঞতার পার্থক্যের ছাপ রাখতে পারলেন? একেবারে যে পারেননি তা নয়। ২১৫ রান তাড়ায় বাংলাদেশের জয়ের সুবাস পাওয়ায় তাঁদের সম্মিলিত অবদান ২৯। খটকা লাগলেও এ নিয়ে পড়ে থাকার কিছু নেই। ক্রিকেট অনিশ্চয়তার খেলা, বাজে দিন যেতেই পারে। তবে এ কথাও সত্য, আজ অন্তত বাংলাদেশের এই চার অভিজ্ঞ ক্রিকেটার রান তাড়ায় প্রত্যাশা মেটাতে পারেননি।

২২০ ম্যাচ খেলার অভিজ্ঞতালব্ধ তামিম ৮ বলে ৮ রান করে আউট হন। ফজলেহক ফারুকির পাতা ফাঁদে পা দিয়ে ওয়ানডেতে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ১৮বার এলবিডব্লু হন তামিম। ২২৮ ম্যাচ খেলায় অভিজ্ঞতাপুষ্ট মুশফিকও ৩ রান করে একইভাবে আউট হন।

আউট হয়ে ফিরছেন মাহমুদউল্লাহ। ব্যাটে রান পাননি
ছবি: প্রথম আলো

ফারুকির ভেতরে ঢোকানো বল খেলতে পারেননি দুজন। ২১৬ ম্যাচ খেলা সাকিব ১০ রান করে স্টাম্পে বল টেনে আনেন। আর মাহমুদউল্লাহ? ২০১ ম্যাচ খেলে ফেললেও লেগ স্পিনে চিরায়ত দুর্বলতাটুকু কাটিয়ে উঠতে পারেননি। ৮ রান করে রশিদ খানের বলে ক্যাচ দেন।

পরের ম্যাচে এই চার অভিজ্ঞ ক্রিকেটারের ব্যাট থেকে রানটা পাওনা রইল।