উমেশ যাদবের বাউন্সারটা ম্যাথু রেনশর মাথার বেশ ওপর দিয়েই গিয়েছিল। কিন্তু বলটা যে আসলে তাঁকে কতটা কাঁপিয়ে দিয়েছে, সেটা বোঝা গেল পরের বলেই। অফ স্টাম্পের বাইরের বলটায় রেনশর ওই খোঁচা দেওয়াতেই আঁচ পাওয়া গিয়েছিল, ধর্মশালার তৃতীয় দিনটা হতে যাচ্ছে ভারতের। দিনের খেলা শেষ হওয়ার আগে জানা গেল, টেস্টটাই হয়ে যাচ্ছে স্বাগতিক দলের। ম্যাচ আর সিরিজ জিততে আজ আর মাত্র ৮৭ রান করলেই চলবে ভারতের। হাতে আছে ১০ উইকেটই।
রেনশ যখন খোঁচা মেরে আউট হয়েছেন, তখনো ভারতের প্রথম ইনিংসের চেয়ে ১ রান পিছিয়ে অস্ট্রেলিয়া। এর আগেই ফিরেছেন সিরিজে ব্যর্থতার ‘ফর্ম’ ধরে রাখা ডেভিড ওয়ার্নার (৬) ও সিরিজে পাঁচ শ রান থেকে ১ রান দূরে থাকা স্টিভ স্মিথ। ওয়ার্নার আউট হয়েছেন উমেশের দারুণ এক বলে। তবে স্মিথকে ফেরাতে ভুবনেশ্বর কুমারকে খুব বেশি কিছু করতে হয়নি। আগের দুটি বলে চার মারার পর অস্ট্রেলিয়ান অধিনায়ক কুমারের ওই বলটিকে টেনে এনেছেন স্টাম্পে।
একই সঙ্গে টেনে এনেছেন দলের বিপদটাও। দলের স্কোরে কোনো পরিবর্তন হওয়ার আগেই রেনশ ফিরেছেন পরের ওভারেই। প্রথম ইনিংসে ভারত ৩২ রানের লিড নিয়েছে আর ৩১ রানে পড়ে গেছে অস্ট্রেলিয়ার ৩ উইকেট। ধারাভাষ্যকক্ষে তখন আলোচনা, আজ (কাল) অলৌকিক কিছু করে দেখাতে হবে সফরকারীদের। রাঁচি টেস্ট ড্র করিয়ে ফেলা পিটার হ্যান্ডসকম্ব তো উইকেটে ছিলেনই! গ্লেন ম্যাক্সওয়েলকে সঙ্গী করে কিছুক্ষণ চেষ্টা করেছিলেনও। কিন্তু চা-বিরতির আগেই ফিরেছেন হ্যান্ডসকম্ব। একটু পরেই নেই রাঁচি টেস্টের শেষ দিনের অন্য নায়ক শন মার্শ।
বিরতির পরও ভাগ্য বদলায়নি অস্ট্রেলিয়ার। সেশন শুরু হতে না হতেই রবিচন্দ্রন অশ্বিনের অফ স্পিনে এলবিডব্লু গ্লেন ম্যাক্সওয়েল। অশ্বিন ও রবীন্দ্র জাদেজার উইকেট উৎসবে ৩১ রানে পড়েছে শেষ ৫ উইকেট। ১৩৭ রানে অলআউট অস্ট্রেলিয়া, লিড মাত্র ১০৫ রানের। এমন রোমাঞ্চকর একটা সিরিজের নির্ধারণী টেস্টে ভারতের জয়ের জন্য প্রয়োজন কিনা মাত্র ১০৬ রান!
অশ্বিনের চোখে দুই পেসারের প্রথম স্পেলেই ম্যাচটা হেলে পড়েছে ভারতের দিকে, ‘দুর্দান্ত স্পেল ছিল উমেশ আর ভুবির। তবে আজকের সকালটাও ছিল বিশেষ কিছু। সাহা আর জাড্ডু (জাদেজা) অসাধারণ খেলেছে।’ আরও একবার সপ্তম উইকেট জুটি বাঁচিয়ে দিয়েছে ভারতকে। জাদেজা ও ঋদ্ধিমান সাহার ৯৬ রানের জুটিতেই প্রথম ইনিংসে লিড পেয়েছে ভারত।
ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই তিন চারে লোকেশ রাহুল বুঝিয়ে দিয়েছেন ম্যাচের সম্ভাব্য পরিণতি। ৬ ওভার শেষে ১৯ রান তুলে অবিচ্ছিন্ন আছেন রাহুল-মুরালি বিজয়। ক্রিকইনফো।