৮৭০ রানের ম্যাচ!
২০০৬ সালের অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার মহাকাব্যিক ম্যাচটির কথা মনে আছে? সীমিত ওভারের ক্রিকেটে ব্যাটিংয়ের পরিসীমা বদলে দেওয়ার জন্য চিরকাল স্মরণীয় হয়ে থাকবে ম্যাচটি। স্মরণীয় হয়ে আছে রেকর্ডের বইতেও, দুই দল মিলে সেদিন করেছিল ওয়ানডেতে রেকর্ড ৮৭২ রান।
তবে সেই রেকর্ডটিই পরশু অল্পের জন্য ভেঙে যেতে বসেছিল। অল্প বলতে মাত্র দুটি রান। ইংল্যান্ডের রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে নটিংহামশায়ার-নর্দাম্পটনশায়ারের ম্যাচে কাল দুই দলের ইনিংস মিলিয়ে উঠল ৮৭০ রান!
টস জিতে লাম্ব ও ওয়েসেলসের সেঞ্চুরিতে নটিংহামশায়ার করেছিল ৪৪৫ রান। জবাবে নর্দাম্পটনশায়ার অলআউট হয়ে গেছে ৪২৫ রানে।
৮৭০ রান অবশ্য ইংল্যান্ডে লিস্ট ‘এ’-তে এক ম্যাচে সর্বোচ্চ। লাম্ব-ওয়েসেলসের ৩৪২ রানও ইংল্যান্ডে যেকোনো জুটিতে সর্বোচ্চ। মাইকেল লাম্বও একটা রেকর্ড করেছেন, তাঁর ১৮৪ কাউন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত রান। ক্রিকইনফো।