৯ বছর পর দেশের বাইরে হারল প্রোটিয়ারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অশ্বিনের বলেই সিরিজ হার নিশ্চিত হলো দক্ষিণ আফ্রিকার। ছবি: রয়টার্স
অশ্বিনের বলেই সিরিজ হার নিশ্চিত হলো দক্ষিণ আফ্রিকার। ছবি: রয়টার্স

নাগপুরে কোনো রূপকথার জন্ম হয়নি। ভাগ্যদেবীও সাহায্যের হাত বাড়িয়ে দেননি দক্ষিণ আফ্রিকা দলের দিকে। রবিচন্দ্রন অশ্বিনের স্পিন বিষে নীল হয়ে সিরিজ হারই মেনে নিতে হয়েছে তাদের। সাত প্রোটিয়া ব্যাটসম্যানকে আউট করেছেন এই অফ স্পিনার। আর তাঁর বোলিংয়ের কল্যাণেই দক্ষিণ আফ্রিকাকে ১২৪ রানে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করল ভারত। ৯ বছর পর দেশের বাইরে এই প্রথম কোনো সিরিজ হারল প্রোটিয়ারা।

ব্যাটসম্যানদের বধ্যভূমিতে পরিণত হয়েছিল নাগপুরের পিচ। প্রথম দিন থেকেই ছড়ি ঘুরিয়েছেন স্পিনাররা। প্রথম দুই দিনেই ৩২ উইকেটের পতন হয়েছে। সেই তুলনায় আজ দ্বিতীয় ইনিংসে ভালোই ব্যাট করল দক্ষিণ আফ্রিকা। অশ্বিনের অফ স্পিনে হুড়মুড় করে ভেঙে পড়ার আগে প্রতিরোধে ঘুরে দাঁড়ানোরই ইঙ্গিত দিয়েছিল। শেষ পর্যন্ত আজ তৃতীয় দিনে ৮ উইকেট হারিয়ে ১৫৩ রান তুলেছে সফরকারীরা। কিন্তু তারপরও লক্ষ্য থেকে ১২৪ রান দূরে থাকতেই শেষ হয়েছে তাঁদের এই চেষ্টা।
দিনের শুরুটা হয়েছিল অনুমিত ধারায়। প্রথম দশ ওভারেই ডিন এলগার ও এবি ডি ভিলিয়ার্স ফিরে যান। মাত্র ৫৮ রানে প্রোটিয়াদের ৪ উইকেট ফেলে দিয়ে মধ্যাহ্ন বিরতির আগেই হয়তো ম্যাচ জেতার পরিকল্পনা করছিল ভারতীয় দল। কিন্তু এরপরই প্রতিরোধ গড়ে তোলেন হাশিম আমলা ও ফাফ ডু প্লেসি। দুজনে মিলে ৭২ রানের জুটি গড়ে দক্ষিণ আফ্রিকাকে ভালোভাবেই ম্যাচে ফিরিয়ে আনেন তাঁরা। এক পর্যায়ে তো দক্ষিণ আফ্রিকার স্কোর ছিল ৪ উইকেটে ১৩০! আমলা-ডু প্লেসি মিলে ৪৬.২ ওভার ভারতীয় বোলারদের হতাশ করেছেন। কিন্তু পরে মাত্র ৫ রানের ব্যবধানে দুজনই ফিরে গেলে ম্যাচের ফল নিয়ে সব সন্দেহ উবে যায়। দুজনই আউট হয়েছে ৩৯ রান করে। এরপর সবার আগ্রহ ছিল একটি বিষয় নিয়েই, ম্যাচ শেষ হতে কতটা সময় নেবেন ভারতীয় স্পিনাররা, আরও খোলাসা করে বললে অশ্বিন। খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। চা-বিরতির পরই বাকি ৪ উইকেট তুলে নিয়ে দক্ষিণ আফ্রিকাকে ১৮৫ রানেই গুটিয়ে দিয়েছেন অশ্বিন।
দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসের সবগুলো উইকেট ভাগাভাগি করে নিয়েছেন অশ্বিন এবং অমিত মিশ্র। রবীন্দ্র জাদেজা নিশ্চয় আজ সারা দিন পিচের দিকে তাকিয়েছেন আর মাথা চুলকে গেছেন, ‘আমার কী হলো!’ ভেবে। প্রথম ইনিংসে ৪ উইকেট পাওয়া জাদেজা দ্বিতীয় ইনিংসে ২৫ ওভার বোলিং করেও উইকেটশূন্য!
সব মিলিয়ে ম্যাচে ১২ উইকেট পেয়েছেন অশ্বিন। নাগপুরের পিচের পুরো ফায়দা তুলেছেন তিনি। বিনয় দেখিয়ে ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কারটি অশ্বিন যদি পিচ কিউরেটর অমল কারলেকারের সঙ্গে ভাগাভাগি করে নেন, বলার কিছু থাকবে না!