টি-টোয়েন্টি: পাকিস্তান ৩-০ ওয়েস্ট ইন্ডিজ
ওয়ানডে: পাকিস্তান ৩-০ ওয়েস্ট ইন্ডিজ
টেস্ট: ?
শূন্যস্থান পূরণের পরীক্ষা হলে উত্তরটা খুব কঠিন হওয়ার কথা নয়। টেস্টেও ‘পাকিস্তান ৩-০ ওয়েস্ট ইন্ডিজ’ মনে হয় লিখে ফেলা যায়। আগের দুই টেস্টে যেমন খেলেছে, আজ থেকে শারজায় শুরু তৃতীয় টেস্টে সেটির ব্যতিক্রম হলেই অবিশ্বাস্য হবে। ক্রিকেট ইতিহাসেই এক সফরে ৯-০ ব্যবধানে জয়ের কীর্তি নেই কোনো দলের। পাকিস্তানকে হাতছানি দিচ্ছে সেই অর্জন।
টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে ধবলধোলাই হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম টেস্টে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও দ্বিতীয় টেস্টে অসহায় আত্মসমর্পণই করেছে ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানের ব্যাটিং আর ইয়াসির শাহর ঘূর্ণিজালেই সর্বনাশ হয়েছে ক্যারিবীয়দের। শেষ টেস্টে মিসবাহরা খুব গা ছেড়ে না দিলে আগের দুই টেস্টের পুনরাবৃত্তিই হওয়ার কথা।
পাকিস্তানের কোচ মিকি আর্থার জানিয়ে দিয়েছেন প্রতিপক্ষকে একবিন্দুও ছাড় দেবেন না, ‘আমাদের অবশ্যই দাপটের সঙ্গে জিততে হবে। ৮ টেস্টের একটা লক্ষ্য (আরব আমিরাতে তিনটি, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় পাঁচটি) আমরা ঠিক করে নিয়েছি। আমরা শুধু দুটি খেলেছি। আমাদের ৮ টেস্ট দিয়েই নিজেদের যাচাই করতে হবে।’ এই ম্যাচে জয়ের চেয়েও তাই আরও বড় কিছুতে পাখির চোখ, ‘ফলের চেয়েও কিছু জরুরি ব্যাপার আছে। আমি ভালো ক্রিকেট চাই, প্রতিটি খেলোয়াড়ের ব্যক্তিগত উন্নতি চাই।’
মিসবাহ অবশ্য শারজার উইকেট নিয়ে একটু সতর্ক, ‘শারজায় চিরায়ত মন্থর ট্র্যাকই থাকার কথা। বোলারদের এখানে অনেক ঘাম ঝরাতে হবে।’ ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার দুই টেস্ট থেকে পাওয়া ইতিবাচক বিষয়গুলো কাজে লাগাতে চান, ‘প্রথম দুই টেস্টে বেশ কিছু ইতিবাচক দিক আছে আমাদের। বড় দলের সঙ্গে আমাদের ব্যবধান হচ্ছে ভালো শুরুর পরও আমরা কাজে লাগাতে পারছি না। অনভিজ্ঞতার জন্যই এটা হচ্ছে।’ এএফপি।