প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে টেস্টের ৯ হাজারি ক্লাবে সদস্যপদ পেলেন ইংল্যান্ডের কোনো ব্যাটসম্যান। ১৯৮৫ সালে ভারতের সুনীল গাভাস্কারের হাত ধরে প্রতিষ্ঠিত ক্লাবে ঢুকতে ইংলিশদের ৩০ বছরের প্রতীক্ষার অবসান হলো অ্যালিস্টার কুকের ব্যাটে। ইংলিশদের অপেক্ষাটা দীর্ঘ হলেও ‘ক্যাপ্টেন’ কুক সদস্যপদ পেলেন দ্রুততম সময়েই। টেস্ট অভিষেকের ৯ বছর ৮৯ দিনের মাথায় ৯ হাজার রান পূর্ণ করা কুক ক্লাবের কনিষ্ঠতম সদস্যও। কুক পেছনে ফেলেছেন দুই ভারতীয়কে। অভিষেকের পর রাহুল দ্রাবিড় ১০ বছর ১০ দিন সময়ে পেরিয়েছিলেন ৯ হাজার রানের মাইলফলক। শচীন টেন্ডুলকার ৯ হাজার পুরো করতে সময় নেন ১৪ বছর ৪৮ দিন, যখন তাঁর বয়স ৩০ বছর ২৫৩ দিন। পরশু কুকের বয়স ছিল ৩০ বছর ১৫৯ দিন। তবে ইনিংসের হিসাবে ১৩ সদস্যের ক্লাবে কুক (২০৪ ইনিংস) আছেন দশম স্থানে। ১৭২ ইনিংসে ৯ হাজার পেরিয়ে সবার ওপরে শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা।