৯৫-এ কী যেন হয়ে যায় তামিমদের!

৫৩ রানে বাংলাদেশের ৩ উইকেট পড়ে যাওয়ার পর প্রাণপণ লড়েছেন তামিম ইকবাল। কিন্তু দারুণ লড়েও আজ ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাঁহাতি ওপেনার ফিরেছেন সেঞ্চুরি হাতছাড়া হওয়ার আফসোস নিয়ে। লেগ স্টাম্পে করা মিচেল স্টার্কের শর্ট বল যে এতটা হাওয়ায় ভাসবে, বুঝতে পারেননি বাঁহাতি ওপেনার। হ্যাজলউডের ক্যাচ হয়ে তিনি ফিরেছেন ৯৫ রানে।
কী আশ্চর্য, ওয়ানডেতে তামিম যে তিনবার নড়বড়ে নব্বইয়ের শিকার, প্রতিটিই ৯৫ রানে! ২০১০ সালের ডিসেম্বরে চট্টগ্রামে জিম্বাবুয়ের দেওয়া ১৮৯ রান তাড়া করতে নেমে তামিম ফিরেছিলেন ৯৫ রান করে। ২০১৫ বিশ্বকাপে নেলসনে স্কটল্যান্ডের দেওয়া ৩১৯ রানের বড় লক্ষ্যটা বাংলাদেশ সহজে পেরিয়েছিল তাঁর ৯৫ রানের ইনিংসে ভর করে। সেঞ্চুরি ফসকে যাওয়ার পরও দুই ম্যাচে বাংলাদেশ জিতে যাওয়ায় হয়তো আফসোস নেই তামিমের। কিন্তু আজ দলকে চ্যালেঞ্জিং স্কোর এনে দিতে আরও কিছুক্ষণ উইকেটে থাকাটা তাঁর দরকার ছিল।
শুধু তামিম নন, ওয়ানডেতে বাংলাদেশের ব্যাটসম্যানদের কাছে ৯৫ রানটা যেন ‘অপয়া’! নড়বড়ে নব্বইয়ে যে ১৪ বার বাংলাদেশের ব্যাটসম্যানরা আউট হয়েছেন, এর মধ্যে সর্বোচ্চ পাঁচবার ৯৫ রানে। তামিমের মতো ৯৫ রানে আউট হয়েছেন শাহরিয়ার হোসেন আর এনামুল হক—তিনজনই ওপেনার। ৯০ রানে আউট হয়েছেন দুজন। ৯১, ৯২, ৯৩, ৯৪, ৯৬, ৯৭ ও ৯৮ রানে একজন করে। সবচেয়ে বেশিবার নড়বড়ে নব্বইয়ের শিকার কে নিশ্চয়ই বুঝতে পারছেন—তামিম!