’৯৯ বিশ্বকাপের ফাইনাল মনে করেই শোয়েবের ভয়

শোয়েবের মনে শঙ্কাফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছে পাকিস্তান। প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ১০ উইকেটে জিতে শুরু করার দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে আরেকটি দারুণ জয়ে সেমিফাইনালের পথ শুরুতেই সুগম করে ফেলে তারা। এরপর আফগানিস্তান আর নামিবিয়ার বিপক্ষে অনুমিত জয়ে এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যায় বাবর আজমের দলের। স্কটল্যান্ডের বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচ তাদের ৭ নভেম্বর। তবে সেমিফাইনাল নিয়ে এরই মধ্যে চিন্তাভাবনা শুরু হয়ে গেছে পাকিস্তানের। স্বপ্নের মতো ফর্মে থাকা পাকিস্তানের এখন কায়োমন–প্রার্থনা, শেষ চারের লড়াইটা যেন শুভ হয়।

সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতারের মনে অবশ্য একটা শঙ্কা আছে। সেটি ১৯৯৯ বিশ্বকাপের কথা মনে করেই। সেবারও দুর্দান্ত খেলে ফাইনালে উঠেছিল পাকিস্তান। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে শিরোপার লড়াইয়ে ভরাডুবি হয় পাকিস্তানের। নিজে সেই পাকিস্তান দলে ছিলেন বলেই ২২ বছর পর ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেসে’র তাড়িয়ে বেড়াচ্ছে সেই দুঃস্বপ্ন।

পাকিস্তানের জন্য স্বপ্নের মতোই কাটছে এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপ
ছবি: টুইটার

লর্ডসের ওই ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পাকিস্তান হেরেছিল ৮ উইকেটে। শুরুতে ব্যাটিং করে শেন ওয়ার্নের দুর্দান্ত বোলিং সামলাতে পারেননি সাঈদ আনোয়ার, ইনজামাম–উল–হক, সেলিম মালিক, ইজাজ আহমেদরা। ১৩২ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। ওয়ার্ন নিয়েছিলেন ৪ উইকেট। গ্লেন ম্যাকগ্রা নেন ২ উইকেট।

সেই স্মৃতি মনে করেই আখতারের যত দুশ্চিন্তা, ‘আমরা আরও একটা খারাপ দিন চাই না, যেটি আমাদের যন্ত্রণা দেবে। এবার আমরা জিততে চাই।’ তাঁর কণ্ঠে ২২ বছর আগের দুঃসহ স্মৃতি থেকে শিক্ষা নেওয়ার বার্তা, ‘আমি সত্যিই মনে করি দলটা সঠিক পথে এগোচ্ছে। অপরাজিত থেকেই ফাইনালে যাওয়া উচিত পাকিস্তানের। পাকিস্তানের চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যেন এই বিশ্বকাপ হচ্ছে।’

এই পাকিস্তানের ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে মুগ্ধ শোয়েব, ‘আমি মনে করি অন্যদের চেয়ে পাকিস্তানের এ দলের বিশ্বকাপে জেতার আরও বেশি সুযোগ রয়েছে। বিশ্বকাপ জেতার মতো সবকিছুই রয়েছে এই দলে। পেসাররা দুর্দান্ত বল করছে। স্পিনাররাও অসাধারণ। শুধু ইংল্যান্ডই একটু সমস্যায় ফেলতে পারে পাকিস্তানকে। কিন্তু সবার আগে পাকিস্তানকে ফাইনালে উঠতে হবে। এবং সেমিফাইনাল জিততে হবে। আমরা সবাই নিশ্চিত যে পাকিস্তান সেটি করতে পারবে।’