৯৯ রানেই অলআউট শেখ জামাল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিমিয়ার লিগ
প্রিমিয়ার লিগ

একের পর এক ব্যাটসম্যান আসছেন আর যাচ্ছেন-আজ ফতুল্লায় শেখ জামাল-প্রাইম দোলেশ্বরের ম্যাচে এই দৃশ্যটাই ছিল নিয়মিত। সকালে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে শেখ জামাল। শেষ পর্যন্ত মাত্র ২৭.১ ওভারেই অলআউট ৯৯ রানে। বেলা ১১টার মধ্যেই তাই প্রাইম দোলেশ্বরের পরের ইনিংসের জন্য প্রস্তুতি শুরু করে দিল! শেষ পর্যন্ত ২০.১ ওভারেই ৮ উইকেটের জয় তুলে নিয়েছে দোলেশ্বর।

কাকতালই বটে, তিন বছর আগে ২০১৩-১৪ মৌসুমে এই প্রাইম দোলেশ্বরের সঙ্গে এই ফতুল্লাতেই এমন বিপর্যয়ে পড়েছিল শেখ জামাল। সেবার তারা অলআউট হয়ে গিয়েছিল ৯৩ রানে। সেটাই তাদের সর্বনিম্ন স্কোর, আর আজকেরটি দ্বিতীয় সর্বনিম্ন। এবারের প্রিমিয়ার লিগেও এই প্রথম কোনো দল ১০০ রানের নিচে অলআউট হলো।

এমন না যে উইকেট খুব কঠিন ছিল ব্যাটিংয়ের জন্য। শেখ জামাল ব্যাটসম্যানরা বলতে গেলে উইকেট বিলিয়েই দিয়ে এসেছেন। চতুর্থ ওভারে দলের ১০ রানে মাহবুবুল করিমের আউটে মড়কের শুরু। পরের দুই ওভারের মধ্যেই ফিরে গেছেন জয়রাজ শেখ ও মার্শাল আইয়ুব। তিন জনের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। এর পর নাজমুস সাদাতকে নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন মাহমুদউল্লাহ। দুজন মিলে চতুর্থ উইকেটে ৩৬ রানের জুটিও গড়েছিলেন। কিন্তু জামালের ৪০ রানে সাদাতও ফিরে যান। এর পর মাহমুদউল্লাহও বেশিক্ষণ থাকেননি, ২৪ রান করে আউট হয়ে গেছেন। জামাল তখন ৬০ রানে পাঁচ উইকেট হারিয়ে কাঁপছে।

সেখান থেকে ২০ রানের মধ্যে পড়ে গেল আরও ৪ উইকেট। শেষ পর্যন্ত শেষ উইকেটের ১৯ রানের জুটিতে জামালের রান ৯৯ হতে পেরেছে। একমাত্র শ্রীলঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো পেরেরাই যা একটু প্রতিরোধের চেষ্টা করেছিলেন। দলের সর্বোচ্চ ৩৩ রান তাঁরই। 


দোলেশ্বরের ফরহাদ রেজাই ছিলেন সবচেয়ে ভয়ংকর, ২০ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। ৩ উইকেট নিয়েছেন সানজামুল ইসলাম, আল আমিন নিয়েছেন ২ উইকেট।

৯৯ রান তাড়া করতে নেমে শুন্য রানেই আউট হয়ে গিয়েছিলেন দোলেশ্বর ওপেনার ইমতিয়াজ হোসেন। কিন্তু এরপর রনি তালুকদার ও রকিবুল হাসান মিলে হাল ধরেছেন। ১৭ রানে রনি আউট হয়ে গেলেও রকিবুল শেষ পর্যন্ত ৬৭ রান করে ৫৩ রান করে দলকে জিতিয়েই মাঠে ফিরেছেন। চামারা অপরাজিত ছিলেন ২৭ রানে। এএফপি।