'রূপকথার' প্রত্যাবর্তনে দলকে জেতালেন আল আমিন

রূপকথা? একটু বাড়াবাড়ি হয়ে যায় কি? মাত্র এক মাস আগেও যে বোলারটি নিজের ক্যারিয়ার নিয়ে ছিলেন চরম অনিশ্চয়তার দোলাচলে, সেই আল আমিন কী দুর্দান্তভাবেই না ফিরলেন! জাতীয় দল থেকে শাস্তিমূলক নির্বাসন কাটিয়ে প্রায় এক বছর পর জিম্বাবুয়ে সিরিজে ফিরলেন। বল করলেন দুর্দান্ত। প্রতিটা ডেলিভারিতেই আল আমিন যেন নিংড়ে দিচ্ছেন নিজেকে।
আজ তো করলেন হ্যাটট্রিক। আল আমিনের করা ইনিংসের চতুর্থ ওভারটাই ১০৮ রানের পুঁজি নিয়েও বরিশাল বুলসকে আশা জুগিয়েছিল। আল আমিনের বোলিং তোপেই শেষ পর্যন্ত ১ রানে ম্যাচ জিতেছে বরিশাল দল।
বিপিএলের এই আসরে এক মজার ব্যাপার দেখা যাচ্ছে। দিনের প্রথম খেলায় বয়ে যাচ্ছে রান বন্যা আর পরের খেলাতেই হাঁসফাঁস করে মরছেন ব্যাটসম্যানরা। আজও তার ব্যতিক্রম হয়নি। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১০৮ রানেই গুঁটিয়ে যায় বরিশাল দল। সিলেটের বোলারদের দাপটে দুই ওপেনারের ৩৪ রানের জুটিটাই সর্বোচ্চ রানের জুটি হয়ে যায় শেষ পর্যন্ত। নাদিফ চৌধুরীর ঢিমেতালে গড়া ২৪ রানই হয়ে যায় ইনিংস সর্বোচ্চ। সিলেটের হয়ে সব বোলারই ছড়ি ঘুরিয়েছেন। তবে মাত্র ১৮ রানে ৩ উইকেট নিয়ে সিলেটের সেরা বোলার ছিলেন নাজমুল ইসলাম।
রান তাড়া করতে গিয়েই আল আমিন হোসেনের বোলিং তোপের মুখে পড়ল সিলেট সুপারস্টারস। মাঠে আগে থেকেই অগ্নিমূর্তি হয়ে ছিলেন তিনি । তাঁর ব্যাটিংয়ের সময় কী যেন একটা বিষয় নিয়ে রীতিমতো ঝগড়া বেঁধে গেল সিলেটের মোহাম্মদ শহীদের সঙ্গে। আম্পায়ারকে হস্তক্ষেপ পর্যন্ত করতে হয়েছে। তবে রাগটা মেটেনি। সব রাগ যেন মেটালেন নিজের দ্বিতীয় ওভারে। দ্বিতীয় বলে রবি বোপারা, তৃতীয় বলে নুরুল হাসানের পর মুশফিককেও শিকার করে পূর্ণ করলেন হ্যাটট্রিক।
বিপিএলের ইতিহাসে এটি দ্বিতীয় হ্যাটট্রিক। প্রথম আসরে হ্যাটট্রিক করেছিলেন মোহাম্মদ সামি। আজ বোলিংয়ের অন্য প্রান্ত থেকে আল আমিনের হ্যাটট্রিক দেখলেন সামি। টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশি হিসেবে এটি দ্বিতীয় হ্যাটট্রিক। মজার ব্যাপার হলো আগের হ্যাটট্রিকটিও ছিল আল আমিনেরই।
এর আগেই নিজের প্রথম ওভারেই মুমিনুলকেও ফিরিয়ে দিয়েছিলেন আল আমিন। আল আমিনের দেওয়া এই ধাক্কা সামলাতে বেশ কষ্ট করতে হয়েছে সিলেট দলকে। এক প্রান্তে দিলশান মুনাবীরা রানের চাকা ধরে রাখলেও অন্য ব্যাটসম্যানরা রীতিমতো ধুঁকেছেন রান নিতে। দ্বাদশ ওভারে মুনাবীরা আউট হওয়ার পর ম্যাচ হেলে পরে বরিশালের দিকে। কিন্তু নাটকের শেষ তো তখনো হয়নি। বিপিএলের এবারের আসরের প্রায় সব ম্যাচের মতো এ খেলাটিও গড়াল শেষ ওভার পর্যন্ত। শেষ ওভারে মাত্র ৮ রান নিতে ব্যর্থ হয়েছে সিলেট। তার আগেই অবশ্য নিজের পঞ্চম উইকেটটি নিয়েছেন আল আমিন। ৩৬ রানে ৫ উইকেট পেয়েছেন আল আমিন।
এই নিয়ে টানা দুই ম্যাচ ১ রানে হেরেছে সিলেট দল। দুর্ভাগা শব্দটির নতুন ব্যাখ্যা সৃষ্টি করছে সিলেট দল। উল্টো দিকে বরিশাল এখন পয়েন্ট তালিকার শীর্ষে।