বেল-বোল্টদের ছাড়িয়ে কোহলি-ধোনি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইএসপিএনের সবচেয়ে বিখ্যাত ১৫ অ্যাথলেটের মধ্যে আছেন কোহলি-ধোনি। ফাইল ছবি।
ইএসপিএনের সবচেয়ে বিখ্যাত ১৫ অ্যাথলেটের মধ্যে আছেন কোহলি-ধোনি। ফাইল ছবি।

এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বিখ্যাত অ্যাথলেট কে? সবচেয়ে জনপ্রিয় খেলা যদি ফুটবল হয়, তাহলে কোনো ফুটবলারেরই হওয়া উচিত। তা অবশ্যই ক্রিস্টিয়ানো রোনালদো বা লিওনেল মেসিরই কেউ হবে। সেখানে মেসিকে পেছনে ফেলেছেন রোনালদো, ইএসপিএনের এই মুহূর্তে বিশ্বের ১০০ বিখ্যাত ক্রীড়াবিদের তালিকায় সবার ওপরে আছেন সিআর-৭। আর এই ১০০ জনে ক্রিকেটার আছেন মাত্র দুজন!
সবচেয়ে অবাক করা ব্যাপার, সেই দুজনই আবার আছেন শুরুর দিকে। বিরাট কোহলি আছেন আটে, আর মহেন্দ্র সিং ধোনি ১৪ নম্বরে। কোহলি পেছনে ফেলেছেন হামেস রদ্রিগেজ, গ্যারেথ বেল, রাফায়েল নাদাল, কোবি ব্রায়ান্টদের মতো খেলোয়াড়দের। আর উসাইন বোল্ট, ওয়েইন রুনি, মারিয়া শারাপোভা, নোভাক জোকোভিচদের পেছনে ফেলেছেন ধোনি।
কিন্তু কিসের ভিত্তিতে এই তালিকা করা হয়েছে? ইএসপিএন জানাচ্ছে, খেলোয়াড়দের উপার্জন ও পুরস্কারের সঙ্গে টুইটার, ফেসবুক ও ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তা বিবেচনায় নেওয়া হয়েছে। গুগল সার্চে কাকে কতবার খোঁজা হয়েছে, বিবেচনা করা হয়েছে সেটিও। প্রশ্ন উঠতে পারে, কোবি ব্রায়ান্ট তো কয়েক দিন আগেই বাস্কেটবল থেকে অবসর নিয়েছেন, তিনি কীভাবে আছেন? গত মৌসুমে যাঁরা খেলেছেন, তাঁদেরকে বিবেচনা করা হয়েছে।
রোনালদোর পর দুইয়ে আছেন বাস্কেটবল তারকা লেব্রন জেমস, তিনে আছেন মেসিই। চারে নেইমার, পাঁচে রজার ফেদেরার। বাস্কেটবল তারকা কেভিন ডুরান্ট আছেন ছয়ে, সাতে গলফার টাইগার উডস। আটে কোহলির পর নয় ও দশে রদ্রিগেজ ও নাদাল।

শীর্ষে রোনালদো থাকলেও এই তালিকায় বাস্কেটবলের জয়জয়কার, ১০০ জনের মধ্যে বাস্কেটবল খেলোয়াড় ২০ জন। ফুটবলের আছেন ১৭ জন, আমেরিকান ফুটবলের ১৬ জন। সবচেয়ে বেশি ৫৬ জন যুক্তরাষ্ট্রের, এরপর চারজন ইংল্যান্ডের। ভারতেরও আছেন তিনজন। কোহলি ও ধোনি ছাড়া ৪১ নম্বরে আছেন সানিয়া মির্জা। তালিকার ৯২ জনই পুরুষ, নারী আছেন আটজন।