লেক তাউপো থেকে আত্মবিশ্বাস নিক বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপিয়ার থেকে মাউন্ট মঙ্গানুইয়ের দূরত্ব দেড়শ কিলোমিটারেরও কম। গাড়িতে হেলেদুলে এলেও পৌঁছতে সাড়ে তিন থেকে চার ঘণ্টার বেশি লাগে না। কিন্তু আজ বাংলাদেশ দলের আসতে লাগল পাঁচ ঘণ্টার মতো! সিরিজ কাভার করতে আসা সাংবাদিকদের গাড়িটাও সময় নিল তেমনই।

এটুকু পড়ে মনে হতে পারে এখানকার রাস্তা-ঘাট বুঝি খুবই খারাপ। অথবা বাংলাদেশের যানজট হুট করে চলে এসেছে নিউজিল্যান্ডেও। আসলে তা নয়। একটানা আসতে চাইলে সাড়ে তিন-চার ঘণ্টার মধ্যেই নেপিয়ার থেকে মাউন্ট মঙ্গানুইয়ে পৌঁছে যাওয়া যায়। কিন্তু চাইলেও কি তা সম্ভব?

নিউজিল্যান্ডের শহরগুলোর বড় বৈশিষ্ট্য হলো, যেদিকেই তাকাবেন মনে হবে স্টুডিও। ছবি তুলতে দাঁড়িয়ে যেতে মন চাইবে। হয় পাহাড়, নয়তো সমুদ্র ঘিরে রেখেছে শহরগুলোকে।

শহরের ভেতরেও যান্ত্রিকতা নেই। সিটি সেন্টার মানেই মনোরম কিছু। রাস্তার পাশে এক চিলতে জায়গা থাকলেও সেখানে শোভা পাচ্ছে নানা রঙের ফুল। ঝকঝকে রাস্তা-ঘাট আর ছবির মতো বাড়ি-ঘরের কথা না-ই বা বললাম। প্রকৃতির উপহার আর মানুষের সুন্দর মন একেকটা শহরকে করে তুলেছে স্বর্গোদ্যানের মতো।

রোটুরুয়া লেকের সৌন্দর্য উপভোগ করছেন পর্যটকেরা। ছবি: তারেক মাহমুদ।
রোটুরুয়া লেকের সৌন্দর্য উপভোগ করছেন পর্যটকেরা। ছবি: তারেক মাহমুদ।

এক শহর থেকে আরেক শহরে যাওয়ার পথগুলোকেও মনে হয় শিল্পীর তুলিতে আঁকা ছবি। অথবা কেউ যেন আকাশের গায়ে খোদাই করে পাহাড় আর সবুজের ম্যুরাল বানিয়ে রেখেছে। কোথাও পাহাড়, কোথাও পাহাড় থেকে নেমে আসা সরু নদী, কোথাও বা মেঘের দিগন্তে মিলিয়ে যাওয়া সবুজ মাঠ মনের মধ্যে সুর তোলে—‘এই পথ যদি না শেষ হয়...।’

নেপিয়ার থেকে মাউন্ট মঙ্গানুইয়ে আসার পুরো পথটাই এমন রোমান্টিক। অর্ধেকের মতো দূরত্ব পার হলে পড়বে লেক তাউপো। দুই হাজার বছর আগে তাউপো আগ্নেয়গিরির অগ্ন্যুত্পাত থেকে সৃষ্টি ৬১৬ বর্গ কিলোমিটার আয়তনের এক লেক; যে অগ্ন্যুৎ​পাতের প্রভাব ছড়িয়ে পড়েছিল এশিয়া ও ইউরোপেও। উপরিতলের আয়তন মাথায় রাখলে এটি নিউজিল্যান্ডের সর্ববৃহৎ​ লেক। মিঠা পানির লেক হিসেবে দ্বিতীয় বৃহত্তম। উপকূলের দৈর্ঘ্যও কম নয়, ১৯৩ কিলোমিটার। আর সর্বোচ্চ গভীরতা ১৮৬ মিটার।

যেন শিল্পীর তু​লিতে আঁকা লেক তাউপোর সৌন্দর্য। ছবি: তারেক মাহমুদ
যেন শিল্পীর তু​লিতে আঁকা লেক তাউপোর সৌন্দর্য। ছবি: তারেক মাহমুদ

নিউজিল্যান্ডে আসা পর্যটকদের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু লেক তাউপো। বিস্তৃত নীল জলরাশিই এর সবচেয়ে বড় আকর্ষণ। সি-প্লেন, সার্ফিং বোট, ইয়ট, ছোট নৌকাসহ আরও কত কি যে আছে নৌ বিহারের জন্য! চাইলে মাছ ধরতেও চলে যেতে পারেন লেকের গভীরে। লেক তাউপো আসা পর্যটকদের কাছে এটাই নাকি সবচেয়ে বেশি আকর্ষণীয়।

আজ মাউন্ট মুঙ্গানুইয়ে আসার পথে বাংলাদেশ ক্রিকেট দল ঘণ্টা খানেকের বিরতি নিয়েছিল লেক তাউপো। এখানেই দুপুরের খাবার সেরে তারা যান পাশের হুকা ফলস দেখতে।

ওয়াইকাটো নদী থেকে নেমে আসা এই ঝরনা গিয়ে মিশেছে লেক তাউপোতে। সময়ের কথা চিন্তা করেই হয়তো এরপর সরাসরি মাউন্ট মঙ্গানুইয়ে চলে গেছে ক্রিকেটারদের বাস। নয়তো তারা রোটুরুয়া লেকের পাড়েও একটু ঢুঁ মেরে আসতে পারতেন।

প্রকৃতির অপার সৌন্দর্য নিউজিল্যান্ডে কাউকে মন খারাপ করে থাকতে দেয় না। তবে ক্রিকেটারদের সফরের মূল উদ্দেশ্যটা যেহেতু খেলা, মাঠেও মন ভালো করার মতো কিছু চাই। এখন পর্যন্ত সেটি পাওয়া যায়নি, কিন্তু আশা তো হারানো যায় না।

মাউন্ট মঙ্গানুইয়ের পথে বড় আকর্ষণ হুকা ফলস। ছবি: তারেক মাহমুদ।
মাউন্ট মঙ্গানুইয়ের পথে বড় আকর্ষণ হুকা ফলস। ছবি: তারেক মাহমুদ।

৬ ও ৮ জানুয়ারি সিরিজের শেষ দুটি টি-টোয়েন্টি ম্যাচ হবে মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে। টেস্ট সিরিজের আগে মন ভালো করে দেওয়ার মতো একটা দিনের দেখা এখানেই মিলে যাবে, সে আত্মবিশ্বাস লেক তাউপু থেকেও নিতে পারে মাশরাফি বিন মুর্তজার দল।

আগ্নেয়গিরির অগ্ন্যুত্পাত থেকে যদি এমন নয়নাভিরাম লেকের সৃষ্টি হতে পারে, নিউজিল্যান্ডের আসার পর থেকেই হারের মধ্যে থাকা বাংলাদেশ দলও কেন পারবে না ধ্বংসস্তূপ থেকে মাথা তুলে দাঁড়াতে?