'ভালো লিটন', 'খারাপ লিটনে'র রহস্য সন্ধানে
৬৫, ১৩৫, ৫০, ১৩৬, ০, ৮৫—ঢাকা প্রিমিয়ার লিগে সর্বশেষ ৬ ম্যাচে লিটন দাসের রান। সর্বশেষ কাল প্রাইম ব্যাংকের বিপক্ষে এল ৮৫ রানের ইনিংসটি। মণি-মুক্তার মতো জ্বলতে থাকা ইনিংসগুলো বলে দিচ্ছে কী দুর্দান্ত ফর্মে আছেন আবাহনীর এই উইকেটকিপার ব্যাটসম্যান! ঘরোয়া ক্রিকেটে লিটনের এমন দ্যুতি ছড়ানো অবশ্য এই প্রথম নয়। ঘরোয়া ক্রিকেটে তিনি আলো ছড়ান নিয়মিতই।
কিন্তু এই পারফরম্যান্স কেন যেন লিটন টেনে নিতে পারেন না আন্তর্জাতিক ক্রিকেটে। ঘরোয়া ক্রিকেটে লিটনের পারফরম্যান্সের লেখ চিত্র যদি ঊর্ধ্বমুখী হয়, আন্তর্জাতিক ক্রিকেটে সেটি ঠিক তার উল্টো। ম্যাচের ওজন বদলে যেতে ২২ গজে দেখা মেলে দুই লিটনের! এক লিটন খুবই ভালো, অন্য লিটন খুবই খারাপ।
ঘরোয়া প্রথম শ্রেণিতে জাতীয় দলের এই উইকেটকিপারের রান ২৯৩৩, গড় ৫১.৪৬। ৪ টেস্টে সেটি ১৩৭ ও ২৭.৪০। ৫০ ওভারের ক্রিকেটেও একই ছবি। ওয়ানডে বাদ দিয়ে ৫২ লিস্ট ‘এ’ ম্যাচে তাঁর রান ২১৭২, গড় ৪৪.৩৩। ৯ ওয়ানডেতে সেটি ১২৪ ও ১৫.৫০। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এত কম খেলেছেন, ক্রিকেটের সংক্ষিপ্ততর সংস্করণে নিজেকে তুলে ধরার মতো সেটি যথেষ্ট নয়। ৩ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৬.৩৩ গড়ে লিটনের রান ৪৯। ৩১ ঘরোয়া টি-টোয়েন্টিতে সেটি ১৪.৪৪ ও ৩৬১। আন্তর্জাতিক আর ঘরোয়া ম্যাচ সংখ্যায় তারতম্য থাকতে পারে। কিন্তু ভালো খেলে দুটির গড়ে নিশ্চয়ই সামঞ্জস্য আনা যায়।
২০১৪-১৫ লিটনের কাছে সোনালি ফ্রেমে বাঁধাই করে রাখার মতো একটা মৌসুম। যে মৌসুম ঘুরিয়ে দিয়েছে তাঁর জীবনের বাঁকটাই। ঘরোয়া ক্রিকেটে যেখানে খেলেছেন, সেখানেই রানের বন্যা বইয়ে দিয়েছেন দিনাজপুর থেকে উঠে আসা এই ওপেনার। আবাহনীর হয়ে ২০১৪-১৫ মৌসুমে প্রিমিয়ার লিগে ১৬ ম্যাচে ১ সেঞ্চুরি ও ৫ হাফ সেঞ্চুরিতে করেছিলেন ৪২.৮৭ গড়ে ৬৮৬ রান, লিগে যেটি দ্বিতীয় সর্বোচ্চ। এক দিনের ক্রিকেটের চেয়ে তিনি বড় দৈর্ঘ্যের ক্রিকেটে আরও দুর্দান্ত, সেটি বোঝালেন জাতীয় লিগে। ৭ ম্যাচে ৫ সেঞ্চুরি, ৮৫.৩৩ গড়ে ১০২৪ রান। ভেঙে দিয়েছিলেন ২০০১-০২ মৌসুমে মিনহাজুল আবেদীনের করা ১০১২ রানের রেকর্ড।
ঘরোয়া ক্রিকেটে নিয়মিত আলো ছড়ানো লিটনের বাংলাদেশ দলে খেলা হয়ে উঠেছিল তখন সময়ের ব্যাপার। দ্রুত চলেও এলেন জাতীয় দলে। ২০১৫ সালের জুনে ভারতের বিপক্ষে ফতুল্লা টেস্টে পা পড়ল আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায়। দারুণ সম্ভাবনার কথাই জানিয়েছিল অভিষেকে তাঁর ৪৫ বলে ৪৪ রানের ইনিংসটি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরের টেস্টেই পেয়ে গেলেন প্রথম হাফ সেঞ্চুরি। কিন্তু এরপরই আন্তর্জাতিক ক্রিকেট তার নিষ্ঠুরতার দিকটিও দেখিয়ে দিল লিটনকে। পরের টেস্টের একমাত্র ইনিংসে ৩ রান। ৯টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টিতে আর কোনো হাফ সেঞ্চুরি নেই, সর্বোচ্চ রান ৩৬। একসময় তাই বাদই পড়ে গেলেন দল থেকে।
গত ডিসেম্বর-জানুয়ারিতে জাতীয় ক্রিকেট লিগ ও বিসিএলে ভালো করার পুরস্কার হিসেবে দেড় বছরের বিরতি দিয়ে সুযোগ পেলেন মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে। দুই ইনিংসে ৪০ রান করা লিটন পারফরম্যান্সের কারণে নয়, পরের টেস্টে দলের বাইরে চলে গেলেন চোটে পড়ে। নেটে বাঁ পাঁজরের হাড়ে আঘাত পেয়েছিলেন। লিটনের সুযোগ হয়নি আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়নস ট্রফিতে। ২২ বছর বয়সী উইকেটকিপার ব্যাটসম্যানের বর্তমান লড়াইটা আবারও জাতীয় দলে ফেরার।
কিন্তু ফিরলে কি স্বমহিমায় উদ্ভাসিত হতে পারবেন লিটন? ঘরোয়া আর আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর পারফরম্যান্সের অদ্ভুত বৈপরীত্য প্রশ্নটা তুলে দিচ্ছে।
আগামীকাল পড়ুন
লিটনকে নিয়ে স্থানীয় কোচ ও বিশ্লেষকদের পর্যবেক্ষণ