'ওই রকম' উইকেট চান মিরাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হইচই ফেলে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাব মেহেদী হাসান মিরাজের। গত অক্টোবরে চট্টগ্রাম টেস্টে অভিষেকেই ৭ উইকেট পাওয়ার পর ঢাকা টেস্টে ১২ উইকেট—ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের নায়ক তিনি। গত বছর বাংলাদেশ টেস্ট খেলেছে দুটি। জয়-পরাজয়ের অনুপাত ১: ১! আর তাতে সবচেয়ে বেশি অবদান মিরাজের। 

ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ সাফল্য পেয়েছিল স্পিন-সহায়ক উইকেট বানিয়ে। মিরাজের সাফল্য যে একই সূত্র অনুসরণ করে, না বললেও চলছে। আগামী আগস্টে বাংলাদেশ সফরে দুটি টেস্ট খেলতে আসার কথা অস্ট্রেলিয়ার। একজন অফ স্পিনার হিসেবে এবারও মিরাজ চান ইংল্যান্ডের বিপক্ষে যে উইকেট দেখা গেছে, একই চরিত্রের উইকেট হোক অস্ট্রেলিয়ার সঙ্গেও, ‘যে পিচেই খেলি, ভালো করার চেষ্টা করব। ওই রকম উইকেট পেলে আমরা সহায়তা পাব, ভালো হবে। দেশের মাঠে স্পিনাররা সহায়তা পাবে।’
কিন্তু শুধু পিচের দিকে তাকিয়ে নয়, অস্ট্রেলিয়ার বিপক্ষে সাফল্য পেতে ৭ টেস্ট, ৬ ওয়ানডে ও ১ টি-টোয়েন্টি খেলা মিরাজকে অনুপ্রাণিত করছে নিজেদের সাম্প্রতিক পারফরম্যান্সও, ‘আমরা শুধু ওয়ানডে ভালো খেলছি না, এখন টেস্টেও ভালো করছি। বড় বড় দলকে হারিয়েছি। মনে করি না বিশ্বের আর কোনো দলকে হারানো কঠিন হবে। বড় বড় দলকে হারানোর যোগ্যতা আমরা রাখি।’