'... আমিই আবার হচ্ছি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচনে ঘুরেফিরে একই মুখ। ছবি: প্রথম আলো
বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচনে ঘুরেফিরে একই মুখ। ছবি: প্রথম আলো

‘এই নির্বাচন না হলে বিসিবির যে একটা নির্বাচন হচ্ছে সেটা আপনারা টের পেতেন না’, ঠিকই বলেছেন নাঈমুর রহমান। বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচনে ২৩ প্রার্থীর ২০ জনই অপ্রতিদ্বন্দ্বী হয়ে যাওয়ায় এই নির্বাচনের জৌলুস হারিয়েছে আগেই। যা একটু জমেছে ঢাকা ও বরিশাল বিভাগে প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কারণেই।

ঢাকা বিভাগে ভোটের পরীক্ষায় ভালোভাবেই উতরে গেছেন বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক, বিদায়ী বোর্ডের পরিচালক ও মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর নাঈমুর রহমান। ১৮ ভোটের ১৩টিই পড়েছে তাঁর পক্ষে। সমান ভোটে নির্বাচিত হয়েছেন কিশোরগঞ্জের সৈয়দ আশফাকুল ইসলাম, যিনি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের ভাই। বাকি দুই প্রার্থী নারায়ণগঞ্জের তানভীর আহমেদ পেয়েছেন ৭ ভোট আর নরসিংদীর শাহিনুল ইসলাম ভুঁইয়া পেয়েছেন বাকি ৩টি।
তবে সবচেয়ে বড় চমক উপহার দিয়েছে বরিশাল বিভাগের নির্বাচন। একটি পরিচালক পদের জন্য এই বিভাগ থেকে নাজমুল হাসানের প্যানেল সমর্থিত এম এ আউয়াল চোধুরীর সঙ্গে লড়ে বড় ব্যবধানে জিতেছেন আলমগীর খান। ৭ ভোটের ৫টিই পেয়েছেন আলমগীর।
বিদায়ী বোর্ডের পরিচালক আউয়াল সাম্প্রতিক সময়ে বেশ কিছু বিতর্কে জড়িয়ে পড়েছিলেন। বিশেষ করে কিছুদিন আগে বাংলাদেশ টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। আর্থিক শর্ত পূরণ না করতে পারায় এবার তাঁর দল বরিশাল বুলস বিপিএলই খেলতে পারছে না। বরিশালে ঝিমিয়ে পড়া ক্রিকেটকে চাঙা না করতে পারার ব্যর্থতাও আছে তাঁর। আউয়ালের পরাজয়ের পেছনে এই বিষয়গুলো হয়তো কাজ করেছে ।
পরিচালনা পর্ষদের নির্বাচন শেষ। এখন বাকি সভাপতি নির্বাচন, যেটি করবেন নির্বাচিত পরিচালকেরা। বিসিবির বর্তমান সভাপতি নাজমুল হাসান জানালেন, কালই হয়ে যাবে এটি, ‘যেহেতু সব পরিচালক নির্বাচিত হয়ে গেছে। কাল সভাপতি নির্বাচন নিয়ে বসব। এখনো আগের মতোই সব আছে। সব পরিচালক বলছেন আমাকেই দাঁড়াতে হবে (সভাপতি নির্বাচনে)। আমিই আবার প্রেসিডেন্ট পদপ্রার্থী হচ্ছি। যদি প্রার্থীই না থাকে তবে নির্বাচন হবে না। যেহেতু কোনো প্রার্থী নেই, আমিই আবার হচ্ছি (বিসিবি সভাপতি)।’

এক নজরে বিসিবি নির্বাচন ২০১৭
বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন হয়েছে ২৩ পদে। এর মধ্যে ২০জনই নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়!

ক্যাটগরি-১ : জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে ১০ জন
ঢাকা: নাঈমুর রহমান ও সৈয়দ আশফাকুল ইসলাম
চট্টগ্রাম: আকরাম খান ও আ জ ম নাসির
খুলনা: কাজী ইনাম আহমেদ ও শেখ সোহেল
রাজশাহী: সাইফুল আলম স্বপন চৌধুরী
সিলেট: শফিউল আলম চৌধুরী
বরিশাল: আলমগীর খান
রংপুর: আনোয়ারুল ইসলাম।

ক্যাটগরি-২ : ঢাকার ক্লাব থেকে ১২ জন
নাজমুল হাসান, মাহবুব আনাম, আফজালুর রহমান, মনজুর কাদের, জালাল ইউনুস, নজিব আহমেদ, ইসমাইল হায়দার মল্লিক, গাজী গোলাম মুর্তজা, লোকমান হোসেন ভূঁইয়া, হানিফ ভুঁইয়া, শওকত আজিজ রাসেল ও তানজিল চৌধুরী।

ক্যাটগরি-৩ : বিভিন্ন প্রতিষ্ঠান ও সাবেক ক্রিকেটার থেকে ১ জন
খালেদ মাহমুদ।

জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় পরিচালক:
আহমেদ সাজ্জাদ উল আলম ববি ও এনায়েত হোসেন সিরাজ।