'...ঈশ্বর বোলারদের রক্ষা করুন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯৯২ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচসেরা হয়েছিলেন শচীন টেন্ডুলকার l ফাইল ছবি
১৯৯২ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচসেরা হয়েছিলেন শচীন টেন্ডুলকার l ফাইল ছবি

বিশ্বকাপের সফলতম ব্যাটসম্যান। সর্বকালের সেরাদের একজন। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিরুদ্ধ উইকেট-কন্ডিশনেও ছিলেন দারুণ সফল। গতবারের মতো এবারও আইসিসির বিশ্বকাপদূত তিনি। আইসিসির ওয়েবসাইটে লেখা কলামে শচীন টেন্ডুলকার শুনিয়েছেন অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে ব্যাটিং-সাফল্যের গল্প
জাতীয় দলের হয়ে উপমহাদেশের বাইরে আমার প্রথম সফর নিউজিল্যান্ডে, ১৯৯০ সালে। সর্বকালের সেরা ফাস্ট বোলাদের একজন, রিচার্ড হ্যাডলিকে খেলার জন্য মুখিয়ে ছিলাম। আন্তর্জাতিক ক্রিকেটে পা দেওয়ার পর কোনো গ্রেটের কাছ থেকেই বিশেষ ছাড় কখনো পাইনি। দলের আর সব ব্যাটসম্যানের মতো আমাকেও তাদের গোলা সামলাতে হয়েছে। নিউজিল্যান্ডে আমার প্রথম ইনিংসেই যখন ড্যানি মরিসন আমাকে গোল্ডেন ডাক উপহার দিল, ওর সতীর্থরাও আমাকে উপযুক্ত ‘সেন্ড-অফ’ জানাতে ভোলেনি! বলার অপেক্ষা রাখে না, যারপরনাই বিব্রত হয়েছিলাম আমি।
অস্ট্রেলিয়ায় আমার প্রথম সফর ১৯৯২ বিশ্বকাপের ঠিক আগে। ওই সফরটি ছিল স্পেশাল। সিডনি ক্রিকেট গ্রাউন্ডের সঙ্গে আমার দীর্ঘ রোমাঞ্চকর সম্পর্কের শুরু সেবারই, পরে যেটি হয়ে গেছে দেশের বাইরে আমার প্রিয় মাঠ। অস্ট্রেলিয়ার সবচেয়ে প্রিয় সন্তানদের একজন, শেন ওয়ার্নের সঙ্গে আমার বন্ধুত্বের সূচনাও সেবার। এবং সেই সফরেই প্রথমবার দেখা হলো আমার ব্যাটিং নায়ক ভিভ রিচার্ডসের সঙ্গে। মনে আছে, ভিভের সঙ্গে দেখা হয়েছিল স্রেফ মিনিট তিনেকের জন্য। আমার জন্য ওটাই ছিল দারুণ রোমাঞ্চকর!

ওই সফরেই আমি ব্যাকফুট পাঞ্চ শটটি দারুণভাবে আয়ত্ত করলাম। উচ্চতা খুব বেশি নয় আমার, বাউন্সের ওপর চড়ে বসতে পারা আমাকে গর্ব ও তৃপ্তি দিত। সহজাত ক্ষিপ্রতায় বলের লাইনে গিয়ে বাউন্সের ওপর চড়ে সোজা ব্যাটে পাঞ্চ করতাম। অফ স্টাম্পের বাইরে পর্যাপ্ত জায়গা পেলে অবশ্যই কাট শটও খেলতাম। তবে ব্যাকফুট পাঞ্চ ছিল আরও বৈচিত্র্যময়—গুড লেংথ বলেও আমি ওই শট খেলতাম। বোলারদের কাজ আরও কঠিন হয়ে উঠত। প্রায় সময়ই ওই শটে দুই রান পেতাম, টাইমিং খুব ভালো হলে বল ছুঁয়ে ফেলত সীমানা। এমনকি রক্ষণাত্মক শটও পায়ের অগ্রভাগে ভর দিয়ে বলের ওপর উঠে খেলতাম, জোড় সমতল পায়ে খেলার মতো প্রথাগত ডিফেন্স নয়।
নিউজিল্যান্ডও আমার হৃদয়ে বিশেষ জায়গা নিয়ে আছে। ওয়ানডেতে আমি ব্যাটিং ওপেন প্রথম শুরু করেছিলাম অকল্যান্ডে, ১৯৯৪ সালে। পরে ক্যারিয়ারজুড়েই উপভোগ করেছি ওপেন করা। আমি ওপেন করতে দারুণ আগ্রহী ছিলাম, কারণ জানতাম শুরু থেকেই প্রতিপক্ষের বোলারদের আক্রমণ করার সহজাত ক্ষমতা আছে আমার। সামর্থ্য আছে শুরুর দিকের ফিল্ডিং সীমাবদ্ধতার ফায়দা নেওয়ার। ১৯৯১-৯২ মৌসুমে নিউজিল্যান্ডের ওপেনার মার্ক গ্রেটব্যাচ এটি করে দেখিয়েছিলেন সফলভাবে। নিশ্চিত ছিলাম যে আমিও একইভাবে সফল হতে পারি আমার দেশের হয়ে।
সব সময়ই আমি চেয়েছি শুরু থেকে বোলারদের আক্রমণ করতে ও তাদের ছন্দ নষ্ট করে দিতে। মনে আছে, অনেক অনেকবার আমি ডাউন দ্য উইকেটে খেলেছি, বোলারদের বাধ্য করেছি লেংথ বদলাতে। এরপর অপেক্ষা করতাম শর্ট বলের জন্য। দ্রুতগতির ও বাউন্সি উইকেটের জন্য পরিচিত ছিল পার্থ ও ব্রিসবেন, ব্যাটসম্যানের অনভিজ্ঞতা যেখানে ফুটে উঠত অনায়াসেই। ব্যাটসম্যান-বোলার, উভয়ের জন্যই এখানে ভুলের সুযোগ কম। ব্যাটসম্যান যদি উইকেটের গতি ও বাউন্সের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে পারে, তাহলে শাসন করতে পারে প্রতিপক্ষের বোলিং। বোলারদের জন্য এসব উইকেটে গুড লেংথ এলাকা একটু ছোট। লাইন-লেংথ একটু এদিক-সেদিক হলেই ব্যাটসম্যানরা কাজে লাগায়। কিন্তু গুড লেংথ থেকে বাড়তি বাউন্স করাতে পারলে অবশ্য ব্যাটসম্যানদের ঝামেলায় ফেলা যাবে।
নিউজিল্যান্ডে কিছু কিছু ভেন্যুর ভৌগোলিক অবস্থানের কারণে বাতাসের কথা মাথায় রাখতে হবে ব্যাটসম্যানদের। কখনো কখনো ব্যাটসম্যানদের টাইমিংয়ে বড় প্রভাব ফেলতে পারে তীব্র বাতাস। বাতাসের বিপরীতে শট খেলার সময় ব্যাক লিফট স্বাভাবিকের চেয়ে হয় দ্রুততর, কিন্তু ডাউন-সুইং তুলনামূলকভাবে মন্থর। বল কিন্তু ঠিকই বাতাসের সঙ্গে আর দ্রুতগতিতে আসছে। টাইমিংয়ে তাই গড়বড় হয়। উল্টো প্রান্তে ব্যাটিংয়ের সময় আবার হয় উল্টোটা।
নিউজিল্যান্ডের মাঠগুলোর আরেকটি ব্যতিক্রমী ব্যাপার হলো, অনেক মাঠই প্রথাগত গোলাকার নয়। অস্ট্রেলিয়ায় অ্যাডিলেড ওভালের আকার স্বার্থ করে তুলেছে নামটিকেই। পয়েন্ট ও স্কয়ার লেগ সীমানা তুলনামূলক ছোট, কিন্তু সোজাসুজি অনেক লম্বা। সফরকারী দলের জন্য এসব অনেক ব্যাপার অনেক বড় পার্থক্য গড়ে দেয়। কারণ মাঠের আকৃতির কারণে মাঠ সাজানো ও বোলিং পরিকল্পনা নতুন করে ভাবতে হয়। অস্ট্রেলিয়ার বড় মাঠগুলোয় সীমানাও বড়। আমার মনে হয় আছে, ১৯৯৯ সালের সিরিজে রিকি পন্টিংয়ের ফিল্ডিংয়ের সময়ও আমি দৌড়ে চার নিয়েছিলাম।
পন্টিংয়ের হাতে জোর ছিল অবশ্যই, কিন্তু জানতাম এত দূরের সীমানা থেকে উইকেটকিপারের কাছে বল আসতে সময় কিছু লাগবেই। এখন যদিও সীমানা প্রায়ই খাটো করে দেওয়া হয়, তার পরও থেকে যায় অনেক বড়। বৃত্তের বাইরে এখন চারজন মাত্র ফিল্ডার রাখার নিয়ম করায় বোলারদের দুর্ভাগের কথা বলেন অনেকে। কিন্তু বৃত্তের ভেতরে একজন বাড়তি ফিল্ডার থাকলে বাজে ফর্মে থাকা ব্যাটসম্যানের কাজ কঠিন হয়ে যায়। স্ট্রাইক বদল করাই তো হয়ে ওঠে মুশকিল।
তবে ব্যাটসম্যান হিসেবে আমি এটাও বলছি, দুজন ফর্মে থাকা ব্যাটসম্যান যদি একসঙ্গে থাকেন উইকেটে...তাহলে, ঈশ্বর বোলারদের রক্ষা করুন!