'অচেনা' মজিদকে চিনল ইংলিশ বোলাররাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মজিদের ব্যাটিংয়ে ছিল ঝড়। ছবি: প্রথম আলো
মজিদের ব্যাটিংয়ে ছিল ঝড়। ছবি: প্রথম আলো

৯৫ বলে ১০৬। চারই মারলেন ১৬টি, সঙ্গে এক ছক্কা। ঝকমকে এক ইনিংস খেললেন আবদুল মজিদ। জাতীয় লিগে গত ম্যাচে মাত্র বরিশালের বিপক্ষে মাত্র চার রানের জন্য সেঞ্চুরি না পাননি। আজও ৯২ রানে অপরাজিত থেকে ফিরে এসেছিলেন সাজঘরে। লাঞ্চের পর নামলেনও না। জানে গেল পেশিতে টান পড়েছে। তবে কি আবারও সেঞ্চুরির কাছাকাছি গিয়ে হতাশ হতে হবে? মজিদ নামলেন, সেঞ্চুরি করলেন। আউটও হলেন! তবে এর আগে ইংলিশ বোলারদের ভালোমতো চেনালেন নিজেকে।
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফরমার। গত প্রিমিয়ার লিগে টানা সেঞ্চুরি করে আলোচনায় এসেছিলেন। দুই মৌসুম আগে জাতীয় লিগে ডাবল সেঞ্চুরিও করেছিলেন। কিন্তু সত্যি বলতে, সেভাবে কখনোই আলোটা পড়েনি তাঁর ওপর। বাংলাদেশের আপামর ক্রিকেট সমর্থকদের কাছে অনেকটাই অচেনা। সেই মজিদকে এবার চিনল ইংলিশ বোলাররাও। শুরু থেকেই এতটাই চড়াও ছিলেন।
আক্রমণাত্মক মেজাজে আসলে ছিলেন বিসিবি একাদশের প্রায় সবাই। ব্যাটিং এমএ আজিজ স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে প্রথম ইনিংসে বিসিবি একাদশ করেছে ২৯৪। বিনা উইকেটে ২ রান নিয়ে দিন শেষ করেছে ইং​ল্যান্ড। ৪৯ বলে ৪৭ করেছেন মোসাদ্দেক। নুরুল হাসান করেছেন ৩৯। তিনে নামা নাজমুল হোসেন শান্ত কেবল টেস্ট মেজাজে খেললেন। ১৩০ বলে করলেন ৭২। বাকি সাত ব্যাটসম্যানের কেউ দুই অঙ্কই ছুঁতে পারেননি। ৪ উইকেট নিয়েছেন স্পিনার জাফর আনসারি। টেস্টেও ইংলিশ পেসারদের চেয়ে স্পিনাররাই ভোগাবে মনে হচ্ছে!
স্টুয়ার্ট ব্রডকে বাউন্ডারি দিয়ে শুরু, মজিদ যত এগিয়েছেন ততই দুর্ভোগ বেড়েছে ইংলিশ বোলারদের! ক্রিস ওকসের এক ওভারেই মেরেছেন পর পর তিন বাউন্ডারি। ৩৯ বলে করেছেন হাফ সেঞ্চুরি। এর মধ্যে ৩৬ রানই এসেছে বাউন্ডারি থেকে। মজিদ সবচেয়ে বেশি ভুগিয়েছেন দুই ইংলিশ পেসার ব্রড ও স্টোকসকে। অবশ্য ইনিংসের একমাত্র ছক্কাটি এসেছে গ্যারেথ ব্যাটির ওভারে।
প্রস্তুতি ম্যাচ মানেই নিজেদের ঝালিয়ে নেওয়া। হতে পারে এটি প্রস্তুতি ম্যাচ, তবে প্রতিপক্ষ ইংল্যান্ড বলেই মজিদকে এই ইনিংসটা নিশ্চিত আত্মবিশ্বাসী করবে। ইংলিশ বোলারদের বিপক্ষে যেভাবে দাপট দেখিয়েছেন ২৫ বছর বয়সী ওপেনার, প্রথম টেস্টের আগে সেটি আত্মবিশ্বাসী করবে বাংলাদেশের অন্য ব্যাটসম্যানদেরও।
মজিদ অবশ্য অনেক দিন ধরেই খেলছেন ঘরোয়া ক্রিকেটে। প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর অভিষেক ২০১১ সালের মার্চে। ৪২টি প্রথম শ্রেণির ম্যাচে ৪২.৩৭ গড়ে ৬ সেঞ্চুরি ও ১৩ হাফ সেঞ্চুরিতে করেছেন ২৬২৭ রান। সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগেও উজ্জ্বল মজিদ, ১৬ ম্যাচে ৪৪.১২ গড়ে ৭০৬ রান করে ছিলেন শীর্ষ তিনে।
মজিদ উঠে যাওয়ার পর ব্যাটিংয়ে নামেন মমিনুল হক। যদিও বাংলাদেশ দলের এই টপ অর্ডার ব্যাটসম্যান ছিলেন না ৮ অক্টোবর ঘোষিত প্রস্তুতি ম্যাচের খেলোয়াড় তালিকায়। বাংলাদেশ টেস্ট দলে যেহেতু তিনি নিয়মিত মুখ, ইংল্যান্ডের বোলারদের পরখ করে নিতেই মমিনুলকে এই ম্যাচে খেলানো। অবশ্য প্রথম ইনিংসে তাঁর ব্যাটিং অনুশীলনটা ভালো হয়নি। মাত্র ১ রান করে বোল্ড হয়েছেন মঈন আলীর বলে। টেস্ট দলে ডাক পাওয়া সৌম্য করেছেন মাত্র ৪ রান।