'অতিথি'রাই হারাল জিম্বাবুয়েকে

বিকেল সাড়ে চারটার দিকে অনুশীলনে এল বাংলাদেশ দল। মাশরাফি-ইমরুল-মুমিনুলরা গেট দিয়ে এক এক করে ঢুকেই উঁকি মারছেন মাঠে। প্রস্তুতি ম্যাচের শেষটুকু যদি দেখা যায়! কিন্তু ম্যাচ শেষ এর বেশ আগেই। মাশরাফিরা দেখতেও পেলেন না, প্রস্তুতি ম্যাচে কীভাবে উড়ে গেল জিম্বাবুয়ে!
সেটাও কোন দলের কাছে? যে দলের বেশ কজন পরশু দিনে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলে উঠেছেন রাতের ফ্লাইটে। আরও কজন ম্যাচ খেলেছেন আগের দিন। রাতে চট্টগ্রাম এসে কাল সকালেই নেমে পড়েছেন মাঠে। ম্যাচ শেষেই আবার ছুট, ঢাকায় ফেরার ফ্লাইট ধরার তাড়া। ওয়ানডে দলে থাকা দুজন ছাড়া বিসিবি একাদশের বাকি সবাই চট্টগ্রামে ছিলেন এক রাতের অতিথি। সেই অতিথিদের কাছেও পাত্তা পেল না জিম্বাবুয়ে, বিসিবি একাদশ জিতেছে ৮৮ রানে।
জিম্বাবুয়ে অবশ্য বিশ্রাম দিয়েছিল অধিনায়ক এলটন চিগুম্বুরা, হ্যামিল্টন মাসাকাদজা, ক্রেইগ আরভিন, তিনাশে পানিয়াঙ্গারাকে। তার পরও রঙিন পোশাকের প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়ের সাদা পোশাকের চেহারাতেই থেকে যাওয়াটা বিস্ময়করই। অবাক করার আরেকটি বাড়তি কারণ, বিসিবি একাদশে ছিল না কোনো স্পেশালিস্ট স্পিনার। রাখা হয়নি ইচ্ছে করেই, জিম্বাবুয়েকে অনুশীলনের সুযোগ না দিতে। আর টেস্টের মতো মন্থর, নিচু বাউন্সের ছিল না উইকেট। বরং বাংলাদেশ বিবেচনায় যথেষ্টই ছিল গতি ও বাউন্স। উইকেটকিপার এনামুলকে বেশির ভাগ বলই ধরতে হলো বুকের সামনে থেকে। এত কিছু পক্ষে থাকার পরও টেলর-সিবান্দারা পারলেন না ওয়ানডে সিরিজে লড়াই করার ইঙ্গিত রাখতে।
টেস্ট সিরিজের সাফল্যে উজ্জীবিত বাংলাদেশ দলকে আরও আত্মবিশ্বাসের রসদ জোগাবে কালকের ম্যাচের ফল। তবে ম্যাচ থেকে প্রাপ্তি আছে আরও। রান পেয়েছেন জাতীয় দলে জায়গা হারানো নাসির হোসেন ও শামসুর রহমান। বিশেষ করে নাসির খেলেছেন চেনা নাসিরের মতো, অনেক দিন পর কাল আবার তাঁকে দেখা গেছে ‘ফিনিশার’ রূপে। শেষ টেস্টে দুর্দান্ত বোলিং করা শফিউল ইসলাম কালও দারুণ বোলিং করেছেন। দীর্ঘ চোট কাটিয়ে পুরোদমে ফেরার লড়াইয়ে থাকা আবুল হাসান আলাদা করে নজর কেড়েছেন ব্যাটে-বলে।
ওয়ানডে দলে থাকা এনামুল ও সাব্বির অবশ্য ব্যাটিং অনুশীলনের সুযোগটা কাজে লাগাতে পারেননি। ৫১ রানে ৩ উইকেট হারানোর পর শামসুরের সঙ্গে ৬০ রানের জুটি গড়েছিলেন সাব্বির। তবে এলবিডব্লু হয়েছেন অফ স্পিনার নিয়ুম্বুকে রিভার্স সুইপ করতে গিয়ে (২২)। ১ রানের জন্য ফিফটি না পাওয়া শামসুরও এলবিডব্লু একই বোলারের বলে। ১১৮ রানে ৫ উইকেট হারানো দলকে উদ্ধারকে করেন নাসির ও শুভাগত (৪৩ বলে ৪০), ষষ্ঠ উইকেটে ৮৭ বলে ৯৪ রানের জুটি গড়েন দুজন। ৩ চার, ২ ছক্কায় ৬২ বলে ৬১ করেছেন নাসির। শেষ দিকে ৪ ছক্কায় ১৬ বলে ৩৩ করেছেন অভিষেক টেস্টে দশে নেমে সেঞ্চুরি করা সেই আবুল হাসান, ৭ বলে ১৭ মুক্তার। শেষ ১০ ওভারে বিসিবি একাদশ তুলেছে ৯৩।
২৮৩ রান তাড়ায় কখনো সেভাবে জয়ের সম্ভাবনাই জাগাতে পারেনি জিম্বাবুয়ে। প্রমোশন পেয়ে চারে নামা লেগ স্পিনিং অলরাউন্ডার টিমাইসেন মারুমা ৫০ করলেও বল খেলেছেন ৭৯টি। বিসিবি একাদশের চার পেসারই পেয়েছেন উইকেট। সাব্বির-নাসির খণ্ডকালীন অফ স্পিনেও ভোগালেন যথেষ্ট।
সেটি কি ওয়ানডে সিরিজেরও সম্ভাব্য প্রতিচ্ছবি!
সংক্ষিপ্ত স্কোর
বিসিবি একাদশ: ৫০ ওভারে ২৮২ (এনামুল ১৩, শামসুর ৪৯, রনি ২, সৌম্য ১৪, সাব্বির ২২, নাসির ৬১, শুভাগত ৪০, হাসান ৩৩, মুক্তার ১৭, শফিউল ১, শহীদ ১*; সিবান্দা ৪/৪৪, মাদজিভা ২/২২, নিয়ুম্বু ২/৪০, কামুনগোজি ১/৫৮)। জিম্বাবুয়ে: ৪৫.৩ ওভারে ১৯৪ (টেলর ২৮, চাকাভা ১৪, রাজা ৪৪, মারুমা ৫০, সিবান্দা ৫, মুর ০, মায়ার ৪, মাদজিভা ১, মুতুম্বামি ২২, শিঙ্গি মাসাকাদজা ১৫, নিয়ুম্বু ২*; সাব্বির ২/২৩, শফিউল ২/২৪, শহীদ ২/২৫, হাসান ২/৫৩, নাসির ১/২৩, মুক্তার ১/২৬)।
ফল: বিসিবি একাদশ ৮৮ রানে জয়ী।