অথচ গাভাস্কার ধারাভাষ্যকারই হতে চাননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধারাভাষ্যকার হিসেবে ২৫ বছর পূর্তি গাভাস্কারের। ফাইল ছবি
ধারাভাষ্যকার হিসেবে ২৫ বছর পূর্তি গাভাস্কারের। ফাইল ছবি

১৯৯০ সালের ২৫ জুলাই। লর্ডস টেস্ট খেলতে নামল ভারত। টেস্টটি সুনীল গাভাস্কারের জন্যও স্মরণীয়। যদিও এর বছর তিনেক আগেই ২২ গজের অধ্যায় শেষ করেছেন ভারতীয় কিংবদন্তি। গাভাস্কার ওই টেস্টে উপস্থিত ছিলেন সাবেক ক্রিকেটার হিসেবেই। লর্ডস টেস্টে শুরু করলেন নতুন ইনিংস, হাতে উঠল মাইক্রোফোন। সেই শুরু, চলছে এখনো। ধারাভাষ্যকার হিসেবে ২৫ বছর পূরণ হলো ভারতীয় কিংবদন্তির।
২২ গজে ব্যাট হাতে যেমন দারুণ সব ইনিংসে মোহিত করেছেন মানুষকে, মাইক্রোফোন হাতেও ঠিক তা-ই। ২৫ বছর ধরে মুগ্ধ করে চলেছেন ধারাভাষ্যকার হিসেবেও। অথচ গাভাস্কারের নাকি ধারাভাষ্যকর হওয়ার ইচ্ছেই ছিল না, ‘না, ধারাভাষ্যকার হতে চাইনি। তবে যেকোনো কাজ একবার শুরু করলে, আন্তরিকভাবেই সেটা করতে থাকি।’
এনডিটিভির খবরে বলা হয়েছে, লর্ডস টেস্টের আগে অবশ্য টেলিভিশনে কিছু কাজ করেছিলেন গাভাস্কার। তবুও ধারাভাষ্য দিতে স্নায়ুচাপে ভুগেছেন, স্বীকার করলেন অকপটেই, ‘হ্যাঁ প্রথম দিকে স্নায়ুচাপে ভুগেছি।’ তখন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন সহ-ধারাভাষ্যকরেরা, ‘সহ-ধারাভাষ্যকারের খুবই সহায়তা করেছে তখন। তাঁর মধ্যে একজন ছিলেন রিচি বেনো। দারুণ কিছু পরামর্শ ও দিকনির্দেশনা দিয়েছিলেন তিনি।’ গাভাস্কারের প্রতি বেনোর দেওয়া একটি গুরুত্বপূর্ণ পরামর্শ ছিল, ‘‘সরাসরি সম্প্রচারের সময় নিরপেক্ষ থাকতে হবে। টিভি ধারাভাষ্যে কখনো ‘আমরা, আমাদের এবং তাদের’ শব্দগুলো ব্যবহার করা যাবে না।’’
গাভাস্কারের কাছে জানতে চাওয়া হয়েছিল, এই সময়ে সেরা পাঁচ ধারাভাষ্যকারের নাম বলতে। এ ক্ষেত্রে ‘নিরপেক্ষ’ উত্তরই দিলেন গাভাস্কার, ‘অসাধারণ সব মানুষের সঙ্গে কাজ করেছি। সবার সঙ্গে কাজ করাটা ভীষণ আনন্দদায়ক। কাজেই কজনার নাম বললে অন্যদের প্রতি অবিচার করা হবে।’ এনডিটিভি।