'অদ্ভুত আউট' নিয়ে বিতর্ক চলছেই

বিতর্কটা বোধ হয় শেষ হবে না কোনো দিনই! ক্রিকেটে কোনো ব্যাটসম্যানকে ‘মানকাডিং’-এর ফাঁদে ফেলাটা আইনসিদ্ধ ঠিকই, কিন্তু এটি ক্রিকেটের চেতনার সঙ্গে যায় কিনা, এ নিয়েই চলে অন্তহীন এক বিতর্ক। গতকাল চট্টগ্রামে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে ম্যাচটি ‘মানকাডিং’ দিয়ে শেষ হওয়ায় আবারও সেই পুরোনো বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠেছে ক্রিকেট দুনিয়ায়। কেউ পক্ষে, তবে বেশির ভাগই যেন বিপক্ষে। সাবেক অনেক তারকা ক্রিকেটারই জিম্বাবুয়ের যুবাদের বিপক্ষে ‘মানকাডিং’ আউট দিয়ে পাওয়া ক্যারিবীয় যুবাদের জয়টাকে মন থেকে মেনে নিতে পারছেন না।
কাল শেষ ওভারে জিম্বাবুয়ের দরকার ছিল ৩ রান, হাতে এক উইকেট। এমন সময় বোলার বোলিং প্রান্ত থেকে দৌড়ে এসে বল ডেলিভারি না করে হুট করে স্টাম্পে লাগিয়ে দেন। নন স্ট্রাইকিং ব্যাটসম্যান ততক্ষণে খানিকটা বেরিয়ে গিয়েছিলেন। ফলে বল না করেই রান আউট করে দেয় ওয়েস্ট ইন্ডিজ। আর এই জয় তাদের নিয়ে যায় শেষ আটে। ফলে বিতর্কটা হচ্ছে বেশ।
ভিনু মানকড়ের নাম থেকেই ক্রিকেটের ‘অদ্ভুত’ এই আউটের নামকরণ করা হয়েছিল। ঘটনাটা সেই ১৯৪৭ সালের। ভারতের অস্ট্রেলিয়া সফরে সিডনি টেস্টে অস্ট্রেলীয় ব্যাটসম্যান বিলি ব্রাউনকে এভাবে আউট করে দেন ভারতীয় স্পিনার মানকড়। প্রথম ঘটনাই বেশ শোরগোল ফেলে দেয়। অস্ট্রেলীয় গণমাধ্যম ঘটনাটিকে ‘অখেলোয়াড়সুলভ’, ‘ক্রিকেটীয় চেতনা-বিরোধী কাজ’ ইত্যাদি হিসেবে অভিহিত করেছিল। তবে অস্ট্রেলিয়ার অধিনায়ক, সর্বকালের সেরা ক্রিকেটার স্যার ডন ব্র্যাডম্যান কিন্তু এই আউটকে তখন সমর্থনই করেছিলেন।
‘মানকাডিং’ নিয়ে বিতর্কটা সত্যি সত্যিই নিরন্তর। ক্রিকেট আইনের ৪৭.১৫ ধারায় বলা আছে, ‘কোনো বোলার যদি বোলিং শুরু করার সময় দেখতে পায় নন-স্ট্রাইকিং প্রান্তের ব্যাটসম্যান ক্রিজ ছেড়ে বেরিয়ে গেছে, তাহলে বোলিং শেষ না করেই নন-স্ট্রাইকিং প্রান্তের ব্যাটসম্যানকে আউট করার জন্য সে প্রান্তের স্টাম্প ভেঙে দিতে পারে। সে ক্ষেত্রে ডেলিভারিটি ওভারের একটি বল হিসেবে গণ্য করা হবে না। কিন্তু ব্যাটসম্যানকে আউট করতে যদি বোলার ব্যর্থ হয়, তাহলে সেটা ডেড বল হিসেবে ধরা হবে।’
এই নিয়মের পক্ষে যুক্তিটা হলো, এই আইন না থাকলে বোলার দৌড় শুরু করলে নন স্ট্রাইকিং প্রান্তের ব্যাটসম্যান তো আগেই অনেকটা এগিয়ে গিয়ে রান পুরো করার অন্যায় সুবিধা পাবে। কিন্তু মানকাডিং নিয়ে বিতর্ক এ জন্যই হয়, বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায় ব্যাটসম্যানের অসতর্কতার কারণেই আউটটি হয়েছে, অন্যায় সুবিধা নিতে চাওয়ার জন্য নয়।
মানকাডিংকে অনেকেই ক্রিকেটীয় চেতনা পরিপন্থী ব্যাপার হিসেবে ধরে নিলেও এর পক্ষেও আছেন অনেকে। সাবেক ক্যারিবীয় ফাস্ট বোলার, এখনকার জনপ্রিয় ধারাভাষ্যকার ইয়ান বিশপ কাল যেমন এর পক্ষে দীর্ঘক্ষণ টিভিতে যুক্তিতর্ক তুলে ধরলেন। মানকাডিংয়ের পক্ষে বলেছেন ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকারও। তিনিও মনে করেন, এটি যেহেতু আইন। এই আইন সম্পর্কে জানা সব ক্রিকেটারের দায়িত্ব। ক্রিকেটারেরই উচিত নন স্ট্রাইকিং প্রান্তে সতর্ক থাকা।
তারকা ধারাভাষ্যকার হর্ষ ভোগলে তো এই প্রশ্ন তুলে দিলেন, ব্যাটে বা গ্লাভসে বল লেগেছে জেনেও কোনো ব্যাটসম্যান যখন কিছুই হয়নি ভাব করে দাঁড়িয়ে থাকে, তখন কোথায় থাকে ক্রিকেটীয় চেতনা?
তবে ক্রিকেট যেহেতু শুধু একটি খেলা নয়, খেলার চেয়েও বেশি কিছু, স্বাভাবিকভাবেই অনেকে এর বিপক্ষে। অনেকে তো ব্যাপারটিকে ‘বিব্রতকর’ ‘লজ্জাজনক’ ইত্যাদি বিশেষণেও অভিহিত করেছেন। অস্ট্রেলিয়ার কোচ ড্যারেল লেম্যান, সাবেক অস্ট্রেলীয় ক্রিকেটার টম মুডি থেকে শুরু করে ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়ক এউইন মরগান, ইংলিশ ক্রিকেটার জেমস অ্যান্ডারসন সবাই এটির বিরুদ্ধে। সোচ্চার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে সর্বশেষ মানকাডিংয়ের শিকার হওয়া ইংলিশ ব্যাটসম্যান জশ বাটলারও।

এই আলোচনা-বিতর্কের আসলেই যে শেষ নেই!
ক্রিকেটের কয়েকটি বিখ্যাত ‘মানকাডিং’:
* ১৯৯২-৯৩ মৌসুমে দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান পিটার কারস্টেনকে মানকাডিং করে আউট করেছিলেন কপিল দেব। কয়েকবার সাবধান করা সত্ত্বেও কারস্টেন নাকি সেদিন বারবারই ক্রিজ ছেড়ে বেরিয়ে যাচ্ছিলেন। ব্যাপারটা নিয়ে সেসময় জলঘোলা হয়েছিল প্রচুর।
* একই বছর হারারেতে জিম্বাবুয়ে-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজে এ ধরনের একটি ঘটনা আছে। সিরিজের চতুর্থ ওয়ানডেতে নিউজিল্যান্ডের অফ স্পিনার দীপক প্যাটেল মানকাডিং করেছিলেন জিম্বাবুয়ে ব্যাটসম্যান গ্র্যান্ট ফ্লাওয়ারকে। প্যাটেলও সে ম্যাচে গ্র্যান্ট ফ্লাওয়ারকে দুবার সতর্ক করেছিলেন।
* আন্তর্জাতিক ক্রিকেটে মানকাডিংয়ের সর্বশেষ ঘটনা ঘটে ২০১৪ সালে। শ্রীলঙ্কা-ইংল্যান্ড ওয়ানডে সিরিজে ইংলিশ ব্যাটসম্যান জশ বাটলারকে মানকাডিং করেছিলেন লঙ্কান অফ স্পিনার সচিত্র সেনানায়েকে। মাঠের দর্শকেরা অবশ্য এই ঘটনায় নিন্দা জানিয়েছিলেন তাঁদের মতো করেই।
* ভারতীয় বাঁ হাতি স্পিনার মুরালি কার্তিক দুবার মানকাডিং ঘটনার মূল চরিত্র। দুবারই অবশ্য ঘরোয়া ক্রিকেটে। ২০১২ সালে প্রথমবার তিনি ইংলিশ কাউন্টি ক্রিকেটে মানকাডিং করেছিলেন সমারসেটের ব্যাটসম্যান অ্যালেক্স ব্যারোকে। পরের ঘটনাটি ২০১৩ সালে, ভারতের রঞ্জি ট্রফির এক ম্যাচে। দ্বিতীয়বার কার্তিকের হাতে মানকাডিংয়ের শিকার হয়েছিলেন বাংলার ব্যাটসম্যান সন্দ্বীপন দাস।