'অধিনায়ক' স্মিথকে রুখবে কে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুরন্ত স্মিথ! ছবি: রয়টার্স
দুরন্ত স্মিথ! ছবি: রয়টার্স

মাইকেল ক্লার্কের চোটের কারণে টেস্টে হঠাৎই অধিনায়কত্ব পেলেন স্টিভেন স্মিথ। ভারতের বিপক্ষে তিন টেস্টেই পেলেন সেঞ্চুরি। দল হারেনি এক ম্যাচেও। ওয়ানডের নিয়মিত অধিনায়ক জর্জ বেইলি স্লো-ওভার রেটের কারণে এক ম্যাচ নিষিদ্ধ হওয়ায় আবারও হঠাৎ অধিনায়কত্বের দায়িত্ব বর্তাল স্মিথের ওপর। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে আজ ইংল্যান্ডের বিপক্ষেও পেলেন সেঞ্চুরি, দল পেল ৩ উইকেটের জয়। গত কদিনে প্রতিপক্ষ বদলেছে, বদলেছে সংস্করণ—কিন্তু বদলেনি ‘ক্যাপ্টেন’ স্মিথের ফর্ম!
ইংলিশদের দেওয়া ৩০৪ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালো এনে দেন দুই ওপেনার অ্যারন ফিঞ্চ ও শন মার্শ। উদ্বোধনী জুটিতে আসে ৭৬ রান। এরপর ১ উইকেটে ৯২ রান থেকে চোখের পলকে ৩ উইকেটে ৯২ হয়ে যায় অস্ট্রেলিয়ার। এরপর গ্লেন ম্যাক্সওয়েলের সঙ্গে স্মিথ চতুর্থ উইকেটে ৬৯, জেমস ফকনারের সঙ্গে পঞ্চম উইকেটে ৫৫ ও ষষ্ঠ উইকেটে ব্র্যাড হাডিনের সঙ্গে ৮১ রানের জুটি গড়ে তোলেন। শেষ ১০ ওভারে অস্ট্রেলিয়ার দরকার ছিল ৭৪ রান। প্রতিপক্ষকে আর সুযোগ দেননি স্মিথ। ঠান্ডা মাথায় বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলে দলকে জিতিয়ে তবেই ফিরেছেন। করেছেন ক্যারিয়ারের তৃতীয় ওয়ানডে সেঞ্চুরি । অপরাজিত ছিলেন ১০২ রানে। স্মিথের পাশাপাশি শেষ দিকে হাডিনের ২৯ বলে ৪২ রানের ইনিংসটিও ইংলিশদের পরাজয়ের অন্যতম কারণ।
টসে জিতে প্রথমে ফিল্ডিং নেয় অস্ট্রেলিয়া। ব্যাট করতে নেমে ইংল্যান্ডের দারুণ শুরু এনে দেন মঈন আলী ও ইয়ান বেল। উদ্বোধনী জুটিতে আসে ১১৩ রান। ফকনারের বলে মঈন ফেরেন ৪৬ রান করে। তবে ইংলিশরা বড় স্কোর গড়ে বেল-রুটের তৃতীয় উইকেট জুটির কল্যাণে। এ জুটিতে আসে ১২১ রান। বেল খেলেন ক্যারিয়ার-সেরা ১৪১ রানের দারুণ এক ইনিংস। এ ছাড়া রুটের সংগ্রহ ৬৯ রান। নির্ধারিত ৫০ ওভারে ইংল্যান্ডের সংগ্রহ ৮ উইকেটে ৩০৩ রান।