'অধিনায়ক থাকবে কি না সেই সিদ্ধান্ত ধোনির'

তাঁর নিজের অবসরের ঘোষণাটাই এসেছিল চমক হয়ে। মাত্র বিশ্বকাপ জেতানো এক অধিনায়ক কেবল এক সিরিজের হারে অবসর নিয়ে নেবেন কে ভাবতে পেরেছিল। কিন্তু মাইকেল ক্লার্কের মনে হয়েছিল, এটাই সঠিক সময়। দুবার চিন্তা না করে বিদায় বলে দিয়েছিলেন। মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বের ব্যাপারে ক্লার্ক বলছেন, ভারতের ক্রিকেটে নিজের অবদানের কারণেই ধোনি নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। কারও অনুকম্পায় নয়।
ধোনির অধিনায়কত্বে টানা তিনটি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ হেরেছে ভারত। বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজেও ব্যর্থ হয়েছিল তারা। বিশ্বকাপের পর বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার কাছে ওয়ানডে সিরিজ হার। গত পাঁচটি সিরিজ বা টুর্নামেন্টে ভারত ব্যর্থ। ধোনির অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠে গেছে। সেই প্রশ্নকর্তাদের মধ্যে আছেন ইয়ান চ্যাপেলও।
নিজের কলামে চ্যাপেল লিখেছেন, যতটা সময় থাকা উচিত ছিল, ধোনির এর চেয়ে বেশি সময় ধরে অধিনায়ক আছেন। এটা শাঁখের করাত হয়ে গেছে ভারতের জন্য। ধোনির প্রেরণামন্ত্র দলকে উজ্জীবিত তো করতেই পারছে না, উল্টো তাঁর উপস্থিতি দলে নেতিবাচক প্রভাব ফেলছে।
কিন্তু অস্ট্রেলিয়ারই আরেক সাবেক অধিনায়ককে পাশে পেলেন ধোনি। ক্লার্ক সবাইকে ধোনির সাফল্যের কথা মনে করিয়ে দিলেন, ‘সব ধরনের ক্রিকেটেই ধোনি ভারতের জন্য দুর্দান্ত কাজ করেছে। সে এখনো দলকে অনেক কিছু দিতে পারে। ক্যারিয়ারজুড়েই সে অধিনায়ক হিসেবে দারুণ করেছে, ভারতের এত লম্বা সময় ধরে সফল হওয়ার পেছনে তার নিজের অবদানই সবচেয়ে বেশি। আমি জানি এই সিরিজটা হেরে যাওয়ায় সে হতাশ। কিন্তু একজন খেলোয়াড় কিংবা অধিনায়ক হিসেবে ওর দেওয়ার এখনো বাকি আছে।’
ধোনির বয়স এখন ৩৫ ছুঁয়েছে। তাঁরই সমবয়সী ক্লার্ক এরই মাঝে ক্রিকেটকে বিদায় জানিয়ে দিয়েছেন। ধোনিরও কি তবে সময় এসেছে বিদায় বলে দেওয়ার। তা যদি না হয়, অন্তত অধিনায়কের দায়িত্ব থেকে সড়ে দাঁড়ানো তো উচিত—অনেকেরই ভাবনা এমন। কিন্তু ক্লার্ক এ সব কথাকে পাত্তাই দিলেন না, ‘সে যদি চায় তবে ওরই অধিনায়ক থাকা উচিত, কারণ এটা সে অর্জন করেছে। আর সবাই জানে বিদায় বলার সঠিক সময় কখন...৯৯ ভাগ সময়ে ধোনি যখন ব্যাট করতে নেমেছে তখন মাত্র ৫ কিংবা ১০ ওভার বাকি ছিল। আমার মনে হয় না বোলারদের খুব একটা দোষ দেওয়া যাবে। ধোনিকে তো নয়ই।’
উপমহাদেশের সংস্কৃতি অনুযায়ী ক্লার্কের এই আশাবাদ অবশ্য মিথ্যে হয়ে যেতেই পারে। ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপটাই হয়তো ধোনির জন্য শেষ সুযোগ। কে জানে, তারপরই হয়তো ক্লার্কের মতোই বিদায় বলে দেবেন ধোনি নিজেই। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।
আরও পড়ুন: