'অনুগ্রহ করে পাকিস্তানে আসুন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। ছবি: এএফপি
পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। ছবি: এএফপি

করাচিতে সবশেষ ওয়ানডে গড়িয়েছে ২০০৯ সালে। মাঝের এ সময়ে কত কিছু পাল্টেছে! মাঠে গড়িয়েছে তিনটি বিশ্বকাপ। গোটা একটি প্রজন্ম বেড়ে উঠেছে। বিপ্লব ঘটেছে সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে। করাচিতে সেসবের ঢেউ লেগেছে খুব সামান্যই। অন্তত আন্তর্জাতিক ক্রিকেটের। দীর্ঘ এক দশক পর আজ আবারও আন্তর্জাতিক ক্রিকেট গড়াচ্ছে পাকিস্তানের শহরটিতে। প্রতিপক্ষ সেই শ্রীলঙ্কা-ই।

এই শ্রীলঙ্কা দলের টিম বাসই ২০০৯ সালের সফরে বোমা হামলার শিকার হয়েছিল লাহোরে। এরপর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে ‘নিজ ভূমে পরবাসী’ হয়েছে পাকিস্তান। ২০১৭ সালে টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে গিয়েছিল বিশ্ব একাদশ। ওই বছরই সেখানে একটি টি-টোয়েন্টি খেলেছে শ্রীলঙ্কা। আর গত বছর করাচিতে টি-টোয়েন্টি সিরিজ খেলেছে ওয়েস্ট ইন্ডিজ। এ ছাড়া আর কোনো বড় দলই পাকিস্তান সফরে যায়নি।

সে হিসেবে আজকের দিনটি পাকিস্তান ক্রিকেটের জন্য ঐতিহাসিক। দীর্ঘ এক দশকের মধ্যে পাকিস্তানে এত দিনের সফরে আসেনি আর কোনো দল। তিন ম্যাচ করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে শ্রীলঙ্কা। সংবাদমাধ্যমকে পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ তাই বলেছেন, ‘শুক্রবারের (আজ) দিনটি ঐতিহাসিক।’ করাচিতে আজ সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে পাকিস্তান।

অন্যান্য আন্তর্জাতিক দলকেও পাকিস্তান সফরে আসার আহবান জানালেন সরফরাজ, ‘নিরাপত্তা ব্যবস্থা উন্নত হয়েছে। এখানে (পাকিস্তান) আমরা পিএসএলের ম্যাচ খেলছি। এ মুহূর্তে ক্রিকেট বিশ্বের প্রতি আমার বার্তা—অনুগ্রহ করে এখানে আসুন। পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট পুনরায় চালু করতে সমর্থন দিন।’

নিরাপত্তার কারণ দেখিয়ে শ্রীলঙ্কা দলের ১০ ক্রিকেটার পাকিস্তান সফরে আসেননি। তাদের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়েই শ্রীলঙ্কা অধিনায়ক লাহিরু থিরিমান্নে প্রশংসা করলেন পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থার, ‘নিরাপত্তা ব্যবস্থা প্রথম শ্রেণির। কোনো সমস্যা হচ্ছে না। আসলে আমাদের হোটেল থেকে বের হওয়ার অনুমতি নেই। আর তাই ফিফা গেম আর ক্যারম খেলেই সময় কাটছে।’