এমনিতে সংবাদমাধ্যমের সামনে খুব একটা আসা হয় না তাঁর। হাইপ্রোফাইল কোচদের সঙ্গে থেকে কাজটা মূলত পর্দার অন্তরালেই করেন। কিন্তু দেশে যখন স্পিনারদের দারুণ সুদিন, তাঁকে তো সামনে আসতেই হয়। কাল অনুশীলন শেষে সংবাদমাধ্যমের সামনে হাজির রুয়ান কালপাগে, বাংলাদেশ দলের শ্রীলঙ্কান স্পিন কোচ।
প্রথম টেস্টের দুই ইনিংস মিলিয়ে জিম্বাবুয়ে যে ২০ উইকেট হারিয়েছে, তার ১৮টিই বাংলাদেশের স্পিনারদের। এর মধ্যে আবার তাইজুল ইসলাম আর সাকিব আল হাসান মিলে নিয়েছেন ১৬টি। স্পিনারদের এ রকম একটা সাফল্যে স্পিন কোচ খুশি থাকবেন, সেটা জানাই। কালপাগে কথাই শুরু করলেন ‘আমি অনেক খুশি’ বলে। ব্যাখ্যা করলেন খুশির কারণটাও, ‘অনেক দিন পর ফিরেই সাকিব ৬ উইকেট নিয়েছে। তার আত্মবিশ্বাসও নিশ্চয়ই তাতে ফিরে এসেছে। এ ছাড়া জুবায়ের ভালো বল করেছে, ৮ উইকেট নিয়ে তাইজুল তো বাংলাদেশকে ম্যাচই জিতিয়ে দিল।’
প্রথম টেস্টে তাইজুল-কীর্তিটা এমনই বড় যে, তাঁকে নিয়ে ওই একটি বাক্যই যথেষ্ট নয়। কালপাগে তাই যোগ করলেন, ‘খুবই ভালো লাইনে বল করেছে তাইজুল, ব্যাটসম্যানদের চাপে ফেলে দিয়েছিল সেটাই। শ্রীলঙ্কায় রঙ্গনা হেরাথকে এমন দেখেছি। আমার বিশ্বাস, তাইজুল-জুবায়েররাও বাংলাদেশের ক্রিকেটকে অন্য উচ্চতায় নিয়ে যেতে পারে।’ অবশ্য স্পিনারদের সাফল্যে বলেরও একটা ভূমিকা দেখছেন তিনি, ‘আমরা সাধারণত কোকাবুরা বল দিয়ে খেলি। কিন্তু এবার এসজি বল দিয়ে খেলছি। এই বল স্পিনারদের অনেক সাহায্য করে।’
আগামী সোমবার দ্বিতীয় টেস্ট শুরু হবে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে। কালপাগের আশা, খুলনাতেও খুব ভালো কিছুই অপেক্ষা করছে তাদের জন্য, ‘উপমহাদেশে আমাদের স্পিনাররা অবশ্যই জিম্বাবুয়ের স্পিনারদের চেয়ে ভালো। সাকিব, তাইজুল, লিখনের (জুবায়ের) ওপর আমাদের আস্থা আছে। আশা করি, খুলনায়ও খুব ভালো একটা টেস্ট ম্যাচ হবে।’
একসময় শ্রীলঙ্কা দলের ফিল্ডিং কোচ ছিলেন। এর আগে একাডেমির কোচ থাকার সময় একই দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ দলেও। কালপাগের সঙ্গে কথোপকথনটা তাই শুধু স্পিন বোলিং নিয়ে সীমাবদ্ধ থাকেনি, গড়িয়েছে ফিল্ডিংয়ের দিকেও। প্রথম টেস্টের বাজে ফিল্ডিংয়ের প্রসঙ্গ তুলতেই জানালেন, ২০১৫ বিশ্বকাপ সামনে রেখে এই দিকটার ওপর বিশেষ দৃষ্টি দেওয়ার কথা, ‘ফিল্ডিংটা আমরা চাইলেই ভালো করতে পারি। উন্নতির অনেক জায়গা আছে, আমরা সেসব নিয়ে কাজ করব। জিম্বাবুয়ের সঙ্গে পাঁচটি ওয়ানডে আছে, এরপর বিশ্বকাপ। কাজেই ফিল্ডিং অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়াবে।’
সেটা হয়তো হবে এবং বিশ্বকাপের আগে বাংলাদেশ দলেরও উচিত খুব ভালো একটা ফিল্ডিং দল হয়ে ওঠা। বায়োডাটা দেখলে বাংলাদেশের কোচদের মধ্যে এখন সবচেয়ে উঁচুতে আছেন ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসলই! স্পিন কোচ হিসেবে তাইজুল-জুবায়েরদের সঙ্গে কালপাগেও নিজের সবটুকু ঢেলে দিয়েই কাজ করবেন। কাল সেটার একটা ছবিও তুলে ধরতে চাইলেন সংবাদমাধ্যমের সামনে, ‘একজন সাবেক ক্রিকেটার হিসেবে আমি তাদের সঙ্গে আমার অভিজ্ঞতা ভাগাভাগি করব, তাদের আত্মবিশ্বাসী করে তোলার চেষ্টা করব।’ কালপাগে বাংলাদেশ দলের স্পিন কোচের দায়িত্ব নিয়েছেন খুব বেশি দিন হয়নি। তার পরও তাঁর দাবি, এই কদিনে স্পিনাররা অনেক কিছুই জেনেছে তাঁর কাছ থেকে, ‘নিজের কথা নিজের বলা উচিত নয়। আপনারা বরং খেলোয়াড়দের জিজ্ঞেস করে দেখতে পারেন। রঙ্গনা হেরাথের সঙ্গে কাজ করে আমি যেসব অভিজ্ঞতা অর্জন করেছি, তারা সেটাও জানতে পারবে।’
বাংলাদেশ দলের কোচিং স্টাফে এখন বেশির ভাগই শ্রীলঙ্কান। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও কালপাগে ছাড়াও ট্রেনার মারিও ভিল্লাভারায়নও তা-ই। অন্য দেশের কোচদের মধ্যে আছেন শুধু পেস বোলিং কোচ জিম্বাবুয়ের হিথ স্ট্রিক ও ইংল্যান্ডের ফিল্ডিং কোচ হ্যালসল। মাঠের ক্রিকেটটা যেমন ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ের যৌথ প্রযোজনা, মাঠের বাইরেও ব্যাপারটা সে রকমই বলে মনে করেন কালপাগে, ‘ক্রিকেটটা তিন বিভাগেই খেলতে হয়। শুধু একটা নিয়ে পড়ে থাকলে হয় না। ব্যাটিং-ফিল্ডিং নিয়েও আমরা আমাদের অভিজ্ঞতা ভাগাভাগি করি। একটা দলের সবকিছুই দরকার।’