'অনৈতিক'ভাবে রিভিউ নিয়েছিলেন দিলরুয়ান?

কলকাতা টেস্টের চতুর্থ দিনে দিলরুয়ান পেরেরাকে এলবিডব্লু দিয়েছিলেন আম্পায়ার নাইজেল লং। মাঠ ছাড়ার সময় হঠাৎ কী মনে করে যেন রিভিউ নিয়ে সে যাত্রা বেঁচে গেলেন লঙ্কান ব্যাটসম্যান।
টিভি রিপ্লে দেখে মনে হয়েছে, ড্রেসিংরুমের সাহায্য পেয়ে রিভিউ নিয়েছেন এই ডানহাতি অফ ব্রেক বোলার। যদিও ভারতীয় দলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক অভিযোগ করা হয়নি। ধারাভাষ্যকারদের ধারণা, পেরেরা ‘অনৈতিক’ সুবিধা পেয়েছেন। তবে এক আনুষ্ঠানিক বিবৃতিতে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) জানিয়েছে, তাঁকে ড্রেসিংরুম থেকে কোনো বার্তা দেওয়া হয়নি।
বিবৃতিতে এসএলসি আরও বলেছে, ‘অনেকেই যেমনটা ভাবছেন তাঁর বিপরীতে, ওই রিভিউতে ড্রেসিংরুম থেকে কোনো বার্তা দেওয়া হয়নি। রিভিউ শেষ হয়ে গিয়েছে ভেবে দিলরুয়ান পেরেরা মাঠ ছাড়ছিলেন। কিন্তু অপর ব্যাটসম্যান রঙ্গনা হেরাথ আম্পায়ারের সঙ্গে কথা বলে নিশ্চিত হন যে আরও একটি রিভিউ বাকি আছে। তখন দিলরুয়ান রিভিউয়ের জন্য আবেদন করেন।’
লঙ্কান ক্রিকেটাররা আইসিসির নিয়ম-নীতির প্রতি শ্রদ্ধাশীল বলে দাবি করেছে এসএলসি। বোর্ডের বক্তব্যের সঙ্গে সুর মিলিয়ে কথা বলেছেন সাবেক অধিনায়ক রঙ্গনা হেরাথ। তিনি বলেছেন, ‘আমি রিভিউয়ের ব্যাপারে আম্পায়ার নাইজেল লংয়ের সঙ্গে কথা বলছিলাম। দিলরুয়ান হয়তো সেটা শুনেই রিভিউর আবেদন করেছে। আমি তাকে ফেরত ডাকিনি, আমি শুধু রিভিউ নিতে চাইছিলাম।’
ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমার অবশ্য বলেছেন, তাঁর দল তখন উদ্যাপনে ব্যস্ত ছিল। তাঁরা বিষয়টি খেয়াল করেননি। এই ঘটনার সঙ্গে ফিরে আসছে স্টিভেন স্মিথের ‘ব্রেন ফেড’ স্মৃতি। এ বছরের মার্চে স্বাগতিক ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে ড্রেসিংরুমের সাহায্য নিয়ে রিভিউ নিয়েছিলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক। পরে জিজ্ঞেস করা হলে স্মিথ বলেছিলেন এটি ছিল ‘ব্রেন ফেড’, অর্থাৎ ঘটনার আকস্মিকতায় করে ফেলেছিলেন। যদিও ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি বলেছিলেন, অস্ট্রেলিয়ানরা জেনেশুনেই অবৈধ সুবিধা নিয়েছিলেন। সূত্র: জিনিউজ।