'অপমানিত' 'অসম্মানিত' চন্দরপলের আক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজেকে অসম্মানিত ভাবছেন চন্দরপল। ছবি: ফাইল ছবি।
নিজেকে অসম্মানিত ভাবছেন চন্দরপল। ছবি: ফাইল ছবি।

খুব বেশি কিছু তো আর চাননি শিবনারায়ণ চন্দরপল। বিদায় বেলায় একটু সম্মান—এই তো! ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের নির্বাচকেরা এই সামান্য সৌজন্যটুকু দেখাতে রাজি হননি তাঁর বেলায়। এত বছর ধরে ক্যারিবীয় ক্রিকেটের সেবা করার পর নির্বাচকদের অনাগ্রহ আর অবহেলার কারণেই একেবারে নীরবেই অতীত হয়ে গেছেন টেস্ট ক্রিকেটের ইতিহাসে সপ্তম সর্বোচ্চ রানের মালিক এই ব্যাটসম্যান। একরাশ অভিমান নিয়ে বলেছেন, এমন বিদায় প্রাপ্য ছিল না তাঁর।
ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে চন্দরপল উগরে দিয়েছেন নিজের যত ক্ষোভ। বলেছেন, ক্যারিবীয় নির্বাচকেরা তাঁর সঙ্গে ঠিক একই আচরণ করলেন, যেটা তাঁরা করেছিলেন ডেসমন্ড হেইন্সের মতো খেলোয়াড়দের সঙ্গে, ‘আমি মনে করি না যে এ ব্যাপারে নির্বাচকেরা সঠিক আচরণ করেছেন। এমনটা করা তাঁদের উচিত হয়নি। তাঁদের আচরণটা ভালো হওয়া উচিত ছিল। অতীতেও এমন ঘটনা ঘটেছে। আমি যখন ক্যারিয়ার শুরু করি, তখন বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার, যেমন ডেসমন্ড হেইন্স—তাঁর ক্ষেত্রেও ঠিক এমনটাই ঘটেছিল। বিদায় বেলায় তাঁরাও নির্বাচকদের বাজে আচরণের শিকার হয়েছিলেন।’
টেস্টে ব্রায়ান লারার পর ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ রান তাঁর। অথচ তারপরও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের কাছ থেকে যথাযথ বিদায় পাননি বলে অপমানিত বোধ করছেন চন্দরপল, ‘ক্যারিয়ারের শেষ সময়ে, এই বয়সে ভালো কিছুরই প্রত্যাশা ছিল। কিন্তু তা হয়নি। আমার শেষটাও হলো একই রকম, অসম্মানের সঙ্গেই।’ 

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেও গায়ানার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটটা কিন্তু ঠিকই খেলে যাচ্ছেন চন্দরপল। সঙ্গী তাঁর ২০ বছর বয়সী ছেলে ত্যাগনারায়ণ।