'অপর প্রান্তেই ছিল হিউজ'
খুব কাছ থেকে দেখেছেন ফিল হিউজকে আঘাত পেতে। চোখের সামনে দেখেছেন লুটিয়ে পড়তে। গ্রাউন্ডসম্যানদের যে মিনিকারে করে মাঠের বাইরে নেওয়া হলো হিউজকে, সেটিতে পাশেই বসে ছিলেন তিনি হিউজের বুকে হাত রেখে। একসঙ্গেই গিয়েছেন হাসপাতালে। পাশে ছিলেন এমনকি অস্ত্রোপচারের সময়ও! প্রিয় বন্ধুর একটা সাড়া পাওয়ার অপেক্ষায় একাকার করেছিলেন দিন-রাত্রি। বন্ধু ফেরেনি, চোখের পানি ঝরিয়ে বাড়ি ফিরেছেন তিনি। বন্ধুকে হারিয়ে এতটাই ভেঙে পড়েছিলেন যে নেটে ব্যাটিং করার মানসিক অবস্থাও ছিল না। টেস্টের আগে প্রথম নেট সেশনে শুধু বোলিং করেছিলেন। কাল মাঠে নেমে সেই তিনিই করলেন দুর্দান্ত এক সেঞ্চুরি। আবেগকে জয় করে গোটা অস্ট্রেলিয়াকে আবার আবেগের স্রোতে ভাসালেন ডেভিড ওয়ার্নার।
আবেগে ভাসলেন নিজেও। ৩৩ টেস্টে ১০ সেঞ্চুরি হয়ে গেল। কালকের চেয়ে বড় ইনিংস তাঁর আছে টেস্টে, আছে এমনকি ওয়ানডেতেও। গত মার্চে কেপটাউনে স্টেইন-মরকেলদের বিপক্ষে করেছেন জোড়া সেঞ্চুরি। কালকের চেয়ে আরও কঠিন কন্ডিশন-পরিস্থিতিতে, আরও শক্ত বোলিং আক্রমণের বিপক্ষে আছে দারুণ সব ইনিংস। কিন্তু কাল তো প্রতিপক্ষ শুধু বিপক্ষ বোলাররাই নন, মন-মস্তিষ্কে এত কিছুর আলোড়ন, নিজের সঙ্গে বোঝাপড়া তো ছিলই। ইনিংসটি ওয়ার্নারের কাছে আরও বিশেষ হয়ে উঠেছে আরেক পাশে ছিলেন যে হিউজ! বিশ্বাস হচ্ছে না? ওয়ার্নারের কণ্ঠেই শুনুন, ‘আমার মনে হয় এটিই হতে যাচ্ছে আমার ক্যারিয়ারের সেরা ইনিংস। আশা করি এমন কিছু ইনিংস আরও খেলতে পারব। তবে এই ইনিংসটি আমার হৃদয়ের খুব কাছে থাকবে সব সময়ই। আমার স্থির বিশ্বাস, প্রথম বল থেকে পুরো সময়টাই আরেক পাশে ছিল আমার ছোট্ট বন্ধু (হিউজ)। সবার সমর্থন আর ভালোবাসার বার্তা পেয়ে হাসছিল আমার দিকে তাকিয়ে!’
আবেগময় দিনে ২২ গজেই অনেকবার আবেগ ছুঁয়ে গেছে ওয়ার্নারকে। তবে সবচেয়ে আবেগময় সময় ছিল যখন ওয়ার্নার ছুঁলেন হিউজকে, ‘দিনের সবচেয়ে কঠিন সময় ছিল যখন আমার রান ৬৩ হলো। এমন ভুতুড়ে, এমন বিরল একটা দুর্ঘটনা ছিল...৬৩ সংখ্যাটাই শুধু আমার মাথায় ঘুরছিল উইকেটে ব্যাটিংয়ের সময়। ব্যাটিংয়ে মনঃসংযোগের জন্য যা মোটেও ভালো না। এ জন্যই চাইছিলাম ৬৩ পেরিয়ে যেতে। ৬৩ ছুঁয়ে ফেলার পর গতি ফিরে পাওয়া কঠিন ছিল। আরেক পাশ থেকে মাইকেল (ক্লার্ক) এসে জানতে চাইল আমি ঠিক আছি কি না। এই সংখ্যাটা আমাদের পুরো ক্যারিয়ার, বাকি জীবনজুড়েই আমাদের সঙ্গী হয়ে থাকবে।’ এএফপি, ক্রিকইনফো।