'অবদান রাখতে পেরেই খুশি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত চার ম্যাচে মাত্র এক উইকেট, চার উইকেট পেয়েছেন সেই নয় ম্যাচ আগে। সাকিব আল হাসানের পাশে এই পরিসংখ্যান বেমানানই। তবে ক্রিকেটে পরিসংখ্যান অনেক সময়ই আসল ছবি আঁকতে পারে না। অন্তত গত ম্যাচে সাকিবের জন্য কথাটা পুরোপুরিই প্রযোজ্য।
দক্ষিণ আফ্রিকার সঙ্গে দ্বিতীয় ওয়ানডেতে ১০ ওভার বোলিং করে উইকেট পাননি ঠিকই, তবে রান দিয়েছেন মাত্র ৩০। এক পাশ থেকে তাঁর আঁটসাঁট বোলিংয়ের সুবিধা নিয়েছেন রুবেল, নাসিররা। বোলিং নিয়ে তাই কোনো খেদ তো নেই-ই, সাকিব বরং তৃপ্তই, ‘অনেক দিন পর গত ম্যাচে আমি অনেক ভালো বোলিং করেছি। আমি সন্তুষ্টই। অনেক দিন পর আমার কাছে মনে হয়েছে, আমি যেমন চেয়েছি, তেমনই হয়েছে।’ কিন্তু এমন বল করেও উইকেটশূন্য থেকে যাওয়াটা কি আক্ষেপ জাগাচ্ছে না? সাকিবের কোনো আক্ষেপ নেই, ‘আমি আসলে ওগুলো নিয়ে একদমই চিন্তিত নই যে আমি ভালো বোলিংয়ের পুরস্কার পাচ্ছি না বা যেভাবে চাচ্ছি সেভাবে হচ্ছে না। দলের জন্য অবদান রাখতে পেরেছি, তাতেই আমি খুশি।’
সেই অবদান অবশ্য সাকিব নিয়মিতই রাখছেন। ভারতের সঙ্গে সিরিজই যেমন। বোলিংয়ে মাত্র তিন উইকেট পেলেও প্রথম দুই ম্যাচে সময়ের প্রয়োজন মেটানো দুটি ফিফটি করেছেন। আর সঙ্গে দুর্দান্ত ফিল্ডিং তো আছেই।
উইকেট পাওয়াটাকেও সময়ের ব্যাপার হিসেবেই দেখছেন বাংলাদেশ অলরাউন্ডার, ‘ও রকম পিচ না হলে ওয়ানডেতে ব্যাটসম্যানরা অত বেশি মেরে খেলে না। উইকেট পাওয়াটা তখন কঠিন হয়। উইকেট সব সময় ভাগ্যের ওপর নির্ভর করে। ভালো বল করা আমার হাতে। আমি সেটাই করার চেষ্টা করি।’
আজ ২টি উইকেট পেয়ে গেলে অবশ্য ভালোই হয়। তা পেলেই আরেকটি মাইলফলক ছুঁয়ে ফেলবেন সাকিব। ওয়ানডেতে চার হাজার রান ও দুই শ উইকেটের ‘ডাবল’ আছে শুধু ছয়জন ক্রিকেটারের। সাকিবের এখন জয়াসুরিয়া, হ্যারিস, কেয়ার্নস, ক্যালিস, আফ্রিদি ও রাজ্জাকদের পাশে বসার অপেক্ষা।