'অমন কিছু' বলেন নি স্টেইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেল স্টেইন।
ডেল স্টেইন।

ডেল স্টেইনের মন্তব্যটি অবমাননাকরই মনে হয়েছে বাংলাদেশের মানুষের কাছে। ২০১৯ বিশ্বকাপকে পাখির চোখ করে জুলাই-আগস্টের বাংলাদেশ সফরে গিয়ে নিজের ‘শক্তি অপচয়’ না করার অভিপ্রায় জানিয়েছিলেন তিনি। কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া হওয়ায় তিনি নিজেই বলেছেন, তাঁর এই মন্তব্যে বাংলাদেশকে অবমাননা করে তিনি কিছু বলেননি। উইজডেন ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারের ওই অংশ বিশেষের জন্য তাঁকে ভুলই বুঝেছে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা।
সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার দীর্ঘায়িত করার প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘আমার ক্যারিয়ারের এই পর্যায়ে যে বলগুলো অবশিষ্ট আছে, সেগুলো বাংলাদেশের বিপক্ষে অপচয় না করে বিশ্বকাপের মতো বড় প্রতিযোগিতাগুলোর জন্য জমিয়ে রাখতে চাই।
সাক্ষাৎকারটি প্রকাশিত হওয়ার পর থেকেই টুইটারের মতো সামাজিক যোগাযোগের মাধ্যমে বাংলাদেশিদের তীব্র প্রতিক্রিয়া দেখেন স্টেইন। ব্যাপারটায় বিচলিত হয়েই শান্তির বার্তা ছুড়ে দিয়ে নতুন করে টুইট করেছেন তিনি। বলেছেন, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। বাংলাদেশি সমর্থকেরা ভুল বুঝছেন। বাংলাদেশকে অবমাননা করে কোনো কথাই সেই সাক্ষাৎকারে বলেননি তিনি। যদিও স্টেইন নিজের সর্বশেষ টুইটে সাক্ষাৎকারে নিজের মন্তব্যের কোনো ব্যাখ্যা উপস্থাপন করেননি।
স্টেইন বিশ্বকাপের জন্য বলের ‘স্টক’ রাখতে গিয়ে বাংলাদেশ সফরে আসার প্রয়োজনীয়তা অনুভব না করলেও তিনি আইপিএলে কিন্তু ঠিকই খেলে যাচ্ছেন। সূত্র: টুইটার।