'অল ব্ল্যাক'রাই সাউদিদের প্রেরণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাগবি বিশ্বকাপের ট্রফি হাতে নিউজিল্যান্ড অধিনায়ক রিচি ম্যাকাও ও কোচ স্টিভ হ্যানসেন। যে জয় থেকে অনুপ্রেরণা খুঁজছেন কিউই ক্রিকেটাররাও l এএফপি
রাগবি বিশ্বকাপের ট্রফি হাতে নিউজিল্যান্ড অধিনায়ক রিচি ম্যাকাও ও কোচ স্টিভ হ্যানসেন। যে জয় থেকে অনুপ্রেরণা খুঁজছেন কিউই ক্রিকেটাররাও l এএফপি

ম্যাককালাম, সাউদি আর গাপটিলরা পারেননি। কিন্তু ম্যাকাও, সাভেয়া আর কার্টাররা ঠিকই পেরেছেন। ম্যাককালামদের কাছে ক্রিকেটের বিশ্বকাপ এখনো অধরাই রয়ে গেছে। কিন্তু ম্যাকাওরা নিউজিল্যান্ডকে এনে দিয়েছেন রাগবি বিশ্বকাপের তৃতীয় শিরোপা। সেটিও আবার চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়াকে হারিয়ে, যে দেশটির কাছে সাত মাস আগে ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে হেরেছেন ম্যাককালাম-সাউদিরা।
লন্ডনের টুইকেনহামে পরশু রিচি ম্যাকাওদের ইতিহাস গড়া জয় উচ্ছ্বাসে ভাসিয়েছে টিম সাউদি আর ট্রেন্ট বোল্টদেরও। যে জয় অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজেও দারুণ অনুপ্রাণিত করবে কিউইদের। অবশ্য ছেড়ে কথা বলবেন না স্টিভেন স্মিথরাও। অস্ট্রেলিয়ার কোচ ড্যারেন লেম্যান বলেই দিয়েছেন, রাগবির হারের শোধ নিতে চান টেস্ট সিরিজে।
ব্রিসবেনে ৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড তিন টেস্ট সিরিজের প্রথমটি। যেটির প্রস্তুতি নিতে নিউজিল্যান্ড দলও এরই মধ্যে পৌঁছে গেছে ব্রিসবেনে। তবে এর মধ্যেও পরশু ব্রেন্ডন ম্যাককালামদের চোখ আটকে ছিল টেলিভিশনের পর্দায়, রাগবি বিশ্বকাপের ফাইনালে। অস্ট্রেলিয়াকে হারিয়ে অল ব্ল্যাকরা যখন রেকর্ড তৃতীয়বারের মতো ট্রফিটা পেল, ম্যাককালাম-সাউদিদের আনন্দ যেন বাঁধ মানছিল না। কাল সকালে অনুশীলনে এসেও কিউই পেসার সাউদির চোখেমুখে সেই উচ্ছ্বাস, ‘আমরা সবাই এখনো আবেগাপ্লুত। ওরা (নিউজিল্যান্ড রাগবি দল) অসাধারণ খেলেছে। দেখে খুবই আনন্দ পেয়েছি।’ এ জয়টাকেই অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে প্রেরণা হিসেবে নিচ্ছেন সাউদিরা, ‘ওরা কঠোর পরিশ্রম করেছে এবং সেটার ফল পেয়েছে। এখন আমাদের পালা। যে লক্ষ্য নিয়ে এখানে এসেছি, সেখানে পৌঁছাতে আমরাও আমাদের সেরাটাই দেব।’

রাত জেগে খেলা দেখেছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররাও। শেষ পর্যন্ত তাদের দেশ হেরে গেলেও ওয়ালাবিদের (অস্ট্রেলিয়া রাগবি দল) পারফরম্যান্সে কিন্তু মুগ্ধ অস্ট্রেলিয়ার কোচ ড্যারেন লেম্যান, ‘ওটা অন্য খেলা। কিন্তু ওয়ালাবিরা যেভাবে খেলেছে তাতে আমরা গর্বিত। অনেকে যতটুকু ভেবেছিল, ওরা তার চেয়েও বেশি কাছাকাছি গেছে।’

১৯৯০ সালের পর নিউজিল্যান্ডের কাছে আর কখনো টেস্ট সিরিজ হারেনি অস্ট্রেলিয়া। এবার আবারও জিতে রাগবি বিশ্বকাপের ফাইনালে হারের কিছুটা বদলাও নিতে চান লেম্যান, ‘এবার আমরা নিউজিল্যান্ডকে হারের স্বাদ ফিরিয়ে দিতে চাই। আমাদের লক্ষ্য, সিরিজটা দারুণভাবে শুরু করা এবং জয়ের রেকর্ডটা আরও এক বছর বাড়িয়ে নেওয়া।’ নিউজিল্যান্ড হেরাল্ড।