'অলস্টার ক্রিকেট' পাকিস্তানে চান শোয়েব

অলস্টার ক্রিকেট সিরিজে শচীন টেন্ডুলকারের দল শচীনস ব্লাস্টার্সের হয়ে খেলছেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আকতার। সতীর্থের দাবি নিয়েই টেন্ডুলকারকে তিনি অনুরোধ জানিয়েছেন অলস্টার সিরিজটি পাকিস্তানে আয়োজনের জন্য। ব্যাপারটি নাকি দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক উন্নয়নে টনিকের মতো কাজ করবে।
হিউস্টনে সিরিজের দ্বিতীয় ম্যাচের আগেই এক দল পাকিস্তানি সাংবাদিকের সঙ্গে আলাপকালে শোয়েব বলেন, আমি শচীন টেন্ডুলকারকে অনুরোধ জানিয়েছি তাঁর এই অলস্টার সিরিজটি পাকিস্তানে আয়োজন করা যায় কিনা! টেন্ডুলকার বলেছেন, ব্যাপারটি ভেবে দেখা যায়।’
২০০৯ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে কোনো সম্পর্ক নেই পাকিস্তানের মানুষের। শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী হামলার পর থেকে ২০১৫ সালের মে মাস পর্যন্ত কোনো টেস্ট খেলুড়ে দেশই পাকিস্তান সফরে যায়নি। এ বছর মে মাসে জিম্বাবুয়ে ক্রিকেট দল পাকিস্তান সফর করলে দীর্ঘ দিন পর আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পায় পাকিস্তানের মানুষ। এরপর বাংলাদেশ নারী ক্রিকেট দলও ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে পা রাখে।
শোয়েবের প্রস্তাবটা কেবল আন্তর্জাতিক ক্রিকেটের জন্য পাকিস্তানকে ‘নিরাপদ’ প্রমাণের জন্যই নয়; ভারতের সঙ্গে সুসম্পর্ক প্রতিষ্ঠারও লক্ষ্যেও করেছেন। তিনি মনে করেন, ‘দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক উন্নয়নে দুই দলের মধ্যে বেশি বেশি করে সিরিজ কিংবা সফর বিনিময়ের কোনো বিকল্প নেই। খেলাধুলাই পারে দুই দেশের সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে।
অলস্টার ক্রিকেটে শচীন টেন্ডুলকারের দলের খেলার অভিজ্ঞতা বর্ণনা করেছেন ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’। বলেছেন, টেন্ডুলকারের সঙ্গে তাঁর সম্পর্ক দুর্দান্ত। আমরা এক দলে খেলে একে অন্যকে আরও কাছ থেকে জানছি। এই অনুভূতি সত্যিই অনন্য।’
অলস্টার ক্রিকেটে শচীন টেন্ডুলকার ও শেন ওয়ার্নের দলে ভাগাভাগি হয়ে শোয়েব আকতার ছাড়াও খেলছেন ওয়াসিম আকরাম, সাকলাইন মুশতাক, মঈন খান, ভিভিএস লক্ষণ, বীরেন্দর শেবাগ, অজিত আগারকারদের মতো সাবেক ভারতীয় ও পাকিস্তানি তারকা ক্রিকেটাররা। সূত্র: ডিএনএস্পোর্টস।