'অলৌকিক' বলে ভাঙল শ্রীলঙ্কার প্রতিরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘অলৌকিক’ বলে ম্যাথুসকে বোল্ড করার পর ওয়াগনার l এএফপি
‘অলৌকিক’ বলে ম্যাথুসকে বোল্ড করার পর ওয়াগনার l এএফপি

লেগ স্টাম্পে পিচ করে পাঁজরের দিকে ধেয়ে আসছে বল। কাছেই লেগ সাইডে ওত পেতে আছে ফিল্ডার। ব্যাটসম্যান অ্যাঞ্জেলো ম্যাথুস ব্যস্ত ছিলেন কোনোরকমে বাঁচতে। শ্রীলঙ্কার ইনিংসের ৭১তম ওভারে নিউজিল্যান্ডের বাঁহাতি পেসার নিল ওয়াগনারের প্রথম দুটি বলই ছিল ম্যাথুসের পাঁজর লক্ষ্য করে।
তৃতীয় বলটাও আসছে পাঁজর ধেয়ে ম্যাথুস ভাবছিলেন এমনটাই। কিন্তু ওয়াগনারের মনে ছিল অন্য পরিকল্পনা। ফুল লেংথের বলটা পড়ল ম্যাথুসের পায়ের কাছে। ম্যাথুস ব্যাট নামানোরও সময় পেলেন না, কিছু বুঝে ওঠার আগেই ভেঙে গেল স্টাম্প। ওয়াগনারের ওই বলটির প্রশংসা করতে গিয়ে সেটিকে ‘অলৌকিক’ বলে ফেলেছেন অধিনায়ক ম্যাককালাম, ‘ওয়াগনার আগেই ভেবে রেখেছিল, বোলিংয়ের কোনো একপর্যায়ে এ রকম অলৌকিক বল করবে, লেগ স্টাম্পে বল ফেলে ভেঙে দেবে প্রতিরোধ।’
কাল ডানেডিন টেস্টের শেষ দিনে শ্রীলঙ্কার পতনের শুরুও ওখানেই। ম্যাথুসকে নিয়ে প্রতিরোধ গড়া দিনেশ চান্ডিমালও যেন সঙ্গীকে হারিয়ে একটু হতোদ্যম হয়ে গেলেন। ১৫ বল পর দলকে একই স্কোরে রেখে তিনিও আউট। ৩ উইকেটে ১৬৫ থেকে দেখতে না-দেখতেই ৫ উইকেটে ১৬৫। শ্রীলঙ্কানরা আর ঘুরে দাঁড়াতে পারেনি। ৩ উইকেটে ১০৯ রান নিয়ে দিন শুরু করে লাঞ্চের ১১ ওভার পরেই অলআউট হয়ে গেছে ২৮২ রানে। প্রথম টেস্টটা নিউজিল্যান্ড জিতল ১২২ রানে।
এই জয়ে দেশের মাটিতে নিউজিল্যান্ডের অজেয় ধারাটিকে নিয়ে গেল ১২ ম্যাচে। দেশের মাটিতে নিউজিল্যান্ড সর্বশেষ টেস্ট হেরেছিল ২০১২ সালের মার্চে দক্ষিণ আফ্রিকার কাছে। আগামী শুক্রবার শুরু হ্যামিল্টন টেস্টে না হারলেই নিজেদের ইতিহাসের টানা অপরাজিত থাকার রেকর্ড ছুঁয়ে ফেলবে ম্যাককালামের দল। ক্রিকইনফো ও এএফপি।