'অশ্বিন' হলেন না পান্ডিয়া

‘মানকাড’ আউট এবার আইপিএলের অংশ হয়ে যাবেই বলে মনে হচ্ছে। রাজস্থান রয়্যালসের জস বাটলারকে কিংস ইলেভেন পাঞ্জাব অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিন যেভাবে আউট করেছেন, সেটা অনেক আলোচনার জন্ম দিয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের ‘বকুনি’ও শুনতে হয়েছে অশ্বিনকে। আজ এমন আরেকটি কাণ্ড হতে পারত আইপিএলে।
অশ্বিনের দলের বিপক্ষে ঘটল ঘটনাটি। মুম্বাই ইন্ডিয়ানসের ছুড়ে দেওয়া ১৭৭ রানের লক্ষ্যে ছুটছিল পাঞ্জাব। ৯.৩ ওভার শেষে পাঞ্জাবের স্কোর তখন ৮০। নন স্ট্রাইকিং প্রান্তে দাঁড়িয়ে ছিলেন মায়াঙ্ক আগারওয়াল। ৮ বলে ১৯ রান করে ঝড় তোলার অপেক্ষায় ছিলেন এই ব্যাটসম্যান। চতুর্থ বলটি করার ঠিক আগমুহূর্তে থেমে গেলেন ক্রুনাল পান্ডিয়া। কারণ, বল ছাড়ার মুহূর্তে দেখেছেন ক্রিজ ছেড়ে অনেক দূর এগিয়ে গেছেন আগারওয়াল। চাইলে স্টাম্প ভেঙে মানকাড করতে পারতেন পান্ডিয়া। কিন্তু আগারওয়ালকে শুধু সতর্ক করেই থেমে গেছেন এই বাঁহাতি স্পিনার।
সেই আগারওয়াল শেষ পর্যন্ত ২১ বলে ৪৩ রান করেছেন। পরে ওই পান্ডিয়ার বলে তাঁর হাতেই ক্যাচ দিয়েছেন আগারওয়াল। কিন্তু আগারওয়ালের এনে দেওয়া বাড়তি ২৪টি রানেই ম্যাচের গতি পাঞ্জাবের দিকে ঘুরে গেছে। ম্যাচ শেষে মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা চাইলে এ ব্যাপারে একটু বকে দিতেই পারেন ক্রুনাল পান্ডিয়াকে। তাঁর অধিনায়ক যদি অশ্বিন হতেন তাহলে বকুনি নিয়ে কোনো অনিশ্চয়তা থাকত না।