চাপ! ভারত-অস্ট্রেলিয়া সিরিজে সবচেয়ে বেশি উচ্চারিত শব্দ মনে হয় এটিই। চাপকে চাপান-উতোরের প্রতিযোগিতাও চলেছে দুই দলের মধ্যে। কখনো ভারত শিবির থেকে বলা হয়েছে, যত চাপ সব অস্ট্রেলিয়ার ওপর। কখনো আবার অস্ট্রেলিয়ানরা বলেছে, চাপ আসলে স্বাগতিক ভারতের। ধর্মশালায় চতুর্থ ও শেষ টেস্টের দ্বিতীয় দিন শেষে চাপটা ভারতের ওপরই চাপাতে চাইলেন অস্ট্রেলিয়ার অফ স্পিনার নাথান লায়ন।
‘চাপ কিছুটা ভারতের ওপর’—লায়ন এই কথা বলেছেন দিনের খেলা শেষের সংবাদ সম্মেলনে এসে। ভারতকে চাপে ফেলার কাজটি তিনি নিজেই করেছেন। দ্বিতীয় দিনের শেষবেলায় ভারতের ইনিংসে পড়েছে ‘লায়নে’র থাবা। কিছুটা হলেও তাই এলোমেলো হয়ে পড়েছে স্বাগতিকেরা। ৬ উইকেটে ২৪৮ রান নিয়ে শেষ করেছে দিনের খেলা। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার চেয়ে এখনো ৫২ রানে পিছিয়ে ভারত।
চা-বিরতির আগে পর্যন্ত ভারতের ইনিংসটা ঠিক পথেই ছিল। দিনের শুরুতে উইকেটে বাউন্সের সঙ্গে সুইং পাচ্ছিলেন জশ হ্যাজলউড আর প্যাট কামিন্স। কিন্তু চেতেশ্বর পূজারা আর ‘ভারপ্রাপ্ত’ অধিনায়ক অজিঙ্কা রাহানে ছিলেন অবিচল। চা-বিরতির পর সবকিছু যেন ভোজবাজির মতো পাল্টে যায়। চার-চারটি উইকেট নিয়ে ভারতের প্রতিরোধ তছনছ করে দেন লায়ন।
লায়নের কালকের বোলিংকে খুব সহজেই দুই অধ্যায়ে ভাগ করে ফেলা যায়। একটি চা-বিরতির আগের অধ্যায়, অন্যটি পরের। দুই ভাগে সমান ১৪ ওভার করে বল করেছেন। চা-বিরতির আগে ১৪ ওভারে ৩১ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। আর পরের ১৪ ওভারে ৩৭ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। প্রথম দিনে অস্ট্রেলিয়ার ৪ উইকেট নিয়েছেন অভিষিক্ত বাঁহাতি স্পিনার কুলদীপ। অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথ বলেছিলেন, উইকেটে বাড়তি বাউন্সই স্পিনারদের সাহায্য করেছে। আর লায়নের কালকের সাফল্যের রহস্য কী? জানালেন লায়ন নিজেই, ‘ধর্মশালার পিচ অস্ট্রেলিয়ার উইকেটের মতো। আমার সেরা অস্ত্র বাউন্স।’ ক্রিকইনফো।