
পর পর দুই বলে ফেরালেন তাইবুর আর রুবেলকে। এক বল পর স্টাম্প উপড়ে ফেললেন নাজমুল হোসেনেরও। কিন্তু হ্যাটট্রিক তো মিস! আগেই ২ উইকেট পাওয়া বোলার মাহমুদউল্লাহ নিশ্চয়ই পুরোপুরি উপভোগ করতে পারেননি ৫ উইকেট পাওয়ার আনন্দ।
ম্যাচ শেষে ড্রেসিংরুমে ঢুকে আর সহজে বের হলেন না বলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের অধিনায়কের প্রতিক্রিয়াটা জানা গেল না। তবে হ্যাটট্রিক হাতছাড়ার আফসোস তাঁর হওয়ার কথা নয়। ইনিংসের শেষ ওভারে শেষ ৩ উইকেট তুলে নেওয়ার আগেই যে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের রান ৩১৮! মাহমুদউল্লাহ ওই সময় নিজের হ্যাটট্রিকের জন্য আফসোস করবেন, নাকি মাথায় ঘুরবে রানের পাহাড় টপকানোর দুশ্চিন্তা?
প্রাইম ব্যাংকের ইনিংসের ‘হাইলাইটস’ ৫০ ওভারের ক্রিকেটে প্রায় সাড়ে পাঁচ বছর পর করা সাব্বির রহমানের সেঞ্চুরি। ২০১০ সালে জাতীয় লিগের ৫০ ওভারের ম্যাচে রাজশাহীর হয়ে খুলনার বিপক্ষে ১১২ করেছিলেন। এরপর থেকেই সেঞ্চুরি হয়ে ছিল অধরা। দীর্ঘ অপেক্ষার অবসান হলো কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। আগের ম্যাচে করা ফিফটির ধারাবাহিকতা বজায় রেখে কালও মুক্তার আলীকে বাউন্ডারি মেরে ৪৭ বলে ৫০। ইনিংসটাকে সেঞ্চুরিতে অনূদিত করলেন ৯৬ বল খেলে, মাহমুদউল্লাহর বলে এক রান নিয়ে।
৭৯ রানে প্রথম উইকেট পড়ার পর নামলেন তিন নম্বরে। দলকে বড় রানের দিকে নেওয়ার ভিত তৈরিই ছিল। সাব্বির সেটির ওপর দাঁড়িয়ে করে নিয়েছেন কাঙ্ক্ষিত সেঞ্চুরিটাও। তবে স্বভাবসুলভ মারকুটে ছিলেন না। কিছুটা আগ্রাসী হয়েছেন রান ৩০ পেরোনোর পর। আট বাউন্ডারির সঙ্গে মাহমুদউল্লাহকে মারা ইনিংসের একমাত্র ছক্কাটাও তখনই। সেঞ্চুরির কাছাকাছি গিয়ে আবার বেশ সতর্ক, ৮১ রানের পর মারেননি আর কোনো বাউন্ডারি।
সাড়ে পাঁচ বছর পর পাওয়া সেঞ্চুরি আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিয়েছে ‘আইকন’ সাব্বিরের, ‘রান সব সময়ই আত্মবিশ্বাস বাড়ায়। পরের ম্যাচগুলোতেও এটা ধরে রাখতে চাই। সেঞ্চুরিটা খুব দরকার ছিল। আশা করি এ বছরই আরেকটা সেঞ্চুরি হবে।’
সাব্বিরের সেঞ্চুরির কারণে আড়ালেই পড়ে গেছে শাহনাজ (৬৬) ও নুরুল হাসানের (৬৩) অবদান। দ্বিতীয় উইকেটে সাব্বিরের সঙ্গে ৬১ রানের জুটি হয়েছে শাহনাজের। পরের উইকেটে নুরুল হাসান-সাব্বির যোগ করেছেন ১৩৩ রান।
২৭৩ রানে নুরুল হাসানের বিদায়ের পর মাত্র ৪৫ রানে ৭ উইকেট হারায় প্রাইম ব্যাংক। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে! ৩১৮ রানের নিচে চাপা পড়ে শুরুতেই টালমাটাল শেখ জামাল। নতুন বলে রুবেলের সঙ্গী হয়ে তাদের নাড়িয়ে দেন মূলত বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম। ইনিংসের দ্বিতীয় ওভারেই ওপেনার মাহবুবুল করিমকে বলের বাঁকে বোকা বানিয়ে বোল্ড। ১০ ওভারে নিয়েছেন ৩ উইকেট। ২০ রানে ৩ উইকেট হারানো শেখ জামালের হয়ে কিছুটা লড়েছেন কেবল বাঁহাতি নাজমুস সাদাত। রায়হান উদ্দিনের বলে ফিরতি ক্যাচ দেওয়ার আগে করেছেন ৭৬ রান।
সংক্ষিপ্ত স্কোর
প্রাইম ব্যাংক-শেখ জামাল, মিরপুর
প্রাইম ব্যাংক: ৫০ ওভারে ৩১৮/৯ (সাব্বির ১০০, শাহনাজ ৬৬, নুরুল হাসান ৬৩, মেহেদী ৩৫; মাহমুদউল্লাহ ৫/৬৬, শফিউল ২/৬২)। শেখ জামাল: ৪৬.২ ওভারে ২০৫ (নাজমুস ৭৬, মুক্তার ৪০, মাহমুদউল্লাহ ৩৭; নাজমুল ৩/৩৬, রায়হান ৩/৫৭, সাব্বির ২/৩৫)।
ফল: প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ১১৩ রানে জয়ী।
ম্যাচসেরা: সাব্বির রহমান।