'আইপিএল কোহলিদের সাহসী করেছে'

আইপিএল ভারতীয় ক্রিকেটকে বদলে দিয়েছে। গত ১০ বছর ধরে এই টি-টোয়েন্টি লিগ উপকৃত করছে ভারতীয় ক্রিকেটকে। নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করছে সাহসী ক্রিকেট খেলতে। বাংলাদেশের সাবেক কোচ ডেভ হোয়াটমোরের পর্যবেক্ষণ এমনই। ২০০৮ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতীয় যুবদলের কোচের দায়িত্বের অভিজ্ঞতা থেকে এই অস্ট্রেলীয় কোচ বিরাট কোহলির উত্থানে অবাক নন একেবারেই।
৯ বছর আগে মালয়েশিয়ায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের কোচ হিসেবে কোহলি আর রবীন্দ্র জাদেজার মতো ক্রিকেটারদের শুরুটা দেখেছিলেন হোয়াটমোর। সেবার এই দুজনের নৈপুণ্য ভারতকে এনে দিয়েছিল যুব বিশ্বকাপের শ্রেষ্ঠত্ব। পেছন ফিরে তাকিয়ে এবার হোয়াটমোরের অনুভব, ‘এই দশ বছরে কোহলি অনন্যসাধারণ এক খেলোয়াড়ে পরিণত হয়েছে।’
হোয়াটমোর এও মনে করিয়ে দিয়েছেন, কোহলির আজকের অবস্থানের পেছনে আছে কঠোর পরিশ্রম। নিয়ম নিজের দুর্বলতাকে কাটিয়ে ওঠার চেষ্টা, ‘একটা সময় ছিল যখন প্রতিপক্ষ অফ স্টাম্পের বাইরে বল ফেলে কোহলিকে আউট করার পরিকল্পনা করত। কিন্তু এখন সে অফ সাইডে দারুণ খেলে। সোজাসুজি ব্যাট নামিয়ে নিয়ে এসে সে অফ সাইডে শট খেলে। সে নিজের ব্যাটিংয়ের ধূসর জায়গাগুলো জয় করেছে। নিজের উদ্যোগে ওজন কমিয়েছে। এটা করে সে কড়া বার্তা দিয়েছে অন্যদের। দেখ, আমি নিজের পারফরম্যান্স ভালো করার জন্য আমার কাজটা করে রাখছি।’
কোহলির একটা ব্যাপার অবশ্য বদলায়নি বলে জানালেন হোয়াটমোর, ‘সে আগের মতোই আগ্রাসী আছে, যে সব সময় সামনে থেকে দলকে নেতৃত্ব দিতে চায়।’
আইপিএল ভারতীয় ক্রিকেটের নতুন প্রজন্মের অনেক উন্নতি করেছে বলেই মতো হোয়াটমোরের, ‘আইপিএলে একজন খেলোয়াড় বিশ্বের অনেক সেরা ক্রিকেটারের বিপক্ষেই খেলে। এমনকি একজন নতুন ভারতীয় খেলোয়াড় ভারতীয় টেস্ট দলের অনেক তারকার সঙ্গেই ড্রেসিং রুম ভাগাভাগি করে। গত ১০ বছর ধরে সে কারণেই ভারতীয় ক্রিকেটাররা আগ্রাসী ও সাহসী হয়ে উঠেছে। নতুন প্রজন্মের ক্রিকেটাররা আক্রমণাত্মক ক্রিকেট খেলছে। আইপিএল থেকে কেবল ভারতীয় ক্রিকেটাররাই নয়, অন্য দেশের ক্রিকেটাররাও উপকৃত হচ্ছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।