'আইসিসি থেকে সরে যাওয়া উচিত শ্রীনির'

আইপিএল ফিক্সিং চাউর হওয়ার পর থেকেই আদিত্য ভার্মা উচ্চকণ্ঠ। তিনিই প্রথম আইপিএল-ফিক্সিং কেলেঙ্কারি নিয়ে আদালতের দ্বারস্থ হন। আদালতের হস্তক্ষেপ কামনা করেন। বরাবরই প্রতাপশালী এন শ্রীনিবাসনকে প্রকাশ্যে বিরোধিতা করে আসছেন এ বিহারের ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব। তবে শ্রীনির প্রভাব-প্রতিপত্তির কাছে সে সব হয়তো অনেক সময় হাওয়ায় মিলিয়ে গিয়েছে। আইপিএলের নানা কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর গঠিত সাবেক প্রধান বিচারপতি লোধার নেতৃত্বাধীন কমিটির রায়ের পর আবারও সোচ্চার আদিত্য। তিনি দাবি করেছেন, আইসিসি থেকেও সরে যাওয়া উচিত শ্রীনির।
বার্তা সংস্থা পিটিআইকে লোধা কমিটির রায়ে সন্তুষ্টি প্রকাশ করে আদিত্য বলেছেন, ‘লোধা কমিটির রায়ে খুবই খুশি। যারা খেলাটার গায়ে কালি ছিটিয়েছে, বিসিসিআইয়ের উচিত তাদের দূরে ঠেলে দেওয়া। বিশেষ একটি কমিটি করুক বিসিসিআই, শ্রীনিবাসনকে চিরতরে ভারতীয় ক্রিকেট থেকে বের করে দেওয়া হোক।’
শ্রীনি ভারতীয় ক্রিকেট বোর্ডের অধিকর্তা নন ঠিকই, তবে ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসির চেয়ারম্যান। আদিত্যের চাওয়া সেখান থেকেও সরে যাওয়া উচিত শ্রীনির, ‘এ রায়ের পর বিসিসিআইকে অনুরোধ করব, আইসিসি থেকে তাঁর বিসিসিআইয়ের প্রতিনিধিত্ব বাতিল করা। যদি বিসিসিআই আমার অনুরোধ না রাখে, তবে এ ব্যাপারে আদালতে দ্বারস্থ হব।’
আজ লোধা কমিটি ম্যাচ পাতানোর দায়ে আজীবন নিষিদ্ধ করেছেন শ্রীনির জামাতা। চেন্নাই সুপার কিংসের মালিক ইন্ডিয়ান সিমেন্টসকেও নিষিদ্ধ করা হয়েছে দুই বছরের জন্য। এই প্রতিষ্ঠানটির মালিক শ্রীনিবাসনই। তিনি বিসিসিআই প্রধান থাকার সময়ই ঘটে গেছে এত সব কেলেঙ্কারি। যদিও এখন পর্যন্ত তাঁর বিরুদ্ধে কেউ অকাট্য কোনো প্রমাণ আনতে পারেনি, কিন্তু শ্রীনি কিছুতেই দায় এড়াতে পারেন না। আর যে ব্যক্তির গায়ে প্রত্যক্ষে কিংবা পরোক্ষে কলঙ্কের দাগ লেগেছে, যাঁকে ভারতের সুপ্রিম কোর্ট বিসিসিআই পরিচালকের পদে এক অর্থে অযোগ্য ঘোষণা করেছে, সেই তিনি কী করে বিশ্ব ক্রিকেটেরই প্রধান কর্তা হিসেবে দায়িত্ব পালন করেন?
এ দিকে ভারতের অন্যতম জনপ্রিয় পত্রিকা হিন্দুস্তান টাইমসের ওয়েবসাইটে এক জরিপে প্রশ্ন করা হয়েছে, ‘আইপিএল থেকে জামাতা গুরুনাথ মায়াপ্পনের নিষিদ্ধের পর এন শ্রীনিবাসনের কি উচিত আইসিসি থেকে সরে দাঁড়ানো?’ সর্বশেষ খবর, ৮৩. ৮১ শতাংশ পাঠক বলেছেন, ‘হ্যাঁ’ শ্রীনির সরে দাঁড়ানো উচিত। ‘না’ বলেছেন ১৪.৫ শতাংশ।