'আইসিসি থেকে শ্রীনিকে হঠাও'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীনিকে আইসিসি থেকে সরিয়ে দেওয়া উদ্যোগ নেওয়ার দাবি উঠেছে। ফাইল ছবি
শ্রীনিকে আইসিসি থেকে সরিয়ে দেওয়া উদ্যোগ নেওয়ার দাবি উঠেছে। ফাইল ছবি

ললিত মোদি যখন ক্রমেই ক্ষমতাধর হয়ে উঠছিলেন, তাঁর ডানা স্রেফ ছেঁটে দিয়েছিলেন শশাঙ্ক মনোহর। ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক প্রধান এবার এন শ্রীনিবাস​নকেও ছেঁটে ফেলার দাবি তুললেন। বললেন, শ্রীনিই সব ‘কেলেঙ্কারির হোতা’। তাঁর অবশ্যই আইসিসি প্রধানের পদ থেকে এক্ষুনি সরে যাওয়া উচিত। শ্রীনিকে হঠাতে জগমোহন ডালমিয়ার ওপর চাপও তৈরি করলেন মনোহর।
মনোহরের অভিযোগ, ক্রিকেটকে কলঙ্কমুক্ত করতে বিসিসিআই সময় মতো কার্যকর উদ্যোগ নিচ্ছে না। লোধা কমিটি যেসব সুপারিশ করেছে, তার সবগুলো বাস্তবায়নের কোনো বিকল্প নেই। ​সাবেক বিচারপতি লোধা কমিটির রায়ে চেন্নাই ও রাজস্থানের ফ্র্যাঞ্চাইজি বাতিল এবং এই দুই ফ্র্যাঞ্চাইজির শীর্ষ দুই ব্যক্তিকে আজীবন নিষিদ্ধ করার পর বৈঠকে বসছে আইপিএলের নির্বাহী পরিষদ। গুরুত্বপূর্ণ এই বৈঠকের আগে ভারতীয় ক্রিকেটের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে কথা বলেছেন ডালমিয়া।
বৈঠক শেষে কাল মনোহর সাংবাদিকদের বলেছেন, ‘২০১৩ সালেই শ্রীনিবাসনের সরে যাওয়া উচিত ছিল। প্রতিষ্ঠানের চেয়ে কোনো ব্যক্তির স্বার্থ বড় হতে পারে না। উনিই সব কেলেঙ্কারির হোতা। আইসিসি চেয়ারম্যানের পদ থেকেও তাঁর এক্ষুনি সরে যাওয়া উচিত।’ আইপিএলে ম্যাচ পাতানো কেলেঙ্কারির কুৎ​সিত দিকটা ফাঁস হয়ে যাওয়ার পরও বিসিসিআই তেমন কোনো কার্যকর উদ্যোগ নেয়নি বলেও অভিযোগ করেন তিনি। বিসিসিআইয়ের শক্তিশালী কোনো তদন্ত কমিটি না থাকায় পুরো ব্যাপারটি খতিয়ে দেখতে তিনি ভারতীয় গোয়েন্দা সংস্থা সিবিআইকে দায়িত্বটা দেওয়ার পরামর্শ দিয়েছেন। প্রখ্যাত আইনজীবী মনোহর মনে করেন, আইপিএলে চেন্নাই সুপার কিংস আর রাজস্থান রয়্যালসের আর ফিরে আসার সুযোগ নেই।
দুই বছর আগে আইপিএলের কেলেঙ্কারি ফাঁস হয়ে যাওয়ার পরও তখনকার বোর্ড প্রধান শ্রীনি কোনো উদ্যোগ নেননি বলে অভিযোগ আছে। কারও কারও অভিযোগ, দুর্নীতির সঙ্গে তাঁর জামাতা মায়াপ্পন এবং ইন্ডিয়া সিমেন্টসের মালিকানাধীন দল চেন্নাইয়ের সং​শ্লিষ্টতা থাকায় শ্রীনি হাত গুটিয়ে বসে ছিলেন। ইন্ডিয়া সিমেন্টসের আসল মালিক তো শ্রীনিই। অবশ্য আইসিসি প্রধান সব সময়ই দাবি করে এসেছেন, চেন্নাই দলের সঙ্গে তাঁর কোনো সংশ্লিষ্টতা নেই।
ভারতের শীর্ষ আদালতের নির্দেশে শ্রীনি বিসিসিআই প্রধানের পদ থেকে সরে যেতে বাধ্য হন। অবশ্য তত দিনে আইসিসি প্রেসিডেন্টের ওপরে আরেকটি নতুন পদ বসিয়ে সেই পদে বসেও যান। কার্যত আইসিসি এখন শ্রীনিই চালাচ্ছেন। গত নির্বাচনে তামিলনাড়ু থেকে নির্বাচিত হয়ে আবারও বিসিসিআইয়েও চলে আসেন শ্রীনি। শুধু তা-ই নয়, ধীরে ধীরে দলও ভারী করছেন তিনি। এ কারণে ডালমিয়ারা সতর্কতার সঙ্গে পা ফেলছেন। তবে ক্ষুব্ধ মনোহর মনে করেন, ক্রিকেটীয় রাজনীতির দাবার ছক নিয়ে না ভেবে ডালমিয়া প্রশাসনের আরও খড়্গহস্ত হওয়াই উচিত। যত দ্রুত সম্ভব শ্রীনিকে আইসিসি প্রধানের পদ থেকে সরিয়ে নেওয়ার উদ্যোগও নেওয়া দরকার। সূত্র: পিটিআই।