'আগামীকাল ভিন্ন কিছুই হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাবছি না বললেও আজমল নিশ্চয়ই ভাবাচ্ছে মুশতাককে। ফাইল ছবি
ভাবছি না বললেও আজমল নিশ্চয়ই ভাবাচ্ছে মুশতাককে। ফাইল ছবি

এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হারায় এমনিতে ভীষণ চাপে পাকিস্তানি ক্রিকেটারা। তার ওপর আবার চারদিক থেকে ধেয়ে আসছে একের পর এক সমালোচনার তির। বাজে সময় কাটিয়ে ওঠার নানা পথ খুঁজছে পাকিস্তান। তবে দুর্দিনেও প্রতিপক্ষ বাংলাদেশকে বাহাবা দিতে ভুলছেন না পাকিস্তান স্পিন কোচ মুশতাক আহমেদ। 

পাকিস্তানের সামনে এখন বাংলাওয়াশের চোখ রাঙানি! এমন ‘শঙ্কার’ মুখোমুখি মুশতাক বাংলাদেশকে স্তুতিবাক্যে ভাসালেন, ‘বাংলাদেশ দলকে অভিবাদন জানাই। তারা নিউজিল্যান্ডকে ৪-০ ব্যবধানে হারিয়েছে। এখন তারা অনেক ভালো দল। এ মুহূর্তে আমরা পুনর্গঠনের মধ্য দিয়ে যাচ্ছি। তরুণ খেলোয়াড়দের নিয়ে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। বৃত্তের ভেতর পাঁচ ফিল্ডার, দুটো বাউন্সার ও দুই নতুন বলে কীভাবে খেলতে হবে, সেটা বুঝতেও খেলোয়াড়দের একটু সময় লাগবে। তরুণ খেলোয়াড়দের এ নিয়ে ধারণাই নেই। এসব ব্যাপারে পরিবর্তন আনতে হবে।’ 

পাকিস্তান দলের এমন ত্রাহি অবস্থা বাংলাদেশে আগে কখনো দেখা যায়নি। এবার কেন এমন বাজে দশা? মুশতাক অবশ্য সে উত্তরে না গিয়ে বরং আশার গানই শোনালেন, ‘আমাদের শক্তি সম্পর্কে আমরা জানি। এই কন্ডিশনে আমরা অভ্যস্ত। এটা কেবল আত্মবিশ্বাসের ব্যাপার। বাংলাদেশকে প্রশংসা করতেই হবে। তারা আত্মবিশ্বাসী দল। আমাদের বোলার-ব্যাটসম্যানরা বেশ ইতিবাচক। এখন সেরাটা দিতে চাই। আগামীকাল ভিন্ন কিছুই হবে।’ 

পাকিস্তান দলের তুরুপের তাস সাঈদ আজমল এখনো নিজেকে মেলে ধরতে পারেননি। গত দুটি ম্যাচেই ছিলেন নিষ্প্রভ। প্রথম ম্যাচে ১০ ওভার বল করে দিয়েছিলেন ৭৪ রান, উইকেটশূন্য। দ্বিতীয় ম্যাচে ৯.১ ওভারে ৪৯ রান দিয়ে ১ উইকেট। তবুও আট মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা আজমলকে নিয়ে মোটেও হতাশ নন পাকিস্তান স্পিন কোচ, ‘আমি তার গতি নিয়ে খুশি। তবে বৈচিত্র্য এখনো আসেনি। আন্তর্জাতিক ক্রিকেটে অনেক দিন পর ফিরেই দুর্দান্ত কিছু করা সহজ নয়। অবশ্যই বাংলাদেশের ব্যাটসম্যানরা স্পিনের বিপরীতে দারুণ খেলে। তবুও আজমলকে নিয়ে আমি খুশি। সে আত্মবিশ্বাসী। নেটে কঠোর পরিশ্রম করছে। কিছু ব্যাপার নিয়ে আলোচনা করেছি। আশা করি, এক ওভারে তিন উইকেট নিতে পারলেই গত দুই ম্যাচের ঘাটতি সে পুষিয়ে নিতে পারবে।’