'আগুন নিয়ে খেলছে ভারত'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অশ্বিন খুশি এমন উইকেটে, কিন্তু এটাই কি ভারতের একমাত্র পথ? ছবি: রয়টার্স
অশ্বিন খুশি এমন উইকেটে, কিন্তু এটাই কি ভারতের একমাত্র পথ? ছবি: রয়টার্স

ঘূর্ণি বিষে মাখা স্পিনিং উইকেটই কি একমাত্র পথ? এমন প্রশ্ন তুলেছে ভারতের টাইমস অব ইন্ডিয়া। পথটা পুরোনোই। যুগে যুগে উপমহাদেশের বাইরের দলগুলোকে ডেকে এনে স্পিনের ফাঁদে ফেলা ভারতের অনেক পুরোনো রণকৌশল। কিন্তু মোহালি টেস্টের প্রথম দিনের পর টাইমস অব ইন্ডিয়ার অনলাইন সংস্করণে শিরোনাম করা হয়েছে—স্পিনের স্বর্গরাজ্যই কি একমাত্র পথ? অন্যের জন্য তৈরি করা ফাঁদে ভারতই আটকা পড়ছে না তো?
পত্রিকাটি লিখেছে, ‘শুরুতেই স্পিন ধরবে আর দ্রুত ভেঙে পড়বে এমন উইকেটের দিকে বেশি ঝুঁকে ভারত আগুন নিয়ে খেলছে। তাদের ব্যাটসম্যানরাই কি এ ধরনের ঝুঁকিপূর্ণ কৌশল সামলাতে পুরো প্রস্তুত?
মোহালি টেস্টের দ্বিতীয় দিনের চা বিরতি পর্যন্ত মাত্র ৫ সেশনেই পড়ে গেছে ২১টি উইকেট। ১৭টিই স্পিনারদের। শেষ সেশনে উইকেটের আচরণ বদলে যাওয়ায় ভারতের স্কোর সহনীয় দেখাচ্ছে বটে। কিন্তু এই টেস্টের উইকেট জন্যই নয়, গত কিছুদিন ধরেই প্রশ্নটা উঠছে, ভারতের স্পিন নির্ভর কৌশলের দিন ফুরাল কি না।
কাল ম্যাচের প্রথম দিনেই বল নিচু হয়ে আসছিল, বাউন্সও ছিল অসমান। আজ দ্বিতীয় দিনে তো এরই মধ্যে ফাটল দেখা দিয়েছে পিচে। সঙ্গে ধুলোর ওড়াউড়ি তো আছেই। ভারতের ৪ উইকেট নিয়ে কাল দিনের সেরা বোলার ডিন এলগারই পিচ নিয়ে প্রশ্ন তুলেছেন। স্বাগতিকদের জন্য এই পিচকে এক এলগার বলেছেন ‘জুয়া’, ‘এটি ভালো ক্রিকেট উইকেট বলে তো মনে হচ্ছে না। এই উইকেটে ফল আসবে বটে, তবে সেটি যেকোনো দিকেই যেতে পারে। অবশ্য ভারতে খেলতে এলে এমন পিচেই খেলতে হবে। ওরা সব সময়ই এমন পিচ তৈরি করে।’

নিকট অতীতেই নিজেদের অস্ত্রে ভারতই বেশ কবার নাকাল হয়েছে। এমনকি দেশের বাইরেও। গত আগস্টে শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথ গলে যেমন ৪৮ রানে ৭ উইকেটে নিয়েছেন, তেমনি ২০১৩ সালে দিল্লিতে নাথান লায়নও ৯৪ রানে ভারতের ৭ উইকেট ফেলে দিয়েছিলেন। এই অফ স্পিনার ৭ উইকেট নিয়েছিলেন ২০১৪ সালে অ্যাডিলেডেও। ইংল্যান্ডের হয়ে গত বছর সাউদাম্পটনে মঈন আলীর ৬৭ রানে ৬ উইকেট আছে, তেমনি ২০১২ সালে মুম্বাইয়ে মন্টি পানেসার ৬ উইকেট নিয়েছিলেন ৮১ রানে।
দিল্লিতে লায়নের পারফরম্যান্সটাই এসেছিল ভারতের প্রথম ইনিংসে, বাকিগুলো ভারতের দ্বিতীয় ইনিংসে। এর মধ্যে শুধু দিল্লি টেস্টটাই ভারত জিতেছে, বাকিগুলোতে মেনে নিতে হয়েছে পারজয়। ভারতের স্পিন নির্ভরতার বিপক্ষে যাদের অবস্থান, তাঁরা দুটো দিকে নজর ফেরাচ্ছেন। বাইরের দলগুলো এখন আগের তুলনায় স্পিন অনেক ভালো খেলতে শিখে গেছে। আইপিএলের মতো টুর্নামেন্টে বড় দলগুলোর প্রধান ভরসা সবাই খেলেন। ভারত তাঁদের কাছে অচেনা নয়। অন্য দিকে স্পিনের বিপক্ষে দুর্দান্ত এমন ব্যাটসম্যান বরং ভারতেই কমেছে। টেন্ডুলকার-দ্রাবিড়-লক্ষ্মণরা যে নেই।
দ্বিতীয় ইনিংসের শুরুটা যেমন হয়েছে, এটা টেনে নিয়ে যেতে পারলে এই টেস্টে ভারতের জন্য হয়তো ভালো কিছুই অপেক্ষা করছে। টেস্টটা ভারত জিতে গেলে পিচ নিয়ে এই প্রশ্নগুলো অনেকটাই অর্থহীন মনে হবে। তা ছাড়া ঘরের মাঠের সুবিধা কে না নেয়। কিন্তু টেস্ট র‍্যাঙ্কিংয়ের সিঁড়ি বেয়ে উঠতে এটাই কি ভারতের একমাত্র পথ? কোথায় গেল প্রথাগত উপমহাদেশীয় সেই উইকেট, যেখানে স্পিনাররা ভয়ংকর হয়ে উঠবেন ঠিকই, তবে সেটা টেস্টের প্রথম দিন থেকে নয়। এমন উইকেট নয়, যেখানে তিন দিনেই শেষ হয়ে যাবে ম্যাচ; এলগারের মতো কালেভদ্রে বল করা ওপেনিং ব্যাটসম্যানই হয়ে যাবেন মুরালি-ওয়ার্ন!