'আগে দক্ষিণ আফ্রিকা হই, তারপর চোকার'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

♦ বাংলাদেশ যে চারটি ফাইনালে উঠেছে, প্রতিটিতেই হেরেছে।
♦ আজ শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালে হারার পর প্রশ্ন উঠেছে, বাংলাদেশ কি দক্ষিণ আফ্রিকার মতো ‘চোকার’!

সংবাদ সম্মেলনে মাশরাফি বিন মুর্তজা। প্রথম আলো: ফাইল ছবি
সংবাদ সম্মেলনে মাশরাফি বিন মুর্তজা। প্রথম আলো: ফাইল ছবি

দুইয়ের অধিক দলের অংশগ্রহণে বাংলাদেশ যে কটি সিরিজ-টুর্নামেন্টে খেলেছে, সেগুলোর মাত্র চারটিতে ফাইনালে উঠেছে, প্রতিটিতেই হার। আজ শ্রীলঙ্কার কাছে হেরে ফাইনাল জয়ের অপেক্ষাটা আরও বাড়ল মাশরাফিদের।
শুধু ফাইনাল কেন, আইসিসির যে কটি টুর্নামেন্টের নকআউট পর্বে উঠেছে, প্রতিটিতেই বাংলাদেশের হার। ভারতের বিপক্ষে ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে হেরেছিল, একই দলের বিপক্ষে ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালেও হার। অর্থাৎ যখনই স্নায়ুর বড় পরীক্ষা, তখনই বাংলাদেশ ব্যর্থ! তার মানে বাংলাদেশ চাপ নিতে পারে না? বাংলাদেশ ‘চোক’ করে? বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার মতো ‘চোকার’?
শিরোপা জিততে ভাগ্যের ছোঁয়া লাগে—সেটা মানেন মাশরাফি বিন মুর্তজা। তবে বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মনে করেন না তাঁরা চোকার, ‘আমি ভাগ্যে কিছুটা বিশ্বাস করি। তবে ওটা বলব না। দক্ষিণ আফ্রিকার মতো দল হওয়ার পর হয়তো বলা যাবে আমরা চোক করছি কি না। দক্ষিণ আফ্রিকার সঙ্গে বাংলাদেশকে মেলানো যুক্তিসংগত হবে না। আমাদের ওদের পর্যায়ে আগে যেতে হবে। ওরা সব সময় র‌্যাঙ্কিংয়ে এক-দুই-তিনে থাকে। তাদের পর্যায়ে যেতে পারলে তখন না হয় বলা যাবে।’