'আগেই সরে যাওয়া উচিত ছিল ধোনির'

ওষুধ প্রায় বাঁচায়। মেয়াদোত্তীর্ণ ওষুধই আবার প্রাণঘাতী হয়ে উঠতে পারে। ভারতীয় ক্রিকেটকে বাঁচিয়ে তুলেছিলেন ঠিকই। কিন্তু অধিনায়ক হিসেবে সময়টা বড্ড বেশি নিয়ে ফেলছেন মহেন্দ্র সিং ধোনি। এমনটাই অভিমত ইয়ান চ্যাপেলের। সাবেক অস্ট্রেলীয় অধিনায়ক নিজের অভিজ্ঞতা থেকে বলছেন, অধিনায়ক হিসেবে সিংহাসনে বাড়তি সময় অবস্থান করে ধোনি ভারতীয় দলে নেতিবাচক প্রভাব ফেলছেন।
ইএসপিএন ক্রিকইনফোতে লেখা এক কলামে ইয়ান চ্যাপেল লিখেছেন, ‘একজন সফল অধিনায়ককে অবশ্যই তার দলের সময়কালের দিকে খেয়াল রাখা উচিত। অধিনায়কত্বের সময়টা মাত্রাতিরিক্ত দীর্ঘ হলে হয় দলে তার প্রভাব কমে যায়, অথবা দলের ওপর নেতিবাচক প্রভাব তৈরি করে। ধোনির ক্ষেত্রেও হয়েছে এমনটাই। এই দলটার নতুন নতুন ধারণা আর ভিন্ন উদ্দীপনা ভীষণ প্রয়োজন হয়ে দেখা দিয়েছে। প্রতিপক্ষ যখন চার ওয়ানডে ইনিংস মিলিয়ে তেরো শর বেশি রান তুলে ফেলে, এর দায় শুধু মরা উইকেটকে কিংবা লাগামহীন বোলিংয়ের ওপর দিলে চলবে না।’
অস্ট্রেলিয়া-ভারত ওয়ানডে সিরিজে ধোনির অধিনায়কত্বের বিশ্লেষণ করতে গিয়ে বেশ সমালোচনামুখর অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ক, ‘পুরো সিরিজে ধোনির অধিনায়কত্বে ফিল্ডিং সাজানোতে বুদ্ধিমত্তার ছাপ একেবারেই চোখে পড়েনি। তাঁর অধিনায়কত্বে উদ্ভাবনী কিছুই আমার চোখে পড়েনি।’
এই সিরিজে প্রতিটি ম্যাচেই প্রতিপক্ষের রানের বন্যা বইয়ে দেওয়ার জন্য ধোনিকেই দায়ী করেছেন চ্যাপেল। অস্ট্রেলীয় কিংবদন্তির মতে, বোলারদের একবার ঠিকমতো উজ্জীবিত করতে পেরেছেন, বাকি সময়ে ব্যর্থ।’
ধোনির দারুণ বিকল্প ভারতীয় দলেই দেখেছেন ‘বড়’ চ্যাপেল। বিরাট কোহলির মধ্যে তিনি ধোনির বিকল্পের পাশাপাশি দেখছেন দারুণ নেতৃত্ব গুণ, ‘এই মুহূর্তে কোহলিই ভারতের নেতা। সে দারুণ আগ্রাসী। দলে সে নতুন ধারণা যোগ করেছে। ফর্মটাও দারুণ। সব মিলিয়ে কোহলির ওপর বাজি তো ধরাই যায়।’